মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির উদ্যোগে শুরু হয়েছে ‘রবি সেরা প্রতিভা’ কর্মসূচি। এ আয়োজনে সাতটি বিভাগীয় শহর থেকে ৩০ জন কণ্ঠশিল্পী বাছাই করেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। আজ রাত ১১টা থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।‘রবি সেরা প্রতিভা’ কর্মসূচিতে শিল্পী বাছাইয়ের জন্য সারা দেশের সাতটি বিভাগীয় শহরে যেতে হয়েছে, কেমন প্রতিযোগী পেয়েছেন?অনেক ভালো প্রতিযোগী পেয়েছি। ধারণাই ছিল না, সারা দেশে এত প্রতিভা লুকিয়ে আছে। সাতটি বিভাগের মধ্যে রাজশাহীতে আমার পছন্দের প্রতিযোগী পেয়েছি সবচেয়ে বেশি। এরপর সিলেটের প্রতিযোগীরাও আমাকে অনেক আশাবাদী করেছেন। তবে প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন ধরনের গান শোনার প্রবণতাটা অপেক্ষাকৃত কম বলে মনে হয়েছে। যে ৩০ জন কণ্ঠশিল্পী পেয়েছেন, তাঁদের নিয়ে আপনার পরিকল্পনা কী?৩০ জন থেকে বিভিন্ন পর্যায়ে বাছাই শেষে ১৪ জনকে চূড়ান্ত করব। তাঁদের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম বের করব।এই আয়োজনে যুক্ত হয়ে নতুন কোনো অভিজ্ঞতা?এর আগে গান করতে দেশের বেশ কয়েকটি জায়গায় গিয়েছি। কিন্তু প্রতিভা অন্বেষণের ব্যাপারটি আমাকে নতুন অভিজ্ঞতা দিয়েছে। তরুণ প্রজন্মের অনেককে আমার গানের দ্বারা অনুপ্রাণিত হতে দেখেছি। কিন্তু এই আয়োজনে সাতটি বিভাগে গিয়ে প্রতিযোগীরাই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছেন। অনেক দিন পর্যন্ত আপনার কোনো নতুন গান পাওয়া যাচ্ছে না, কেন?আমি কিন্তু ঠিকই শ্রোতাদের সঙ্গে ছিলাম। বেশ কয়েকটি নতুন গান রেডিওতে বিনা মূল্যে দিয়ে দিয়েছি; যাতে আমার শ্রোতারা নতুন গান শোনা থেকে বঞ্চিত না হন। গত আড়াই বছরে অর্ধশতাধিক গান তৈরি করেছি। সামনে এই গানগুলোও প্রকাশ করব।গানগুলো রেডিওতে, তাও আবার বিনা পয়সায় দিয়েছেন। কিন্তু কেন?এখন তো প্রকাশনা প্রতিষ্ঠানগুলো সিডি প্রকাশ করে শিল্পীদের সেই অর্থে সম্মানী দেয় না। দিলেও নানা অজুহাত দেখায়। এসব দেখে বিরক্ত আমি। শ্রোতারাই আমার প্রাণ। তাই তাঁদের কথা চিন্তা করে গান প্রকাশের ধরনটা পরিবর্তন করেছি। আপনাদের ব্যান্ড এফএনএফ-এর কী খবর?মাঝে আমাদের ব্যান্ড থেকে একটি অ্যালবাম প্রকাশ করার কথা ছিল। কিছু গানও তৈরি করেছি। এরপর হঠাৎ আমাকে নানা রকম কাজে ব্যস্ত হয়ে যেতে হয়। আর এখন তো ‘রবি সেরা প্রতিভা’ কর্মসূচি নিয়ে ব্যস্ত। সবকিছু গুছিয়ে তারপর নতুন গান নিয়ে আবার ভাবব।