আশির দশকের দ্বিতীয়ার্ধে সন্জীদা খাতুনের গ্রন্থনা ও উপস্থাপনায় রবীন্দ্রনাথ ও সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘গীতাঞ্জলি’তে শিল্পী মৃদুল কান্তি চক্রবর্তী গেয়েছিলেন ‘দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা’—মৃদুল কান্তি চক্রবর্তীকে, মৃদুল স্যারকে সেই আমার প্রথম দেখা। সেই বয়সে বাউল গানটির কথার ভাব বোঝার সামর্থ্য আমার হয়নি। কিন্তু অনুষ্ঠানটির অন্য সব ছাপিয়ে আমার মনে গাঁথা রয়ে গেল খোলা গলায়, ছন্দময় সপ্রাণ উপস্থাপনা।শান্তিনিকেতনে ছাত্রাবস্থায় খুব সম্ভবত ১৯৯৩ সালে বাচ্চুদির (নীলিমা সেন) বাড়িতে দেখা হয়েছিল একবার। বিশ্বভারতীতে (শান্তিনিকেতন) পড়াশোনার পাট চুকিয়ে ঢাকায় এলাম ১৯৯৯ সালে। তাঁর তত্ত্বাবধানে ‘রবীন্দ্রনাথের সংগীত নন্দনতত্ত্ব’ নিয়ে গবেষণা করার আগ্রহ প্রকাশ করলাম। আমার আগ্রহের বিষয় ছিল রবীন্দ্রনাথের সংগীত-নন্দনতত্ত্ব এবং পাশ্চাত্য সংগীততাত্ত্বিক এডওয়ার্ড হ্যান্সলিকের configuration of music (সংগীতে বিমূর্তরূপবাদ) বিষয়ে তুলনা, দেখতে চেয়েছিলাম রবীন্দ্রনাথের সংগীতচিন্তায় ও রবীন্দ্রসংগীতে এই বিমূর্তরূপবাদ বিরাজমান। স্যার প্রথমেই আপত্তি করেছিলেন এর রসগ্রাহিতার পরিধি নিয়ে। দ্বিতীয় আপত্তি ছিল রবীন্দ্রনাথ কবি, তাঁর গানে বিমূর্তরূপের সন্ধান করা বাড়াবাড়ি এবং প্রমাণলব্ধ উপসংহারে আসা কঠিন।আমার আগ্রহের আতিশয্যে স্যার রাজি হলেন। নির্দ্বিধায় ব্যবহার করতে দিয়েছেন তাঁর ব্যক্তিগত গ্রন্থসংগ্রহ। এমফিল গবেষণা শেষ করার পর বিভিন্ন সময় স্যারের কাছে গিয়েছি রবীন্দ্রসংগীত প্রসঙ্গের সংগীত প্রসঙ্গে বিবিধ বিষয়ে আলোচনা করতে, পরামর্শ নিতে। দেখেছি, অনুভব করেছি আমাদের তুলনায় তাঁর আত্মোপলব্ধি সংগীত চেতনা কতটা উন্নত। ২০০৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সংগীত বিভাগে যোগ দিই শিক্ষক হিসেবে। অতিথি শিক্ষক হিসেবে স্যারও আসতেন সপ্তাহে দুই দিন। আমাকে স্নাতকোত্তর শ্রেণীতে সংগীতে ‘তাল ও ছন্দতত্ত্ব’ বিষয়ে ক্লাস নিতে দেওয়া হলো। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম ক্লাস নেওয়ার জন্যই হোক আর স্নাতকোত্তর শ্রেণীর কারণেই হোক, ৫০ মিনিটের ক্লাসে আধঘণ্টা পরেই আমার বক্তব্য ফুরিয়ে গেল। সময়ের আগেই ক্লাস থেকে বেরিয়ে আসতে হলো আমাকে। স্যারকে আমার বিব্রতকর পরিস্থিতির কথা জানালাম। জিজ্ঞেস করলাম, একটা ছোট্ট বিষয় নিয়ে তিনি কীভাবে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন? স্যার আমার দিকে তাকিয়ে স্নেহের হাসি হেসে বললেন, ‘কাল থেকে তোমারও আর ক্লাসের আগে বেরিয়ে আসতে হবে না।’স্যারকে কখনো রাগ করতে দেখিনি। কখনো দেখিনি উচ্চ স্বরে কথা বলতে। বেশ কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে শিক্ষকতা করছি খণ্ডকালীন শিক্ষক হিসেবে। সেই সূত্রে প্রায়ই দেখা হতো তাঁর সঙ্গে। সংগীত বিভাগ এখন কলাভবনের ছয়তলায় নতুন স্থাপনায়। ওখানে তাঁর জন্য একটি কক্ষ সাজানো থাকলেও তিনি রয়ে গেলেন তাঁর তিনতলার পুরোনো কক্ষে। ঝোলাব্যাগ কাঁধে নিয়ে কলাভবনের তিনতলার বারান্দা দিয়ে ধীর, ঋজু পদক্ষেপে হেঁটে তাঁর রুমে যেতেন স্যার। সালাম দিলে, শুভেচ্ছা, অভিবাদন জানালে শিশুসুলভ সরল হাসি হেসে নিঃশব্দে সম্মতিসূচক ঘাড় নাড়তেন। আমাদের শিক্ষক অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তীকে আর কলাভবনের করিডরে হাঁটতে দেখা যাবে না, দেখা যাবে না ক্লাসে, সেমিনারে। স্যারের হাতে গড়া ছোট সেই ‘নাট্যকলা ও সংগীত’ বিভাগ, আজ নাট্যকলা বিভাগ ও সংগীত বিভাগ নামে দুটো আলাদা বিভাগ। শতাধিক ছাত্রছাত্রীতে মুখরিত আজ সংগীত বিভাগ। স্যার, এভাবে কি চলে যেতে হয়? আমরা তো আপনাকে হারালাম, নতুন এই ছেলেমেয়েরা যারা সংগীতকে পাথেয় করে জীবন চলতে চাইছে, তারা তো আপনার সান্নিধ্য থেকে বঞ্চিত হলো। দেশ হারাল এমন একজন সংগীত শিক্ষাবিদকে। লেখক: রবীন্দ্রসংগীতশিল্পী ও খণ্ডকালীন শিক্ষক, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।