আমার স্বপ্ন পূরণ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ফিফটি ফিফটি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার ফাহমী। এতে অভিনয় করছেন শখ। গতকাল ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সে প্রসঙ্গ ধরেই কথা হলো তাঁর সঙ্গে। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে এবারই প্রথম অংশ নিলেন?গত বছর ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানে উপস্থাপকের সহযোগী হিসেবে ছিলাম। এই অনুষ্ঠানটি বরাবরই আমার জন্য বিশেষ কিছু। ছোটবেলা থেকেই দেখেছি, এই অনুষ্ঠানে দেশের বড় তারকারা অংশ নেন। স্বপ্ন দেখতাম, কবে আমি এই অনুষ্ঠানে অংশ নেব, কাজ করব। বছর দুয়েক হলো আমি টিভিতে কাজ করছি, এরপর চলচ্চিত্রে। তবে এবারই প্রথম এই অনুষ্ঠানে নৃত্যে অংশ নিয়েছি। এ জন্য আমি খুব গর্ববোধ করছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে।শাকিব খানের সঙ্গে প্রথম চলচ্চিত্রে কাজ করছেন। কেমন লাগছে?এটা আমার জন্য একটা বিশেষ অভিজ্ঞতা। শাকিব ভাইয়ের সঙ্গে প্রথম ছবি করেছি। তাঁর সঙ্গেই মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে নাচ করলাম। আমার জন্য এটা বাড়তি পাওনা। প্রথম ছবি ‘তোমাকে ছাড়া বাঁচব না’ কবে মুক্তি পাচ্ছে?ছবির শুটিং শেষ। ডাবিং শুরু হবে শিগগিরই। শুনেছি, আগামী জুন-জুলাইয়ে ছবিটি মুক্তি পাবে। ছবির শুটিং হয়েছিল ব্যাংককে। ওখানে সবাই মিলে খুব মজা করে কাজ করেছি। আজ তো আপনার অভিনীত ‘ফিফটি ফিফটি’ নাটকটি প্রচারিত হবে। অল্প কয়েক দিন হলো আমি অভিনয় করছি। এ পর্যন্ত যে কটি ভালো কাজ করেছি, ফিফটি ফিফটি তার মধ্যে অন্যতম। দর্শকেরা নাটকটি বেশ উপভোগ করছেন। এ ছাড়া রেদোয়ান রনির এফএনএফ, তাহের শিপনের দিবারাত্রি খোলা থাকে নাটকগুলোও আমার অভিনয়জীবনের শুরুতেই উল্লেখযোগ্য সংযোজন। এর আগে মাহফুজ আহমেদের পরিচালনায় টেটম্যান নাটকে নোয়াখালী ও তাহের শিপনের দিবারাত্রি খোলা থাকে নাটকে কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় সংলাপ বলেছি। কুষ্টিয়ার ভাষা রপ্ত করতে খুব কষ্ট হয়েছে। তবে দর্শকেরা নাটকটি দেখছেন, এটা জানতে পেরে ভালো লাগছে।