দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক যাও পাখি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন আজাদ আবুল কালাম এবং পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। এতে অভিনয় করছেন নাজনীন চুমকি। কথা হলো তাঁর সঙ্গে।‘যাও পাখি’ নাটকে কাজের কথা বলুন।এটা তো শীর্ষেন্দুর খুব জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। তাই গল্পটা অনেকেরই জানা। তবে চিত্রনাট্যটাও খুব চমৎকার হয়েছে। সেদিন শুটিংয়ে আমার এক কথা শুনে সবার সেকি হাসি! গল্পে অনেক দিন আমার বাচ্চা হয় না। একসময় কিন্তু হবে। ওই চিন্তাটা কাজের সময় আমার মধ্যে প্রায়ই ঘুরেফিরে আসে। আমিও পরিচালককে হুট করে জিজ্ঞেস করলাম, আমার বাচ্চা কবে হবে? হঠাৎ আমার এ কথা শুনে সবাই একটু চমকে যায়, এরপর শুরু হয় হাসি।একুশে টিভির ‘পোস্টার’ নাটকের শেষ দিকে কী ঘটবে?আসলে নাটকটির কাজ হঠাৎ শেষ হয়ে গেল। শেষ করার জন্য একটা প্রস্তুতি থাকে, এর রেশ শুরু হয় কয়েক পর্ব আগে থেকেই। সবকিছু বেশ গোছানো থাকে। এখানে তার কিছুই হয়নি। এত ভালো একটা নাটকের শেষ যে এভাবে হবে, তা মনে হলেই কষ্ট পাই।আপনি তো দেখছি এখন উপস্থাপনা করছেন।অনেকটা হঠাৎই দেশ টিভি থেকে একটি অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হলো। আর অনুষ্ঠানটি হলো যমজদের নিয়ে। নাম আমরা দুজন দেখতে কেমন। অনেক ভেবেচিন্তে রাজি হলাম। কিন্তু মনে অনেক ভয় ছিল। তবে প্রথম অনুষ্ঠানটি দেখানোর পর অনেকেই প্রশংসা করেছে।লেখালেখির কী খবর?এ পর্যন্ত আমার লেখা পাঁচটি এক ঘণ্টার নাটক বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। আমি আর রাজিবুল ইসলাম যৌথভাবে একটি ধারাবাহিক লিখেছি; নাম অগ্নিরথ। এ ছাড়া আমি একা নায়িকা সংবাদ নামের ১০ পর্বের একটি ধারাবাহিক লিখছি।আর চলচ্চিত্রে অভিনয়?এর আগে লালন ও ঘানি ছবিতে অভিনয় করেছি। এবার কাজী মোর্শেদের ছবিতে কাজ করব; নাম একটি কমলালেবুর গল্প। সরকারি অনুদানে এটি তৈরি হবে। আগামী মাস থেকে কাজ শুরু হওয়ার কথা। টাঙ্গাইল আর রাজেন্দ্রপুরে কাজ হবে। বিনোদন প্রতিবেদক