আমার স্বপ্নের নায়িকা মৌসুমী: নিলয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলয়
নিলয়

মডেল ও অভিনেতা নিলয়। নাটক, বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি কাজ করছেন চলচ্চিত্রে। বর্তমানে তিনি বেলাল আহমেদ পরিচালিত ‘ভালোবাসবোই তো’ ছবির শুটিং করছেন। এখানে তিনি বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন। চলচ্চিত্রের কাজ এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে নিলয় কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। 
‘ভালোবাসবোই তো’ ছবির শুটিং...
গত মাস থেকে ছবিটির কাজ করছি। অনেক ভালো লাগছে। এখানে আমার সহশিল্পী মৌসুমী। আমি কখনো ভাবিনি তাঁর নায়ক হব। ২০১০ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় তিনি আমার বিচারক ছিলেন। তাই তাঁকে ম্যাম বলেই ডাকতাম। শুটিংয়ের প্রথম দিন অনেক ভয় কাজ করছিল। আবার মনে মনে খুশিও হয়েছিলাম। 
মৌসুমীর সঙ্গে কাজের অভিজ্ঞতা...
এক কথায় অসাধারণ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দেখার পর থেকেই আমার স্বপ্নের নায়িকা মৌসুমী।
তাঁর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। তাঁর আচরণ অনেক বন্ধুত্বসুলভ।
আমি একটু চুপ করে থাকলেই তিনি বলেন, ‘তুই কি ভয় পাচ্ছিস?’
‘ভালোবাসবোই তো’ ছবির গল্প...

মৌসুমীর সঙ্গে নিলয়
মৌসুমীর সঙ্গে নিলয়


একটি অসম প্রেমের গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। ছবির কাহিনিতে দেখা যাবে, আমি চারুকলা থেকে লেখাপড়া শেষ করে একটা অফিসে চাকরি নিই। সেই অফিসের সিইও মৌসুমী। একপর্যায়ে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায়।
নাটক ও চলচ্চিত্রে নিলয়...
নাটক ও চলচ্চিত্র দুটি আলাদা মাধ্যম হলেও বিষয়টা কিন্তু একই। আর তা হলো ক্যামেরার সামনে অভিনয় করা। সব মাধ্যমেই কাজ করে মজা পাই এবং কাজ শেখার চেষ্টা করি। আমি ভালো অভিনেতা হতে চাই।
বিজ্ঞাপনে নিলয়...
বিজ্ঞাপনের কাজ করতে অনেক ভালো লাগে। কারণ এর প্রচার বেশি হয়। আর দর্শকের কাছ থেকেও খুব ভালো

সাড়া পাওয়া যায়। খুব শিগগির নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করব আমি।

নিলয়ের প্রিয় নায়ক...

বলিউডের শাহরুখ খান আর বাংলাদেশে সালমান শাহ। তবে আমি কাউকে অনুসরণ করি না। আমি নিজের একটা স্টাইল তৈরি করতে চাই। অবশ্য এটা খুব কঠিন একটা কাজ। 

নিলয়ের লেখাপড়া...

মিরপুর বাংলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছি।  

অভিনেতা না হলে...

ছোটবেলায় চিকিত্সক হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ছোটবেলায় আমাকে অনেকেই বলত, আমি বড় হয়ে নায়ক হব। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো।