আমার সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ সন্তানের সঙ্গে কবরী
পাঁচ সন্তানের সঙ্গে কবরী

তিনি মিষ্টি মেয়ে। খ্যাতনামা এ নায়িকার ভেতর লুকিয়ে আছে মমতাময়ী এক মায়ের অবয়ব। তাঁর সব কটি ছেলেই স্ব–স্ব ক্ষেত্রে রেখেছেন প্রতিভার স্বাক্ষর। চলচ্চিত্রের ব্যস্ততার মধ্যে নিজের সন্তানদের কীভাবে বড় করেছেন তিনি। নিজেই লিখেছেন সেই গল্প
আমি খুব ছোট বয়সে সিনেমায় নাম লেখাই। সিনেমায় কাজ করছি। ব্যস্ততা তখনো সেই অর্থে বাড়েনি। এরই মধ্যে প্রথম সন্তান অঞ্জন চৌধুরীর জন্ম। অঞ্জনের জন্মের কিছুদিন আগেই কাজ থেকে বিরতি। জন্মের পরও কিছুদিন শুটিং বন্ধ। তারপর আবার সেই ‘অ্যাকশন’ আর ‘কাট’ নিয়ে ব্যস্ত হয়ে পড়া। প্রথমবার মা হওয়ার ব্যাপারটি নিয়ে অতটা চিন্তাভাবনা ছিল না। মা হওয়ার আগে প্রস্তুতি নিয়ে সুপ্ত বাসনা ছিল। আমি পাঁচ সন্তানের জননী, পাঁচজনই ছেলে। তবে শুটিং কিংবা কাজের কারণে কখনোই তাঁদের যত্ন নেওয়ার বিষয়টি এড়িয়ে যাইনি।
আমার মা লাবণ্য প্রভা পাল ছিলেন ছেলেদের সার্বক্ষণিক সঙ্গী। তিনি সবাইকে এতটা আগলে রাখতেন, তা বলে বোঝানো সম্ভব না। বলা যায়, আমার মা ছিলেন আমার সন্তানদের পাহারাদার। বাবাও ছিলেন। কিন্তু আমার সন্তানদের বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা তাদের নানির। তখন তো যোগাযোগ এখনকার মতো ছিল না। তার পরও আমার ছেলেদের দেখাশোনার জন্য মায়ের সঙ্গে যারা থাকত, তাদের মাধ্যমে নিয়মিত খবর নিতাম। ঢাকার কোনো স্টুডিওতে কাজ থাকলে বিরতিতে বাসায় গিয়েও সন্তানদের দেখাশোনা করে আসতাম। যেকোনো উপায়েই সন্তানদের খোঁজখবর নিতাম। সবচেয়ে বেশি কষ্ট হতো যখন ঢাকার বাইরে শুটিং থাকত। একটানা এত দিন ঢাকার বাইরে সন্তানদের ছেড়ে থাকতে দম বন্ধ হওয়ার জোগাড় হতো। ঢাকায় ফেরার পর সন্তানদের সামনে দেখে শান্তিতে মন ভরে যেত।

আমার পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে অঞ্জন চৌধুরী এখন ওয়াশিংটনের একটি আইটি ফার্মে চাকরি করছে। এর পরের জন রেজওয়ান চৌধুরী নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছে। তৃতীয় ছেলে শাকের ওসমান অক্সফোর্ড ব্রুকস থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিষয়ে গ্র্যাজুয়েশন করেছে। চতুর্থ ছেলে চিশতী জয়নাল বোস্টন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট এবং কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে। আর ছোট ছেলে শান ওসমান কানাডার গ্রিনউড স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেছে।
নানা কারণে আমি পড়াশোনা খুব একটা করতে পারিনি। তবে আমার মধ্যে সব সময় চেষ্টা ছিল, যেভাবেই হোক ছেলেদের পড়াশোনার সুন্দর পরিবেশ নিশ্চিত করা। আমার ছেলেরা অবশ্য আমাকে এ ক্ষেত্রে নিরাশ করেনি। তারা সব সময় পড়াশোনায় দারুণ মনোযোগী ছিল। আমি শুটিং থেকে কিছুটা সুযোগ পেলে সন্তানদের স্কুলে খোঁজখবর নিতাম। বাসায় যেসব শিক্ষক ছেলেদের পড়াতেন, তাঁদের কাছ থেকে জানার চেষ্টা করতাম ছেলেদের পড়াশোনার অবস্থা। এ ছাড়া স্কুলে অভিভাবকদের মিটিংয়ে আমি সব সময় উপস্থিত থাকার চেষ্টা করতাম। স্কুলের শিক্ষকেরাও আমার ছেলেদের প্রতি অনেক বেশি যত্ন নিতেন।
আমার ছেলেরা এখন প্রায় বলে, ‘মা, তুমি স্বপ্ন দেখেছ, আমরা তা বাস্তবায়ন করেছি।’ কথাটা যখন শুনি তখন কী যে আনন্দ লাগে, তা বলে বোঝানো যাবে না। পৃথিবীতে একজন মায়ের জন্য সন্তানের প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারটি সব আনন্দকে ছাড়িয়ে যায়।
অনুলিখন: মনজুর কাদের