আমার সাধ্যের সবটুকু করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ রেজা
অমিতাভ রেজা

প্রথম কথা হলো, আয়নাবাজি সিনেমাটি এমনভাবে বানানো হয়েছে বা গল্পটা আমি বলেছি, সেটা এই মুহূর্তে খুব জরুরি ছিল বলা। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এই শহরের মানুষের কথা বলা, মানুষের জীবনগাথা নিয়ে কোনো কথা বলা। এ কারণেই আমরা শাওনের (গাউসুল আলম শাওন) গল্পটা নিয়েছি। যতটুকু হয়েছে তাতে মনে হয়েছে, আমাদের যে মধ্যবিত্ত দর্শক তাঁরা আবার প্রেক্ষাগৃহে ফিরবেন।
আমাদের দেশের হলের যে পরিবেশ-পরিস্থিতি, সেটার সঙ্গে সংগ্রাম করে আমাদের দর্শকের কাছে কতটা পৌঁছাতে পারব, সেটাই ভাবনার বিষয়। তবে এতটুকু বলি, এ ধরনের ছবি যদি হতে থাকে তাহলে হলের পরিবেশ পরিবর্তন হতে বাধ্য।
আর বাংলাদেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আয়নাবাজি। গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহেই যাচ্ছে। এক সপ্তাহ পর দর্শকদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাবে সিনেমাটি কত দিন চলবে।
বাংলাদেশে ছবিটি মুক্তির পর ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’ শুরু হবে আয়নাবাজি দিয়ে। এ ছাড়া আরও কিছু উৎসবে যাওয়ার কথা চলছে। আগামী সপ্তাহেই এটি জানতে পারব।
আর একটি কথা বলি, এই ছবিটি সে রকমভাবে ‘সো কলড’ গ্ল্যামার বলতে যা বোঝায়, সেভাবে তৈরি করা হয়নি। অভিনয়ের গ্ল্যামার, আনন্দ, বিনোদন—সেটার ওপর ভিত্তি করেই ছবিটি বানানো হয়েছে। কারণ, এই ছবির মূল ভিত্তি হচ্ছে গল্পটা। সম্পূর্ণ ভিন্নধর্মী একটা গল্প। আর আয়নাবাজির অভিনয়শিল্পীরা নিজ নিজ চরিত্রে যথেষ্ট যত্নশীল ছিলেন এবং আমরাও চেষ্টা করেছি যাতে অভিনেতারা অভিনয়টা ঠিকঠাক করতে পারেন। এই ছবিতে রাশেদ জামানের সিনেমাটোগ্রাফি, ইকবাল কবির জুয়েলের সম্পাদনা এবং রিপন নাথের সাউন্ড রয়েছে। আমার মনে হয়েছে, এই তিনজন এ মুহূর্তে এ দেশের সেরা টেকনিক্যাল পারসন।

আর নতুন পরিচালক হিসেবে আমার বক্তব্য হলো, ছবিতে হয়তো আমার ভুলত্রুটি আছে। সীমাবদ্ধতাও আছে। সেটা দর্শক বিচার করবেন, আলাপ করবেন এবং আলোচনা-সমালোচনাও করবেন। এসব নিয়ে আমার কোনো অসুবিধা নেই; বরং সেগুলো আমি চাই।

শুধু এতটুকু বলি, একটা সিনেমার সঙ্গে অনেক কিছু জড়িত। সেসব সামলে আমি আমার সাধ্যের সবটুকু করেছি। তবুও যতটুকু ভুল আছে মনে হয়, সেটি আমার কিছু মেধার ত্রুটি, কিছু আমার অভিজ্ঞতার ত্রুটি। তবে ভবিষ্যতে সেগুলো উতরে যাব আশা করছি।