আমারে দিব না ভুলিতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তো সেই ছোটবেলা থেকে গান করি। নজরুলের গানই বেশি করেছি। তখন কিন্তু না বুঝেই গান করতাম। নজরুলের গানের সুর আমাকে বেশি আকর্ষণ করেছে। কথাগুলো গাইতে গাইতে পরে আবিষ্কার করেছি। কিন্তু এখন শিখতে গিয়ে কিংবা গাইতে গিয়ে গানের বাণী বেশি উপলব্ধি করি।’ বললেন শারমিন সাথী ইসলাম, নজরুলসংগীতের শিল্পী। নজরুলের গান গেয়ে তৈরি করেছেন নিজের একটা অবস্থান। আর তা অনেকের থেকে একটু আলাদা। জানালেন, নজরুলের গানে রয়েছে সুরের নানা বৈচিত্র্য। তার পরও আধুনিক, শ্যামা আর কীর্তন অঙ্গের গান তাঁর বেশি পছন্দ। সুযোগ পেলেই প্রেমের, আত্ম-উপলব্ধি আর খেয়াল ভাঙা গান গাওয়ার চেষ্টা করেন। নিজের মনে বেশির ভাগ সময় গুনগুন করে গেয়ে ওঠেন ‘আমায় নহে গো’, ‘যারে হাত দিয়ে মালা’, ‘মনে পড়ে আজ’, ‘হে প্রিয় আমারে দিব না’, ‘আমার আপনার চেয়ে আপন’, ‘কেন কাঁদে পরান’ কিংবা ‘তুমি যতই রহ না’ গানগুলো। ছোটবেলা থেকে কুমিল্লায় টানা ১০ বছর গান শিখেছেন মানস কুমার দাশ এবং অলকা দাশের কাছে। বললেন, ‘তাঁদের কাছে শুনতে শুনতেই নজরুলের গানের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। সেই থেকে ভালো লাগা এবং ভালোবাসা।’ নজরুলের অসাম্প্রদায়িক চেতনা খুব বেশি স্পর্শ করে শারমিনকে। তিনি নিজেও নজরুলের মতো করে ভাবতে পছন্দ করেন। শারমিনের বাবা মফিজুল ইসলাম যেকোনো প্রতিভার দারুণ ভক্ত। তাঁর মতে, প্রতিভাকে লালন করতে হয়। কুমিল্লা থেকে নজরুলকে দেখতে ঢাকায় এসেছিলেন তিনি। বাবার মুখ থেকে নজরুলের অনেক গল্প শুনেছেন শারমিন। বাবা বলতেন, নজরুল এক অসামান্য প্রতিভা। বাবার চোখ দিয়ে ছোটবেলায় নজরুলকে প্রথম দেখেছেন শারমিন। নজরুলের গানই বেশি শোনা হয় তাঁর। পছন্দের শিল্পীদের মধ্যে আছেন ইন্দুবালা, আঙ্গুরবালা, সন্তোষ সেনগুপ্ত, যুথিকা রায় ও ধীরেন্দ্রচন্দ্র মিত্র। জ্ঞানন্দপ্রসাদ গোস্বামীর গানও খুব ভালো লাগে। কিন্তু বললেন, ‘তাঁর গান গাওয়ার সাহস পাই না। ভয় হয়।’ নজরুলের গান গাওয়ার পাশাপাশি এখন শারমিন প্রশিক্ষণ দিচ্ছেন। শিক্ষকতা করছেন ছায়ানট সংগীত-বিদ্যায়তনে। এ পর্যন্ত বেরিয়েছে তাঁর তিনটি অ্যালবাম—খুঁজি তারে আমি আপনায়, সন্ধ্যা গোধূলি এবং সর্বশেষ গত বছর সকাল বেলার সুর। সবকটি অ্যালবামই প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। কাল নজরুলজয়ন্তী। শারমিন জানালেন, টিভির বিভিন্ন অনুষ্ঠানে ও বিভিন্ন মঞ্চে গান করবেন তিনি। বললেন, ‘নজরুলের গানের প্রসার এখন অনেক বেড়েছে। নজরুল ইনস্টিটিউট থেকে নজরুলের গানের ৩৮টি স্বরলিপির বই বেরিয়েছে। পাওয়া যাচ্ছে আদি গানের অডিও সিডি। অনেকেই সেসব সংগ্রহ করছেন। তবে এই চর্চা শহরেই বেশি। ঢাকার বাইরে মফস্বলে তা তেমন দেখা যায় না। ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী, সংগীত পরিচালক এবং গবেষকেরা এখন এসব স্বরলিপি ও অডিও সিডি বাংলাদেশ থেকে সংগ্রহ করছেন। আর তা নজরুলের গানের চর্চা বাড়ানো ও প্রসারের জন্য খুবই ইতিবাচক একটি দিক।’ আরও বলেন, ‘নজরুলের অপ্রচলিত গানগুলো এখন সংগ্রহ করছি, কণ্ঠে তুলছি, বেশি চর্চা করছি। আমি চাই, পরিচিত গানের পাশাপাশি এই গানগুলোও সবাই শুনুন। পাশাপাশি নজরুলচর্চা বাড়ানোর জন্য সুযোগ পেলেই নজরুলের সাহিত্য পড়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছি। আমি বিশ্বাস করি, এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে নজরুল এবং তাঁর গান ও সাহিত্যকর্ম বেঁচে থাকবে।’