আমার সব চুল উঠে এল তাঁর হাতের মুঠোয়: নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপুণ
নিপুণ

শুটিং করতে গিয়ে কত শট যে এনজি হয়, তার ইয়ত্তা নেই৷ সেসব এনজি শটের কথা মনে পড়লে কখনো হাসি পায় আবার কখনো কষ্ট লাগে৷ এই মুহূর্তে একটা এনজি শটের কথা মনে পড়ে একই সঙ্গে আমার হাসি পাচ্ছে এবং বেদনাবোধ হচ্ছে৷
ঘটনাটা ঘটেছিল ব্যাংককে, গত ডিসেম্বরে৷ মায়ানগর চলচ্চিত্রের গানের শুটিং চলছে৷ একটা দৃশ্য ছিল এ রকম: আমি দৌড়ে আসব নায়কের কাছে আর নায়ক আমাকে তুলে নিয়ে ঘুরতে থাকবেন৷ তো পরিচালক যথারীতি ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’ বললেন, আর আমিও দে দৌড়...৷ দৌড়ে নায়কের কাছে গেলাম, নায়ক আমাকে তুলেও নিলেন, কিন্তু ঘুরতে গিয়েই ধপাস! আমাকেসহ পড়ে গেলেন বেচারা৷ আমি খুব একটা ব্যথা পাইনি৷ কিন্তু তিনি বেশ আহত হলেন৷ ফলে, অবধারিতভাবে শটটা এনজি হলো৷
মনে পড়ছে এই মায়ানগর সিনেমারই আরেকটা এনজি শটের কথা৷ কান্নাকাটির দৃশ্য সেটা৷ সঙ্গে আবার সংলাপ! বুঝতেই পারছেন, কী জটিল একটা শট৷ আমি প্রাণপণে চেষ্টা করলাম এক শটে দৃশ্যটি ওকে করার৷ কিন্তু বিধি বাম৷ অনেক কষ্ট করে বেশ লম্বা সময় ধরে কেঁদে কেঁদে সংলাপ আউড়ে দৃশ্যটা উপস্থাপন করার পর জানলাম, শটটা এনজি হয়েছে৷ কী কারণ? কারণ, একজন প্রোডাকশন বয় আমার পেছনে ঘোরাঘুরি করছিল, যেটা অন্য কেউ খেয়াল করেনি; কিন্তু ক্যামেরায় ঠিকই ধরা পড়েছে৷ অতএব কী আর করা! মনে মনে ‘অসহ্য’ বলে আবার ক্যামেরার সামনে দাঁড়ালাম৷
এবার শুনুন আরেকটা কষ্টদায়ক এনজি শটের গল্প৷ পাঁচ-পাঁচবার শট দেওয়ার পর ওকে হয়েছিল সেই শট৷ সিনেমার নাম আই ডোন্ট কেয়ার৷ দৃশ্যটা ছিল এমন: মিশা সওদাগর ধাক্কা দিয়ে আমাকে মেঝেতে ফেলে দেবেন৷ তারপর চুলের মুঠি ধরে আমাকে মেঝে থেকে টেনে তুলতে তুলতে সংলাপ আওড়াবেন৷ তো সবকিছু ঠিকঠাক, আমরা প্রস্তুত৷ পরিচালক ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গে মিশা সওদাগর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন৷ আমি পড়ে গিয়ে কাতরাচ্ছি৷ এবার তিনি আমার চুল ধরে টেনে তুলবেন; কিন্তু চুলে হাত দিয়েই তাঁর আক্কেলগুড়ুম! আমার সব চুল উঠে এল তাঁর হাতের মুঠোয়! ব্যাপার আর কিছুই না, আমি পরচুলা পরেছিলাম বলেই এই কাণ্ড৷ অবশ্য চরিত্রের প্রয়োজনেই এই ছবিতে পরচুলা ব্যবহার করতে হয়েছে আমাকে৷ এরপর দ্বিতীয়বার শট দিতে গিয়েও একই ঘটনা ঘটল৷ তারপর তৃতীয়বার ও চতুর্থবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি৷ শেষমেশ পঞ্চমবারে গিয়ে শটটা ওকে হলো আর আমরাও হাফ ছেড়ে বাঁচলাম৷
 অনুলিখন: মারুফ ইসলাম