আমি উল্টো পথে যাত্রা শুরু করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় রানওয়ে ছবির প্রদর্শনীর আয়োজন করেন তারেক মাসুদ। সব শেষে প্রদর্শনী করবেন ঢাকায়। বাইরের দর্শকদের সাড়া দেখে যাতে ঢাকার পরিবেশকেরা ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে আগ্রহী হতে পারেন—এটাই ছিল তাঁর পরিকল্পনা। পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহগুলো বাঁচানোর জন্য সবাইকে সচেতন করতে নীরবে কাজ করছিলেন তিনি। বিনোদন পাতায় এই কথোপকথনটি প্রকাশিত হয় ১২ জানুয়ারি। তারেক মাসুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ আবারো প্রকাশ করা হলো কথপোকথনটি। সব নির্মাতা ঢাকাতেই তাদের ছবি মুক্তি দেন। আপনি ঢাকার বাইরের বিভিন্ন জেলাকে বেছে নিলেন কেন?এই প্রশ্নটি এখন আমাকে প্রতিদিনই শুনতে হচ্ছে। আসলে বেশির ভাগ ছবির প্রদর্শনী ঢাকাতেই শুরু হয়, আবার ঢাকাতেই শেষ হয়। কোনো কোনটি ঢাকার বাইরে দুয়েক সপ্তাহ চলে। রানওয়ে তৈরি করার পর অনেকেই বলেছিলেন, এটি ঢাকার বাইরে দেখানো যাবে না, সমস্যা হতে পারে। কিন্তু আমি উল্টো পথে যাত্রা শুরু করেছি। এখন বলব, আমার সিদ্ধান্তটি মোটেও ভুল হয়নি। ঢাকার বাইরে প্রচুর দর্শক ছবিটি দেখছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখন ঢাকার পরিবেশক ও বিভিন্ন প্রেক্ষাগৃহ মালিকেরা রানওয়ের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। ছবির প্রদর্শনীগুলোতে আপনাকেই থাকতে হচ্ছে কেন?শুধু আমি না, সঙ্গে আরও আছে আমার স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং আমাদের আট মাস বয়সের ছেলে। আমি কিন্তু ছবির প্রদর্শনীর পাশাপাশি আরও কিছু কাজ করছি। এই যেমন ছবিটির ব্যাপারে দর্শকদের মতামত ধারন করছি, স্থানীয় প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে তথ্য ও চিত্র ধারন করছি। প্রেক্ষাগৃহগুলো রক্ষা করার জন্য স্থানীয় ভাবে আলোচনার আয়োজন করছি। আর এখানে অংশ নিচ্ছে সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন মহল থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ। পরে এগুলো নিয়ে ঢাকায় বড় কিছু করার ইচ্ছা আছে।‘ঐকতান’ ছবিটি কবে তৈরি করেছিলেন?এটি অ্যানিমেশন ছবি। ১৯৯০ সালে এটি তৈরি করেছিলাম। ঢাকায় কখনো দেখানো হয়নি। শুধু ভারতের একটি উৎসবে দেখানো হয়েছিল।‘রানওয়ে’র সঙ্গে ‘আদম সুরত’ ছবিরও প্রদর্শনী হচ্ছে। শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর ছবিটি তৈরি করেছিলাম। এটি তৈরি করেছিলাম ১৬ মি.মি. প্রযুক্তিতে। আর এ কারণে গত প্রায় বিশ বছর আমরা ছবিটির কোনো প্রদর্শনী করতে পারিনি।