আমি একটু বেকুব আছি
>

ক্যামেরার সামনে দাঁড়ানোর সময়টা হিসাব করলে ১৮ বছর হবে। তবে শুরুর তিন বছর শুধু ছাপানো বিজ্ঞাপনের মডেলিং করেছেন আফরান নিশো। বাকি সময় অভিনয় করেছেন নানা ধরনের চরিত্রে। নিজেকে ভেঙেছেন, গড়েছেন। দেড় যুগের ক্যারিয়ারের দাপুটে সময়টা নিয়ে বলেছেন হাবিবুল্লাহ সিদ্দিকের কাছে।
১৮ বছর পার করলেন। ক্যারিয়ারের সেরা তিনটি প্রাপ্তির কথা জানতে চাই
কঠিন প্রশ্ন। (ভেবে নিয়ে) এক. আমি বিজ্ঞাপন, র্যাম্প, মডেলিং এবং অভিনয় অনেক মাধ্যমেই কাজ করেছি। কাজ করতে গিয়ে জেনেছি, আমার মধ্যে বহুমুখী অভিনয় করার দক্ষতা আছে। এটা আমার পরিচালকেরা বলেছেন। এটা একটা প্রাপ্তি। দুই. নাটক করতে এসে হুমায়ুন ফরিদীসহ অনেক জ্যেষ্ঠ অভিনয়শিল্পীর কাছ থেকে শিখতে পেরেছি। তিন. আমি এখন অবধি কাজ করতে পারছি। ১৮ বছর পার করেও আমি ফুরিয়ে যাইনি, এটাও একটা।

কখন বুঝতে পারলেন আপনার মধ্যে বহুমুখী অভিনয় করার ক্ষমতা আছে?
আমি যখন বিজ্ঞাপনে কাজ শুরু করি মানে আফজাল ভাইয়েরা যখন নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ করতেন তখন মডেলের সৌন্দর্য গুরুত্বপূর্ণ ছিল। সঙ্গে কোরিওগ্রাফি। মডেলকে সুন্দর হতে হবে, ক্লিন সেভড হতে হবে। কিন্তু আমি দাড়ি রাখতাম। ওই সময় আমার কাছে অনেক প্রস্তাব আসত। দাড়ি ফেলে মডেলিং করতে হবে। আমি না করে দিয়েছি। অনেকেই আমাকে ঘাড় ত্যাড়া বা পাগল বলতেন। আমার যেটা নিজস্বতা সেটা ঠিক রাখতে চেয়েছি। এটা আবার কিন্তু বহুমুখী চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু দাড়ি রেখেই কীভাবে বহুমুখী কাজ করা যায়, সেটাই আমার চিন্তা ছিল। আমি মনে করি, দাড়ির মধ্যে একটা পুরুষালি ভাব আছে। ওই সময় একদিন আফজাল ভাই আমাকে বললেন দাড়িটা কখনোই কেটো না। আবার অমিতাভ ভাইও আমার দাড়ি নিয়ে ক্লায়েন্টের সঙ্গে যুদ্ধ করতেন। তখন আমি বুঝতে পারি দাড়ির কিছু রহস্য আছে। ওই সময় অমিতাভ ভাই নানা চরিত্র ধরে বিজ্ঞাপন বানাতেন। সেটা করতে গিয়ে তিনি আমাকে বলেছিলেন তুই খুব স্বতঃস্ফূর্ত। সহজে সবকিছু ধরতে পারিস। আবার যখন নাটক করতে এলাম সেটা সম্পূর্ণ ভিন্ন জায়গা। ওই সময় বুঝতে পারি যে আমি চাইলে নিজেকে ভাঙতে পারব।
তারপর আর দাড়ি কাটেননি?
খুব কম। পুরো ১৮ বছরে আমি চার-পাঁচবার দাড়ি কেটেছি। বাকিটা সময় ট্রিম করেছি। অনেক সময় বৈদ্যুতিক রেজার দিয়ে জিরোতে ট্রিম করেছি।

আপনি তো নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। মনে রাখার মতো কোনো চরিত্র আছে?
অনেক চরিত্র করেছি। কোনটা রেখে কোনটার কথা বলব। আমি সব চরিত্রে শ্রম দেওয়ার চেষ্টা করি। অনেকে চরিত্রটাকে খুব সাধারণভাবে নিয়ে কোনোভাবে কাজটা করে সেরে আসে। আমি পারতপক্ষে সেটা করি না। আমি ওই চরিত্রই পছন্দ করি, যেটা করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। একটা উদাহরণ দিই। গত মাসে আমি শ্রীমঙ্গলের লাউয়াছড়া জঙ্গলে সুমন আনোয়ারের ধারাবাহিক নাটক ইডিয়ট এ অভিনয় করেছি। যেটাতে আমি ট্রিম্যান বা বৃক্ষমানব চরিত্রে কাজ করেছি। ওখানে পোশাক-পরিচ্ছদ তো বটেই গলার রগ ফুলিয়ে, কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলতে হয়েছে। একটা দৃশ্য অভিনয় করে এসে ঘাড়, শরীর ব্যথা করেছে। আমি জানি না কতটা হয়েছে। তবে আমি চেষ্টাটা করেছি।
অভিনয়ের শুরু থেকেই কি এই চেষ্টা ছিল?
যখন নাটক শুরু করি তখন দেখলাম সম্মানী কম কিন্তু পরিশ্রম বেশি। তাই শুরুতে নাটকের প্রতি অনীহা ছিল। কিন্তু উপলব্ধি করি নাটক করে পর্দায় বেশি সময় থাকা যায়। লোকজন প্রশংসা করে। তখন আমি রাকায়েত ভাইকে বলি, আমি আসলে নায়ক হতে চাই না। অভিনেতা হতে চাই। নানা ধরনের চরিত্রে কাজ করতে চাই। তিনি বলেছিলেন, এটা তোমার জন্য ভালো। কিন্তু তুমি যখন প্রায় একই রকম চরিত্রে ৫০টা নাটকে কাজ করবে তখন লোকে সহজে তোমাকে চিনতে পারবে। কিন্তু ৫০টা ৫০ রকম চরিত্র হলে সহজে হয়তো চিনতে পারবে না। আমি বলেছিলাম, চেনার চাইতেই আমার কাছে জরুরি হলো, নানা ধরনের চরিত্রে কাজ করা। আমার সৌভাগ্য যে আমি হুমায়ুন ফরিদীর সঙ্গে কাজ করতে পেরেছি। রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ ভাই, ফেরদৌসী মজুমদার, সুবর্ণা আপাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি। সব সময় বলে বলে নিয়েছি এমন নয়। তাঁদের না বলেই অনেক কিছুই নিজের মধ্যে নিয়ে নিয়েছি। আমি যখন থাকব না তখন আমাকে মনে করার জন্য একটা কারণ লাগবে। আমাকে ভালোবাসার জন্য কারণ লাগবে। এই কারণটার জন্যই আমি ভিন্ন চরিত্রে আগ্রহী হয়ে উঠেছি।

অনেকের ধারণা মডেলিং থেকে অভিনয়ে আসা কঠিন। আপনার বেলায় এটা প্রতিবন্ধকতা তৈরি করেনি?
আমাদের মডেলিং সময়ে অনেকেই এটা বলতেন। ওই সময় এটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। তখন বলা হতো, মডেলরা হ্যাঙ্গার। অভিনয় পারবে না। কিন্তু আমি সেই চ্যালেঞ্জটা নিয়ে কাজ করেছি। করছিই তো।
কাকে দেখে আপনারা মনে হলো মিডিয়াতে ক্যারিয়ার গড়া উচিত?
ছোটবেলা থেকে আমার এই জগৎটার ওপর প্রেম ছিল এমনটা নয়। কাজ করতে করতে ভালোবাসাটা জন্ম নিয়েছে। মনে হয়েছে এই জগতে কিছু করতে পারব।
অনেক চরিত্রে অভিনয় করছেন। কোনো চরিত্রের জন্য ক্ষুধা আছে?
একটা মজার ঘটনা আছে। অনেকেই আমাকে বলেন ভাই এত চরিত্র করছেন চলচ্চিত্রের জন্য তো কিছুই রাখছেন না। আমি জানি না, নাটকে অভিনয়ের জন্য কোনো অভিনেতা এক মাসে নিজের ওজন কখন ১৪ কেজি কমিয়েছেন কি না। কিংবা আবার পরের চরিত্রের জন্য বাড়িয়েছেন কি না। আমি নাটকের জন্য রোদে চামড়া পুড়িয়েছি, চুল-দাড়ি না কেটে থেকেছি। নাটকের জন্য এ রকম কষ্ট আর কেউ করে কি না, আমি জানি না। আসলে আমার চরিত্রের কোনো ক্ষুধা নেই, তবে চলচ্চিত্রে অভিনয়ের ক্ষুধা আছে।
আপনার শুরুর সময়ে নিরব, ইমন, সজলও কাজ শুরু করেছেন। এঁদের সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
আমি ছোট্ট করে বলতে পারি, অনেক সময় চেষ্টা থাকে কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় না। আবার চাওয়ারও একটা ব্যাপার আছে। আমার যে চাওয়া সে চাওয়াটা তো সবার না-ও থাকতে পারে। আর কিছু বলতে চাই না।
আরিফিন শুভ আপনার পরে শুরু করে এখন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। আপনার কখনো মনে হয়নি, আমিও তো চাইলে শুভর মতে হতে পারতাম?
কখনোই মনে হয়নি। ও অনেক আগে নাটক বন্ধ করে চলচ্চিত্র নিয়ে পড়ে ছিল। অনেক খারাপ সময় পার করে এসেছে। কিন্তু নিজের চেষ্টা নিজের লক্ষ্য থেকে পিছপা হয়নি। লেগে থাকতে থাকতে ও এখন নিয়মিত কাজ করছে। আমার খারাপ লাগে না। বরং ভালো লাগে আমাদের একটা বন্ধু চলচ্চিত্রে ভালো করছে। একটা অভিজ্ঞতা বলি, আমাদের শুরুর সময়ের ঘটনা। আমরা তখন নিয়মিত র্যাম্প শো করতাম। আমি মিথিলা, অপূর্বসহ অনেকেই আড্ডা মারতাম। শুভ একটু দূরে বসে থাকত। ওই সময় একদিন আমার মুঠোফোনে মেসেজ দিল, আমি কি তোমার বন্ধু হতে পারি? তারপর থেকেই আমরা ভালো বন্ধু হয়ে যাই।

এখন নাটকের অবস্থা কী? আপনার জায়গা থেকে বলুন?
অনেকে বলবে নাটকের ধ্বংস হয়ে গেছে, কিছু হচ্ছে না। আমি এই কথার সম্পূর্ণ দ্বিমত। একটা উদাহরণ দিই—আগেও ডালভাত, ভর্তা, বিরিয়ানি ছিল। এখনো আছে। আগে মাসে একবার বিরিয়ানি খেত এ কারণে ভালো লাগত, এখন প্রতিদিন বিরিয়ানি খাওয়া হয়। এ কারণে হয়তো ভালো লাগে না। বিরিয়ানির স্বাদ পাওয়া যায়। তবে এটা সত্যি বাজেট কমে গেছে। অনেক অ্যারেঞ্জার ডিরেক্টর হয়েছে। সব মিলিয়ে আগেও ভালো-খারাপ কাজ হয়েছে, এখনো হয়। সমস্যা হলো, এখন অনেকেই পরিচালক হয়ে যাচ্ছেন এটা ঝুঁকিপূর্ণ।
চলচ্চিত্রে অভিনয় করছেন না কেন?
যদি চলচ্চিত্র করি তবে সেটাই নিয়মিত করব। একটা চলচ্চিত্র করে এসে আবার নাটক করব, এমনটা চাই না। তা ছাড়া আমার সম্মানীর একটা ব্যাপার আছে। নাটক করে মাসে যে আয়টা করি, সেটা কি সিনেমা করে করতে পারব? বছরে কয়টা সিনেমা করব? কতগুলো করলে আমি ঠিকঠাক জীবন যাপন করতে পারব? সেই হিসাব করেই তো আমাকে এগোতে হবে। চলচ্চিত্র আমি চ্যারিটি হিসেবে করতে চাই না। চলচ্চিত্র হিসেবেই করতে চাই।
ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শেষ করি। আপনি বিয়ে করেছেন সাত বছর। ভাঙাগড়ার এই সময়ে ঠিকঠাক টিকে আছেন। রহস্য আছে কোনো?
এ ব্যাপারে আমি আসলে একটু বেকুব আছি। না হলে ১৪ বছর একই মানুষের সঙ্গে প্রেম করেছি। তারপর আবার বিয়ে করেছি। বেকুব না হলে কেউ করে (হাসি)। আমরা প্রেমের সময়েও ঝগড়া করেছি, এখনো করি। ঝগড়া করতে করতেই আমাদের বাবু হয়েছে। ওর বয়স হয়েছে তিন বছর তিন মাস। আমি স্ত্রীকে বলেছি, বাকিটা জীবন আমরা ঝগড়া করতে করতে কাটিয়ে দেব। কী বলো? ও রাজি হয়েছে। সবাই বলে বিয়ে ওপরওয়ালা ঠিক করে দেন। কিন্তু এমনকি কেউ নিশ্চয়তা দেবেন যে পরের বিয়েটা বা বউটা শান্তি দেবেন? নিশ্চয়তা পেলে হয়তো আমি আরেকটা বিয়ে করার উদ্যোগ নিতাম। নিশ্চয়তা তো কেউ দেবেন না। তাই আমি মনে করি, আজীবন একসঙ্গে থাকব, এটাই একসঙ্গে থাকার বড় কারণ।