চলচ্চিত্রকার আলমগীর কবির ও অভিনেত্রী টিনা খান ১৯৮৯ সালের ২০ জানুয়ারি নগরবাড়ী ঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় যমুনা নদীতে ডুবে মারা যান। টিনা খানকে নিয়ে লিখেছেন তাঁর মেয়ে দেখতে দেখতে ২৪ বছর পেরিয়ে গেল। আমি আমার মা প্রয়াত অভিনেত্রী টিনাকে হারিয়েছিলাম ১৯৮৯ সালের ২০ জানুয়ারি। প্রয়াত চলচ্চিত্রকার আলমগীর কবিরসহ আমার মা নগরবাড়ী ঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় যমুনা নদীতে ডুবে মৃত্যুবরণ করেন। আমার মা টিনা খানকে সবাই ‘প্রিন্সেস টিনা খান’ নামে চিনতেন। মায়ের আসল নাম ফিরোজা রহমান টিনা। তিনি প্রয়াত সাংবাদিক ও চলচ্চিত্রকার আক্তারুজ্জামানকে দিয়ে যাত্রাশিল্পীদের জীবনী নিয়ে প্রিন্সেস টিনা খান নামে একটি চলচ্চিত্র তৈরি করিয়েছিলেন। সিনেমার প্রয়োজনে তাঁর নামের শেষে ‘খান’ যুক্ত করা হয়েছিল। আসলে তিনি শুধুই টিনা। প্রিন্সেস টিনা খান ছবিটি ছিল ব্যতিক্রমী সিনেমা। এটি বিভিন্ন ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিল। ১৯৬৬ সালের ২৫ মে চুয়াডাঙ্গার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার মা জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে নাচ আর অভিনয় ছিল তাঁর ভালোবাসা। আমার নানা কখনোই তাঁর মেয়েকে নাচ বা অভিনয় করতে নিষেধ করেননি। ক্লাস নাইনে পড়ার সময় আমার বাবা খন্দকার মোয়াজ্জেম হোসেনের সঙ্গে মায়ের বিয়ে হয়। ঢাকাতে স্থায়ীভাবে চলে আসার পর তিনি আবদুল্লাহ আল-মামুনের নাটকের দলে যোগ দেন। এরপর একদিন প্রয়াত চলচ্চিত্র পরিচালক এহতেশাম তাঁকে প্রথম সুযোগ দেন বিমানবালা সিনেমায় অভিনয় করার। প্রায় ২৫টি বাণিজ্যিক সিনেমায় আমার মা অভিনয় করেছিলেন। তিনি সব সময় চাইতেন শিল্পী হতে। ‘নায়িকা’ কথাটাতে তাঁর আপত্তি ছিল। তিনি বাণিজ্যিক চলচ্চিত্রের অভিনেত্রী হলেও ভালো ছবি, ভালো চরিত্রের প্রতি গভীর ক্ষুধা ছিল তাঁর; যা কিনা তাঁর মৃত্যুর আগে বিশেষভাবে প্রকাশ পায়। তিনি ঘোষণা দিয়েছিলেন, ভালো ছবি হলে তিনি বিনা পারিশ্রমিকে অভিনয় করবেন।মফস্বলের মেয়ে আমার মা ঢাকায় এসে অভিনয় করার পাশাপাশি গ্র্যাজুয়েশনও শেষ করেছিলেন এবং ব্রিটিশ কাউন্সিল থেকে স্পোকেন ইংলিশের কোর্স করেছিলেন। বই পড়া ও ছবি দেখার তাঁর সুগভীর ক্ষুধা ছিল। বইয়ের বিশাল সংগ্রহ ছিল তাঁর। মৃত্যুর আগমুহূর্তেও তাঁর হাতে ছিল দিবেন্দু পালিতের ঢেউ বইটি। তাঁর সঙ্গে পরিচয় ছিল মৃণাল সেন, জ্যোতি বসুর মতো বড়মাপের মানুষদের। বাংলাদেশেও তিনি এমন একটি দলের সঙ্গে জড়িত হয়েছিলেন, যা কিনা বিস্ময়কর! কেননা সেখানে ছিলেন আলমগীর কবির, মোরশেদুল ইসলাম, তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, সৈয়দ সালাউদ্দীন জাকী, আক্তারুজ্জামানসহ অনেকেই। তিনি আলমগীর কবির স্যারের ক্লাস করতেন ভালো সিনেমা ও নির্মাতাদের সম্পর্কে জানার জন্য। তাঁর জানার আগ্রহ ছিল অসীম। পরিচালক আবু সাইয়ীদের আবর্তন নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধন করতেই আলমগীর কবিরের সঙ্গে তিনি বগুড়ায় গিয়েছিলেন। সেখানে আরও ছিলেন মোরশেদুল ইসলাম ও মুনিরা মোরশেদ মুন্নী। ওই উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ফেরার পথে এক ঘাতক ট্রাকের আঘাতে গাড়িটি যমুনা নদীর পানিতে পড়ে যায়। এতে মৃত্যু হয় আমার মা ও আলমগীর কবির স্যারের। অলৌকিকভাবে বেঁচে যান মোরশেদুল ইসলাম ও তাঁর স্ত্রী। মাঝেমধ্যে এটা ভাবলে অবাক লাগে, কতখানি ব্যক্তিত্বময়ী ও ভালো কিছু শেখার আগ্রহ থাকলে আলমগীর কবির স্যারের স্নেহের পাত্রী হওয়া যায়! কারণ, আমি শুনেছি, আলমগীর কবির স্যার খুব অভিজাত মনের মানুষ ছিলেন এবং তাঁর কাছে সহজে কেউ ঘেঁষতে পারতেন না। আমার মা অনেক ভাগ্যবতী ছিলেন যে আলমগীর কবির স্যারের সান্নিধ্য পেয়েছিলেন এবং মাকে নিয়ে মণিকাঞ্চন নামে একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও তিনি নির্মাণ করেছিলেন।আজ মা নেই। তাঁর শেষ স্মৃতি হিসেবে বেঁচে আছি আমি। আমি আজ অভিনয় শিখছি এবং মায়ের পদাঙ্ক অনুসরণ করে অভিনয় করছি। জানি না, কত দূর তাঁর নাম রাখতে পারব। যখন কেউ বলে, ‘তুমি টিনার মেয়ে!’ এবং মা সম্পর্কে ভালো কথা বলে, আমি চোখের জল ধরে রাখতে পারি না।মা, তোমার লেখা ডায়েরি আমার পথপ্রদর্শক। তোমার ইচ্ছা ছিল, চোখ দান করে যাবে। কিন্তু ১২ ঘণ্টার বেশি দেরি হওয়ায় সেটা সম্ভব হয়নি। কিন্তু তোমার মেয়ে হিসেবে আমি আমার চোখ ইতিমধ্যে লায়ন্স ক্লাবে দান করে দিয়েছি। যদি আমার স্বাভাবিক মৃত্যু হয়, তাহলে কেউ যেন আমার চোখের কর্নিয়া দিয়ে পৃথিবী দেখতে পারে। তাহলে আমি মনে করব, তোমার স্বপ্ন সার্থক হয়েছে। রিমু: প্রয়াত অভিনেত্রী টিনা খানের মেয়ে