মহড়াকক্ষের বাইরে থেকেই শুনতে পাচ্ছি গান। খালি গলায় গান ধরেছেন একজন, ‘আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।/ আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়...’। যিনি গান করছিলেন, তিনি শিমূল ইউসুফ। শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষটির দরজা খুললে ক্যাচক্যাচ শব্দ হয়। মহড়ায় মগ্ন শিমূল ইউসুফ তাই কিছুটা বিরক্ত, ‘অ্যাই, বন্ধ করো আওয়াজ। কাজ করতে দাও!’আমরা ততক্ষণে ঢুকে গেছি নষ্টনীড় নাটকের মহড়ায়। নাটকের নির্দেশক পীযূষ বন্দ্যোপাধ্যায়। এক পাশে বসে ছিলেন নাসির উদ্দীন ইউসুফ। মাঝে সংলাপ চলছে, হঠাৎ তিনি বলে উঠলেন, ‘...এটা বলা শেষেই তুমি মঞ্চ থেকে বেরিয়ে যাবে। আমি তুড়ি দিলাম। তাও বের হলে না তুমি!’ বুঝতে বাকি রইল না মহড়ার অংশ না হলেও তিনি ডুবে আছেন মহড়ায়; মাঝেমধ্যে পরামর্শ করছেন নির্দেশক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।হারমোনিয়াম, তানপুরা, তবলাসহ নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন কয়েকজন। অনেকটা নাটকের সেটের মতো করে বানিয়ে একটি নির্দিষ্ট স্থানে বসেছেন তাঁরা। আমরা এখন যে দৃশ্যটি দেখছি, সেখানে নাটকের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অমলের বিয়ের প্রস্তাব এসেছে। অমল ভূপতির পিসতুতো ভাই। অমলের বিয়ের প্রস্তাব শুনে ভূপতির স্ত্রী চারুলতা কেমন যেন চঞ্চল হয়ে ওঠে। মহড়াকক্ষে সবাই ব্যস্ত। তাই কথা বলি নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে। জানালেন, নাটকে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শিমূল ইউসুফ, খাইরুল ইসলাম, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সাজ্জাদ রাজীব ও শাবিন জ্ঞানীতা খোন্দকার। নষ্টনীড় ঢাকা থিয়েটারের ৩৫তম প্রযোজনা। এর নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। সংগীত, কোরিওগ্রাফি ও পোশাক পরিকল্পনা করেছেন শিমূল ইউসুফ। মঞ্চ পরিকল্পনায় কামালউদ্দিন কবির এবং আলোক পরিকল্পনায় রয়েছেন ওয়াসিম আহমেদ।২০০৪ সালে বিটার হয়ে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় মীনকন্যা নাটকের নির্দেশনা দিয়েছিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়; এরপর আর কোনো নতুন নাটকের নির্দেশনা দেননি। আর নিজের দল ঢাকা থিয়েটারের হয়ে এবারই প্রথম নির্দেশনা দিলেন। পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের দলের জন্য এটি একটি বিশেষ ঘটনা এ কারণেই যে, প্রথমবারের মতো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছি। তারই গল্পের মঞ্চরূপ উপস্থাপিত হবে। এটি মঞ্চে উপস্থাপনে বাংলার ঐতিহ্যবাহী বর্ণনাত্মক রীতির সঙ্গে সমকালের মঞ্চ-ভাবনাকে সংশ্লিষ্ট করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা নাটকটিকে বলছি “নষ্টনীড়” গল্পের মঞ্চ-ভ্রমণ। গল্পের মঞ্চ-ভ্রমণের ধারা তৈরি করেছিলেন সেলিম আল দীন। সেই ধারা অনুযায়ী এ নাটকটি নির্মিত হচ্ছে।’ গল্পটির নাট্যরূপ দানকারী রুবাইয়াৎ আহমেদ বলেন, ‘‘নষ্টনীড়” গল্পের সংলাপাত্মক অংশটুকু প্রায় অক্ষুণ্ন রেখে চরিত্র ও ঘটনার বিকাশে নিয়েছি বর্ণনার আশ্রয়।’ প্রসঙ্গত, সংস্কৃতি মন্ত্রণালয়ের রবীন্দ্রনাট্য নির্মাণে সহায়তা প্রকল্পের আওতায় জুনের মাঝামাঝি যে নাটকগুলোর অভিনয় হবে, সেগুলোরই একটি ঢাকা থিয়েটারের। ১৪টি দল এই অনুদান পেয়েছে। আজ বৃহস্পতিবার নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মঞ্চে সন্ধ্যা সাতটায় নষ্টনীড়-এর উদ্বোধনী প্রদর্শনী হবে।