আমারে দেব না ভুলিতে
গাড়ি থেকে যখন নামলেন ফিরোজা বেগম, তখন তাঁর মুখে প্রশান্তির হাসি। বয়স হয়েছে, কিন্তু অস্তিত্ব থেকে মুছে যায়নি লাবণ্যের আভা। চশমার ভেতর থেকে চোখ দুটোও হাসছে। চলচ্চিত্রের মতো আমার চোখে ভেসে উঠল বাংলাদেশ টেলিভিশনে সবুজ শাড়ি পরা ফিরোজা বেগমের গান, ‘আমি চিরতরে দূরে সরে যাব, তবু আমারে দেব না ভুলিতে’ কিংবা ‘নূরজাহান’। এ গান যেন গান নয়, ধ্যান। কণ্ঠ নয়, গাইছিল মানুষটির সমগ্র সত্তা। আশির দশক। কত দিন আগের কথা! অথচ মনে হয়, এই তো সেদিন!কীর্তিতে যিনি ছাড়িয়ে যান অন্যদের, তিনি মনের দিকেও হয়ে ওঠেন অনেক বড়। তাই তো মেরিল-প্রথম আলোর আজীবন সম্মাননা নিতে যখন মঞ্চে উঠলেন ফিরোজা বেগম, তখন মানুষের ভালোবাসার জবাবে বললেন, আমি ধন্য, ঠিক যেন নজরুলের অভিভাষণে বলা ‘আমি ধন্য হলাম’-এর মতোই।ফিরোজা বেগমকে নিয়ে তৈরি করা তথ্যচিত্রটিতে তাঁর জীবনের অনেক কিছুই উঠে এল। কিন্তু কত কিছুই না থেকে গেল বাইরে! এই মহীয়সী নারীকে সম্মান জানানোর জন্য মঞ্চে ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। ছিলেন শিল্পী ফেরদৌসী রহমান, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মিলনায়তনপূর্ণ মানুষ দাঁড়িয়ে শ্রদ্ধা জানালেন এই কিংবদন্তিতূল্য শিল্পীকে। ছিল উত্তরীয়, সম্মাননা স্মারক। উপস্থাপক জাহিদ হাসান জানালেন, অর্থমূল্য দিয়ে তো এই গুণী শিল্পীকে বিচার করা যায় না, তবুও থাকল একটি ক্ষুদ্র অঙ্কের চেক। শিল্পীর বিনয়ী বক্তব্যে থাকল মানুষের জন্য ভালোবাসা। অমর এই শিল্পী নিজে বলেননি, কিন্তু আমরা অনুভব করি, নজরুলসংগীতের ক্ষেত্রে তিনি না বললেও ‘চির উন্নত মম শির’ পঙিক্তটি তাঁকেই সবচেয়ে বেশি মানায়।