আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তম কুমারের দুই হাতের ১০ আঙুল খেলা করছে পিয়ানোতে। আর ঠোঁটে—আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদীর পাড়ে ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথাদেখে এলেম তারে...বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি জুটি উত্তম-সুচিত্রার জনপ্রিয় ছবি সাগরিকার (১৯৫৬) এই দৃশ্য কি ভোলা যায়? আর গানটি? পুরোনো দিনের সেসব গান শুনে আজও মুগ্ধ হতে হয়। এই গানটি নিঃসন্দেহে সেসবের একটি। গানের কণ্ঠশিল্পী শ্যামল মিত্র। শ্যামল মিত্রের আরও অনেক জনপ্রিয় গান রয়েছে। আকস্মিক কোনো দুর্ঘটনায় তাঁর অন্য সব গান যদি হারিয়ে যায়, কেবল ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা’ বেঁচে থাকে, তবু সংগীতানুরাগীরা তাঁকে বিশেষভাবে মনে রাখবেন। গানটি ছিল উত্তম কুমারেরও প্রিয় একটি গান। মজার ব্যাপার হচ্ছে, শুরুতে গানটি শ্যামল মিত্র নাকি হেমন্ত মুখোপাধ্যায় গাইবেন—এ নিয়ে ছবির প্রযোজক ও সংগীত পরিচালকের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। উত্তম কুমার নিজেও এ নিয়ে দুচিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত গানটি শ্যামল মিত্রই গাইলেন। এর পেছনে একটি গল্প আছে। শ্যামল মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকীর আগে সে গল্পটি শোনা যাক—প্রযোজক বললেন, ‘গানটা হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়ালে ভালো হতো।’ সংগীত পরিচালক রবীন চট্টোপাধ্যায় জিজ্ঞেস করলেন, ‘কেন, আপনার সমস্যা কোথায়? শ্যামলের সঙ্গে কথা হয়ে গেছে।’ জবাবে প্রযোজক বললেন, ‘না, হেমন্ত মুখোপাধ্যায় হলে ব্যাপারটা জমত বেশি।’ এভাবে কিছুক্ষণ কথা কাটাকাটির পর রবীন চট্টোপাধ্যায় বললেন, ‘তাহলে একটা কাজ করুন। হেমন্তকেই নিন। আমাকে বাদ দিন।’ প্রযোজক ঘাবড়ে গিয়ে বললেন, ‘না না, তার কোনো দরকার নেই। আপনি আপনার মতোই করুন।’ তারপর দিনক্ষণ ঠিক করে রেকর্ডিংয়ের জন্য স্টুডিওতে যাওয়া। সকাল থেকেই উত্তম কুমার উপস্থিত ছিলেন। চোখ-মুখে দুশ্চিন্তার ছাপ। এই প্রথম তার ঠোঁটে শ্যামল মিত্রকে দিয়ে গাওয়ানো হচ্ছে। অতঃপর একদিন ছবির শুটিং শেষ হলো। ছবি মুক্তি পেল, সুপারহিট হলো। তুমুল জনপ্রিয়তা পেল গানটি। দুশ্চিন্তামুক্ত হলেন প্রযোজক এবং উত্তম কুমার। প্রযোজক রবীন চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন, ‘আপনি শ্যামল মিত্রকে দিয়ে গাওয়ানোর জন্য ও রকম করছিলেন কেন বলুন তো?’ জবাবে রবীন চট্টোপাধ্যায় বললেন, ‘ওই গানের মধ্যে এমন কিছু জায়গা ছিল সেগুলো শ্যামল মিত্র ছাড়া হতো না।’স্বপ্নে দেখা রাজকন্যার এই শিল্পী ১৯২৯ সালের ১৪ জানুয়ারি অবিভক্ত ভারতের নৈহাটিতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন চিকিৎসক সাধন কুমার মিত্র। মায়ের নাম প্রতিভাময়ী মিত্র। বাবা চেয়েছিলেন ছেলেও বাবার মতো চিকিৎসক হোক। কিন্তু ছোটবেলা থেকেই সংগীতের প্রতি শ্যামল মিত্রের ছিল বিশেষ অনুরাগ, সঙ্গে ছিল মায়ের অনুপ্রেরণা। বাবার দ্বিমত থাকায় শ্যামল মিত্রকে শিল্পী হতে অনেক প্রতিকূল পথ পাড়ি দিতে হয়েছে। শ্যামল মিত্র চল্লিশের দশকের মাঝামাঝি সময়ে ‘আইপিটিএ’-এর সঙ্গে যুক্ত হয়ে বিখ্যাত গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর সান্নিধ্য লাভ করেন। তা ছাড়া শ্যামল মিত্র হুগলি মহসিন কলেজে স্নাতক পর্যায়ে পড়াশোনার সময় আরেক বিখ্যাত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের সংস্পর্শে আসেন। তাঁদের সংস্পর্শ সংগীতের প্রতি শ্যামল মিত্রের অনুরাগে অন্য রকম এক মাত্রা যুক্ত করে, যা তাঁকে শিল্পী হতে বিশেষভাবে সহায়তা করে। তারপর শ্যামল মিত্র কলকাতায় গিয়ে সুধীরলাল চক্রবর্তীর কাছ থেকে সংগীতের ওপর দীক্ষা নেন। শ্যামল মিত্র ১৯৪৯ সালে প্রথম সিনেমার গানে কণ্ঠ দেন। সিনেমার নাম সুনন্দার বিয়ে। এইচএমবি থেকে তাঁর প্রথম গানের অ্যালবাম ‘স্মৃতি তুমি বেদনার বের হয় ১৯৫২ সালে। এটা ছিল তাঁর জন্য একটি মাইলফলক। এরপর শুধুই এগিয়ে যাওয়া। গান গাওয়া ছাড়াও শ্যামল মিত্র বেশ কিছু গানে সুর দেন এবং কিছু চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন। তিনি কিছু চলচ্চিত্রের প্রযোজনাও করেন।শ্যামল মিত্রের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়,’ ‘জীবন খাতায় প্রতি পাতায়,’ ‘স্মৃতি তুমি বেদনার,’ ‘যদি কিছু আমারে শুধাও,’ ‘সে দিনের সোনাঝরা সন্ধ্যায়’ প্রভৃতি উল্লেখযোগ্য।‘এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়’-এর গায়ক ও সুরকার ১৯৮৭ সালের ১৫ নভেম্বর পৃথিবী ছেড়ে চলে যান। আশরাফুল হক