আমি ঈশ্বর নই: আমির
অল্প দিনের মধ্যে নতুন কোনো ছবি মুক্তির সম্ভাবনা নেই। তবু খবরের শিরোনাম বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। গত মাসে বিতর্কিত মন্তব্য করেছিলেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ ঐশ্বরিয়া রাই বচ্চনের মা হওয়ার খবর নিয়ে। এবার মন্তব্য করেছেন আমির খানকে নিয়ে।অবশ্য আমিরকে নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য করেননি ভার্মা। প্রশংসাই করেছেন, তবে বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে। ‘দিল্লি বেলি’ ছবিতে প্রযোজক আমিরের সৃষ্টিশীলতার প্রশংসা করতে গিয়ে পরশু ভার্মা বলেন, ‘কখনোই রাম, যিশু বা আল্লাহকে বিশ্বাস করিনি। তবে “লগন” থেকে শুরু করে “তারে জামিন পর”, “দিল্লি বেলি” ছবিতে একই ব্যক্তির ভিন্নতা দেখার পর সত্যিই আমি আমিরকে বিশ্বাস করতে শুরু করেছি। ও যেভাবে বিষয়টাকে তুলে ধরে ছবিকে সুপার হিট করেছে, আমার মনে হচ্ছে, লোকে হয়তো সৃষ্টিকর্তাকে পুরোপুরি বিশ্বাস করবে না, কিন্তু আমিরকে পুরোপুরি বিশ্বাস করবে।’ঈশ্বরের সঙ্গে তুলনা করে ভার্মার এই প্রশংসা মোটেই ভালোভাবে নেননি আমির। ‘না, এটা ঠিক নয়। রামু ভুল বলেছেন। আমাকে মানুষ হতে দিন। আমি ঈশ্বর নই’—ভার্মার বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন আমির।গত মাসে ঐশ্বরিয়ার মা হওয়ার সংবাদের প্রতিক্রিয়ায় নিজের ব্লগে ভার্মা লিখেছিলেন, ‘আমি সুন্দরীদের পূজা করি। কিন্তু তাঁদের মা হতে দেখলে আমার ঘৃণা হয়। ঐশ্বরিয়ার ক্ষেত্রে আমার আরও বেশি ঘৃণা হচ্ছে। কারণ ও আমার কাছে বিশ্বের সুন্দরীতম নারী।’ অভিষেক বচ্চনকে উদ্দেশ করে রামগোপাল লেখেন, ‘কোনো সুন্দরীর মা হওয়াকে আমি ঘৃণা করি। কিন্তু ও তোমার স্ত্রী বলে আমি অন্য কিছু বলব, অভিননননননন্দন।’ ওয়েবসাইট।