আমারে দেবনা ভুলিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপীড়িত-শোষিত মানুষের বঞ্চনার ক্ষোভ দীপ্ত শিখার মতো জ্বলে উঠেছিল তাঁর লেখনীতে। সাম্প্রদায়িকতার বিষকে মন্থন করে তুলে এনেছিলেন ধর্মনিরপেক্ষতা। আবার তিনিই আবেগে থরথর, কোমল সুকুমার হূদয়ানুভবে। তিনি বিদ্রোহী, তিনিই গানের পাখি বুলবুল—জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবি বলেছিলেন ‘আমি চিরতরে দূরে চলে যাব/ তবু আমারে দেবনা ভুলিতে...।’ অনুরাগীরা তাঁকে ভোলেননি। নানা আয়োজনে গত ১১ জ্যৈষ্ঠ কবির ১১৪তম জয়ন্তী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে।

নজরুল সম্মেলন

বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা কাল শনিবার থেকে আয়োজন করেছে দুই দিনের নজরুল সম্মেলন। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি জানানো হয়। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হবে এই সম্মেলন। সূচনাপর্বে প্রধান বক্তা থাকবেন নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম। দুই দিনের এই আয়োজনে ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ৬০ জন প্রবীণ-নবীন শিল্পী অংশ নেবেন। এর মধ্যে ৪০ জন সংস্থার নিজস্ব শিল্পী। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। অনুষ্ঠান সাজানো হয়েছে নজরুলের প্রেম, প্রকৃতি ও দেশ পর্যায়ের প্রচলিত-অপ্রচলিত গান, গীতিনৃত্য, আবৃত্তি ও রচনাবলি থেকে পাঠ দিয়ে। দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যধারা। আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা ও লায়লা আফরোজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, শিল্পী ইয়াকুব আলী খান, যোসেফ কমল রড্রিক্স, লীনা তাপসী খান প্রমুখ।

‘কার বাঁশরী বাজে’

নজরুলজয়ন্তী উপলক্ষে নজরুলসংগীতশিল্পী পরিষদ আয়োজন করেছে দুই দিনের অনুষ্ঠান ‘কার বাঁশরী বাজে’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে আজ শুক্রবার সন্ধ্যা সাতটায়। কাল শনিবার প্রথম অধিবেশন শুরু হবে সকাল ১০টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ছয়টায়।

সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা জানান, এবারের আয়োজন প্রয়াত সোহরাব হোসেনের স্মৃতির প্রতি নিবেদন করা হচ্ছে। এ বছর নজরুল পদক পাচ্ছেন আসাদুল হক ও মুরশীদ জাহান। এ ছাড়া ২০টি জেলা থেকে ২০ জন নিভৃতচারী নজরুলকর্মীকে নজরুল সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে শিশুশিল্পীসহ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করবেন।

প্রবন্ধ সংকলন‘বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর’

নজরুলজয়ন্তী উপলক্ষে ছায়ানট প্রকাশ করছে প্রবন্ধ সংকলন বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে এর প্রকাশনা অনুষ্ঠান। সন্জীদা খাতুন সম্পাদিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদ। গ্রন্থের ওপর আলোচনা করবেন অধ্যাপক আনিসুজ্জামান।

কবিতায় বলা কবিতায় শোনা

বাচিক শিল্প চর্চার সংগঠন চারুবাকের আয়োজনে ‘কবিতায় বলা, কবিতায় শোনা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান ছিল গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে। একই শিরোনামে সংগঠনটি বিভিন্ন কবির কবিতা নিয়ে অনুষ্ঠান করে আসছে। এবারে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।

 সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল কবিরের স্বাগত বক্তব্যের পর ‘ত্রাণ’ কবিতার বৃন্দ আবৃত্তি দিয়ে শুরু হয় আবৃত্তি-সন্ধ্যা। পরে ছিল ‘চরম মূল্য’, ‘লুকোচুরি’, ‘আষাঢ়’, ‘নির্ঝরিণী’, ‘প্রথম শোক’, ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ‘কৃষ্ণকলি’সহ বেশ কয়েকটি কবিতার একক আবৃত্তি। এতে অংশ নেন শামীমা নাসরিন, ছয়িমা ইসলাম, ইউসুফ হায়দার, নাইমুল ইসলাম, ফৌজিয়া জামান, ইসমাইল সাদী প্রমুখ।

আবৃত্তির পর অতিথি-সমালোচক হিসেবে আলোচনা করেন আবৃত্তিকার ফয়জুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামীমা নাসরিন।

বাংলা একাডেমীর আঞ্চলিক সাহিত্য সম্মেলন

বাংলা একাডেমী আজ শুক্রবার ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশালের বিভাগীয় কমিশনার নূরুল আমিন এবং বিশেষ অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী।