আমার হাসির রোগ আছে :সাফা কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফা কবির
সাফা কবির

‘এনজি শট’ মানে ‘নট গুড শট’। অভিনয়শিল্পীরা শুটিংয়ের সময় প্রায়ই এ ঘটনার মুখোমুখি হন। সেই অভিজ্ঞতা কখনো বিরক্তির, কখনো মজার, আবার কখনোবা মধুর। এই বিভাগে আজ জেনে নিন সাফা কবিরের দুটি এনজি শটের মজার স্মৃতি।

এবারের ঈদে ইমরাউল রাফাতের মিস ম্যাচ নাটকের শুটিংয়ে ঘটেছে এই ঘটনা। আমার বিপরীতে ছিলেন জন ভাই। শুটিং হচ্ছিল উত্তরার হইচই শুটিং বাড়িতে। সারা দিন বিদ্যুৎবিভ্রাট ছিল চরমে। তাই শুটিং করতে করতে অনেক রাত হয়ে যায়। সবার অবস্থা খারাপ। রাত ২টার দিকে আমার আর জন ভাইয়ের একটি রোমান্টিক দৃশ্য ধারণ করা হবে। যেহেতু জন ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। একটু তো নার্ভাস ছিলামই। দৃশ্যটি এমন—জন ভাই কাছে এসে আমার এক হাত ধরে, আরেক হাত দিয়ে গালে স্পর্শ করবে। এই ফাঁকে একটু বলে রাখি, আমার আবার হাসির রোগ আছে। হাসি শুরু হলে আর থামাথামি নেই। তো এই দৃশ্য নেওয়ার জন্য ক্যামেরা চলতে শুরু করল। যখনই জন ভাই আমার হাত ধরে গাল স্পর্শ করেন, তখনই আমার হাসি শুরু হয়। দৃশ্যটি এনজি হয়ে গেল। এভাবে যখন তিন-চারবার ঘটনাটি ঘটল, তখন জন ভাই অনেকটাই অবাক হয়ে আমাকে বললেন, ‘আমি কি ফানি কিছু করছি, নাকি আমার রোমান্টিকতা হচ্ছে না!’ একসময় পরিচালক সিদ্ধান্ত নিলেন, এটি ওয়াইড শট নিয়ে তারপর ক্লোজ কেটে দৃশ্যটি শেষ করতে হবে। শেষমেশ তা-ই করা হলো।

আরেকটি ঘটনা সজীবের পরিচালনায় এই ঈদের বরিশাল মিলিনিয়ার নাটকে। সহশিল্পী ছিলেন তৌসিফ। সমস্যাটা হয়েছে তৌসিফের বরিশালের ভাষায় কথা বলা নিয়ে। সংলাপ বলতে গিয়ে তৌসিফ বরিশালের আঞ্চলিক ভাষার পাশাপাশি কখনো কখনো শুদ্ধ ভাষায় সংলাপ বলছেন। তখনই শট এনজি হয়ে যাচ্ছে। আমাদের দুজনের একটি দৃশ্য করতে গিয়ে কতবার যে এনজি হয়েছে তার হিসাব নেই! সেদিন লোকেশন ছিল কাওলাতে। দৃশ্যের কথা বলি, ক্যামেরা চলছে। আমার সামনে একটু বড়লোক ভাব দেখাচ্ছে তৌসিফ। তাই স্মার্ট হওয়ার জন্য শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করেন। কিন্তু শুদ্ধ ভাষারও যে বরিশালের একটা ঢং থাকে, সেটা আর হয় না। বেশ কয়েকবার চেষ্টা করেও হচ্ছিল না। তাঁর কথার ভঙ্গি দেখে আমিও বারবার হেসে দিয়েছিলাম।

অনুলিখিত