আমার মতোই চিন্তায় ডুবে থাকে আজাদ: আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হরিয়ানার শাহবাদে পূর্বপুরুষদের সব সম্পত্তি নিজের নামে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের অভিনেতা আমির খান। আমিরের পরিবারের পূর্বপুরুষদের মধ্যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের মতো প্রখ্যাত মানুষও রয়েছেন। গত বছরের ডিসেম্বরে ছেলের বাবা হওয়ার পর আমির তাঁর ছেলের নাম রেখেছেন মওলানা আজাদের নামে। ছেলের ভেতরে নিজের চেহারা ও চরিত্রের অনেক মিল খুঁজে পান তিনি। শিগগির মাকে নিয়ে হজে যাচ্ছেন আমির। সব মিলিয়ে পুরোদস্তুর এক পারিবারিক মানুষই বলা যায় আমিরকে। সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়া’র সঙ্গে এক আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবনের একান্ত কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এ তারকা।সম্প্রতি হরিয়ানার শাহবাদে পূর্বপুরুষদের সব সম্পত্তি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনি। এমন সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে স্থানীয় লোকজন নানা প্রশ্ন তুলেছেন। এ প্রসঙ্গে আপনার বক্তব্য কী?নিতান্তই আবেগের জায়গা থেকে এ সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার বাবা তাহির হুসেইনসহ তাঁর দুই ভাই ও দুই বোন উত্তরাধিকারসূত্রে এ সম্পত্তি পেয়েছিলেন। কিছুদিন আগে আমি জানতে পারি, সব সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে। যেহেতু এটি আমার পূর্বপুরুষের সম্পত্তি, তাই আমি চাইনি তা আমার পরিবারের বাইরে চলে যাক। মূলত এ কারণেই সব সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত আমি জানি না, এ সম্পত্তির পরিমাণ কত। আমি বলেছি, যা দাম হয় তা আমি দিয়ে দেব।এর আগেও বলিউডের কয়েকজন তারকা কৃষকদের জমি কিনে সমালোচনার মুখে পড়েছিলেন। স্থানীয় লোকজন আপনার বিরুদ্ধেও এমন অভিযোগ তুলেছেন। আপনার প্রতিক্রিয়া কী?না, এর পেছনে কর ফাঁকি কিংবা অন্য কোনো ধরনের অর্থনৈতিক উদ্দেশ্য আমার নেই। একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এটা। এখনো আমি এ সম্পত্তি নিজ চোখে দেখিনি। তবে শিগগিরই শাহবাদে যাওয়ার পরিকল্পনা আছে। আমি সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ভবিষ্যতে কৃষি উন্নয়নের কাজ করতে চাই। সম্পত্তি ও কৃষিজমি দেখভালের জন্য কিছু লোক নিয়োগ দেওয়ারও পরিকল্পনা আছে আমার। আপনার ছেলে আজাদ সম্পর্কে কিছু বলুন। আজাদ খুবই হাসিখুশি স্বভাবের একটি ছেলে। আগের জীবনে কোনো পুণ্য করেছিলাম বলেই হয়তো ওর মতো ছেলে পেয়েছি কিরণ ও আমি। সে দেখতে কার মতো হয়েছে এবং ওর স্বভাবচরিত্র কার মতো—এটা নিয়ে প্রতিদিনই আমার আর কিরণের মধ্যে ঝগড়া বেধে যায়। কিরণের মতে, আজাদ ওর মতো হয়েছে। কিন্তু আমার মনে হয়, আজাদের চেহারা ও স্বভাবে আমার প্রভাবটাই বেশি। তবে সত্যিটা হলো, আমাদের দুজনেরই অনেক বৈশিষ্ট্য পেয়েছে আজাদ। যেমন, ওর মুখের ওপরের অংশ ও চোখ আমার মতো। আর মুখটা সে পেয়েছে ঠিক মায়ের মতো। মায়ের মতোই হাসি দিয়ে সবাইকে কুপোকাত করে ফেলতে পারে সে। আবার প্রায় সময়ই আমার মতো চিন্তায় ডুবে থাকে ছোট্ট আজাদ। মাকে নিয়ে হজে যাচ্ছেন কবে?সম্ভবত এ মাসের ১৯ তারিখে। যুক্তরাষ্ট্র থেকে ভারতে যাব, সেখান থেকে মাকে সঙ্গে নিয়ে হজে যাব। কয়েক বছর ধরেই হজে যেতে চাইছেন মা। আমিও অনেকবার চেষ্টা করেছি তাঁকে হজে নিয়ে যেতে, কিন্তু ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে এবার মাকে বললাম, ‘চলো, তোমাকে নিয়ে হজে যাই। এই সুযোগে আমারও হজ করাটা হয়ে যাবে।’আপনি মুসলমান, আর আপনার স্ত্রী কিরণ রাও হিন্দু। আপনাদের ছেলে আজাদ রাও খান কোন ধর্মের অনুসারী হবে?আসলে, কে কোন ধর্মের অনুসারী হতে চায়, সেটা নিতান্তই তার ব্যক্তিগত বিষয়। কোন ধর্মের অনুসারী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকবে আজাদের। কিরণ কিংবা আমি তাঁকে সেই সিদ্ধান্ত নিতে কোনোভাবেই প্রভাবিত করতে চাই না। মন থেকে সে যে ধর্ম বেছে নিতে চাইবে, সেটাই মেনে নেব আমরা।