আমার শিক্ষক ইউটিউব
>

জীবনে ব্যর্থ হয়েছেন অনেকবার। কিন্তু দমে যাননি। জীবন ‘নষ্ট’ করার সুযোগ এসেছে বহুবার। সেদিকে পা বাড়াননি। একসময় ‘বাতিল’ তকমা লেগেছে গায়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন আরিফিন শুভ। ধীরে ধীরে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। বন্ধুর পথ পেরিয়ে আলোর দেখা পাচ্ছেন বোধ হয়। সেই গল্পই বলেছেন প্রথম আলোর কাছে।
একদল ছেলে সাইকেল চালিয়ে ঢাকার বনানী ১১ নম্বর রাস্তার শেষ মাথায় প্যাঁচানো সেতুতে উঠল। উঠতে না উঠতেই ফুস করে একজনের সাইকেলের চাকা পাংচার হয়ে গেল। কিন্তু সেদিকে কারও ভ্রুক্ষেপ নেই। কারণ চাকা পাংচারের শব্দের চেয়েও জোরে চিৎকার দিয়েছে একজন। ‘ওই দেখ, আরিফিন শুভ।’ চাকা পাংচার হওয়া সাইকেল আরোহীসহ সবার চোখ ততক্ষণে শুভকে দখল করেছে।
সেতুর পায়ে হাঁটা রাস্তায় দাঁড়িয়ে আছেন আরিফিন শুভ। তাঁর সামনে ক্যামেরা। আর ক্যামেরার পেছনে আলোকচিত্রী। শুভও নানান ভঙ্গিতে ক্যামেরার ক্ষুধা মেটাচ্ছেন। ছবি তোলা, ভক্তদের সঙ্গে সেলফি—সব শেষ করে তাঁর সঙ্গে বসা গেল বনানীর এক রেস্তোরাঁয়। ঘটনা ৫ আগস্ট বিকেলের।
আগামীকাল মুক্তি পাচ্ছে আরিফিন শুভর নতুন ছবি নিয়তি। তবে সেসব আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের প্রসঙ্গ শুভর জীবনের ‘নিয়তি’।
টাইম মেশিনে ২০০৩ সালে
ময়মনসিংহের ভালুকা উপজেলার অঙ্গারগাঁও গ্রামে বেড়ে উঠেছে এক কিশোর। খুব সাধারণ পরিবার। বাবা সরকারি চাকরিজীবী। মা গৃহিণী। দুই ভাই। পরিবারের দুটি বৈশিষ্ট্য বললেই স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। এক. এই পরিবারের ছেলেদের শেখানো হয়, তুমি ১ টাকা নয়, ১০০ পয়সা খরচ করছ। দুই. তোমার কোনো অভাব নেই; কিন্তু তোমার ‘লাক্সারি’ জীবন যাপন করার সুযোগও নেই।
এই পরিবারে বড় হওয়া ছোট ছেলেটি হুট করেই সিদ্ধান্ত নেয় অঙ্গারগাঁও থেকে ঢাকায় আসবে। ছেলেটির ভাষায়, পরিবারের অমতে ‘মোটামুটি পালিয়েই’ ঢাকা আসা। পকেটে ২৫৭ টাকা। সেও দুই বন্ধু ইমতিয়াজ ও আসিফের দেওয়া। অচেনা ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে থাকে ছেলেটি। পায়ও। বন্ধুর মেস, পাতানো বড় ভাইয়ের বাসা, বন্ধুর মামা-খালার বাসা। এসবই হয়ে যায় ছেলেটির অস্থায়ী ঠিকানা। তারপর মিশে যাওয়ার চেষ্টা করে এই শহরের আলো-বাতাসের সঙ্গে।
প্রিয় পাঠক, এই ছেলেটিকে আপনিও চেনেন। ছেলেটির নাম আরিফিন শুভ।
কাট টু কাট জীবন
‘আমার জীবনটা সিনেমার ‘‘কাট টু কাট’’-এর মতো। ঢাকায় এসে একেক দিন একেক জনের বাসায় থাকি। দেখা গেল সকালে মিরপুর, দুপুরে ধানমন্ডি আবার রাতে খিলগাঁও পরিচিত কারও বাসায় উঠেছি। এটা তো আসলে কাট টু কাটই।’ বলেন শুভ।
‘আবার অনেক রাত আমি চারুকলা ইনস্টিটিউটের উল্টোদিকে মোল্লার হোটেলে থেকেছি। মিরপুরে কাজিপাড়ায় এক বড় ভাইয়ের বাসা ছিল। সেখান থেকে হেঁটে শাহবাগ এসেছি। পকেটে টাকা ছিল না বলে কত দিন না খেয়ে থেকেছি, তার হিসাব নেই।’ শুভর চোখে স্মৃতির ভেলা। আমরা তাঁর চোখের দিকে তাকাই। সেখানে চিকচিক করে কিছু একটা। শুভ রেস্তোরাঁর ওয়েটারের দেওয়া টিস্যু পেপার হাতে নেন।
‘ওই সময় একটা অদ্ভুত জীবন পার করেছি। সারা দিন চারুকলায় বন্ধুদের সঙ্গে বসে গান গাই। আবার ওদের কাছ থেকেই খাওয়া-দাওয়ার পাট চুকাই। এর মধ্যে এক বড় ভাইয়ের পরামর্শে কিছু ছবি তুলে বেশ কয়েকটি বিজ্ঞাপনী সংস্থায় দিয়েছিলাম।’
অনেক দিন পরে ডাক পেয়ে বিটিভির একটি অনুষ্ঠানে র্যাম্পে প্রথম হাঁটেন শুভ। সেই শুরু। তারপর বেশ কিছু শো করেছেন। তবে র্যাম্পে হাঁটার চেয়ে মহড়াতেই আগ্রহ ছিল বেশি তাঁর। কারণটাও বললেন। ‘যে কয়েক দিন মহড়া হয়েছে প্রতিদিনই ভালো খাওয়ার ব্যবস্থা ছিল। শুধু খাওয়ার লোভেই আমার কখনো মহড়ায় যেতে দেরি হতো না। গিয়ে আগে পেট ভরে খেয়ে নিতাম। মজার ব্যাপার হলো, সম্ভবত ওই সময় সবচেয়ে বেশি রিজেক্টেট (বাতিল) মডেল ছিলাম আমি। প্রথম প্রথম খারাপ লাগত। তারপর সয়ে গেছে।’
পথ অনেক কিন্তু...
র্যাম্প মডেল হওয়ার সুবাদে একটা অন্য রকম জীবন দেখেছেন শুভ। দেখেছেন উচ্ছন্নে যাওয়ার অনেক পথ খোলা সামনে। চাইলেই নিজেকে ধ্বংস করে দেওয়া যায়। চাইলেই নাম লেখানো যায় বিপথগামীদের দলে। সে রকম ডাক এবং সুযোগ দুটোই ছিল। একটিও গ্রহণ করেননি তিনি। টানা ছয় বছর ছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন। যোগাযোগবিহীন। একজন তরুণের মাথা বিগড়ে যাওয়ার জন্য অনেক সময়। ‘আমার বরাবরই ইচ্ছে ছিল আমি নিজে কিছু করব। আমাকে সবাই চিনবে। এ কারণেই মিডিয়ার মতো একটা কঠিন পথ বেছে নিয়েছিলাম। আমার চৌদ্দপুরুষের মধ্যে এই জগতে কেউ নেই। নেই কোনো তথাকথিত ‘‘গডফাদার’’ও। জানেন, আমার বড় শিক্ষক কিন্তু ইউটিউব।’
শিক্ষকের নাম শুনে আমরা নড়েচড়ে বসি। তো, শিক্ষকের মর্যাদা কতটুকু দিলেন? জানতে চাই।
হাসেন শুভ। যোগ করেন, ‘ওই শিক্ষকের কাছ থেকেই কথা বলা, অভিনয়, নাচ, ফাইটিং শিখেছি। এরপর র্যাম্প থেকে পা দিয়েছি রেডিও স্টেশনে। ‘‘শুভর শো’’ নামে পরিচিত করেছি একটি শো। তারপর প্রথম নাটক করেছি মোস্তফা সরয়ার ফারুকীর। এরপর প্রথম চলচ্চিত্র ছায়াছবিতে নাম লেখাই। কিন্তু ছবিটি এখনো মুক্তি পায়নি। তারপর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি, জাগো, কিস্তিমাতসহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। দর্শক তো সব দেখেছেনই।’
অবশ্য রেডিওতে কাজ করার সময়ই টাকা-পয়সার টানাটানি একটু কমে। ধীর ধীরে স্বাবলম্বী হন তিনি।
‘এলাম, দেখলাম, জয় করলাম’-এর বাইরেও একটা জগৎ আছে। যে জগতের নানা দিক দেখে এসেছেন শুভ। তাঁকে এগিয়ে দিয়েছেন অনেকেই। ‘কতজনের নাম বলব—জন মামা, নারিতা মামি, স্টিভ মামাসহ অসংখ্য বন্ধু আছেন। আসলে এক বসায় সবার নাম মনে করা কঠিন।’
যুদ্ধ কিন্তু থামেনি
বনানীর রেস্তোরাঁয় ততক্ষণে সন্ধ্যাবাতি জ্বলে ওঠে। শুভর গল্প শেষ হয় না। বলি, এখন তো বেশ আছেন। আলো ঝলমলে রঙিন জীবন।
‘আরে না, এখন আরও বেশি কষ্ট। আমাকে ঘিরে সবার প্রত্যাশা অনেক। দায়বদ্ধতা বেশি। তাই টিকে থাকার যুদ্ধ করতে হয় নিয়মিত। আমি আমার পরিবারকে ভালোবাসি। মা-স্ত্রীসহ সবার প্রতি দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমাকে পালন করতে হয়, হবে।’
এই সময়ে কোনো তরুণ যদি শুভর মতো হতে চায়, তাহলে আপনার পরামর্শ কী?
আমি বলব, ‘তুমি শুভ না, তুমি তুমিই হও। একটা গোল ঠিক করে সামনে আগাও। সফল তুমি হবেই। আর হাঁটতে গিয়ে দেখবে জীবন কত সুন্দর। সেটা উপভোগ করো।’
তরুণদের জন্য শুভর পরামর্শ
*কষ্ট ছাড়া জীবন হবে না। পতনের সময় উঠে দাঁড়ানোটা জীবন। এটা মাথায় রাখতে হবে সবাইকে।
*প্রত্যেক কিশোর-তরুণের মধ্যে জীবনবোধটা তৈরি করে দিতে হবে। এই কাজটা করার দায়িত্ব মা-বাবার।
*স্বপ্ন দেখে অনেকেই স্বপ্নের পেছনে ছুটতে চায় না। স্বপ্ন দেখা ও স্বপ্নের পেছনে ছোটা শিখতে হবে। তাহলে সবই তোমার হাতের মুঠোয় চলে আসবে।
*নেশা থাকা ভালো। তবে সেই নেশা হোক শরীরচর্চার, বই পড়া, সিনেমা দেখার মতো নেশা। এই নেশাগুলো জীবন বদলে দেবে তোমার।
*সফলতার পেছনে না ছুটে যোগ্যতার পেছনে ছোটো। তুমি যোগ্য হয়ে উঠলে সফলতা তোমার হাতের মুঠোয় আসতে বাধ্য।
*বোকা নয়, বিনয়ী হও। কারণ তোমার বিনয় তোমাকে এগিয়ে নিয়ে যাবে।
*জীবনটাকে ভালোবাসো এবং সেটা উপভোগ করো।