আমি এখনো ফুরিয়ে যাইনি: ওমর সানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমর সানী
ওমর সানী

তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবি দিয়ে অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে অভিনয় করেছেন তিনি। ছবিটিতে আরও অভিনয় করছেন ফেরদৌস, সজল, মৌসুমী নাগ, স্বর্ণা প্রমুখ।   
ওমর সানী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এটা বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য নিঃসন্দেহে ইতিবাচক একটি দিক। আমি আবারও চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। সবাইকে বুঝিয়ে দিতে চাই, আমি এখনো ফুরিয়ে যাইনি।’
‘রান আউট’ ছবি সম্পর্কে ওমর সানী বলেন, ‘ছবিটিতে আমাকে পুলিশ অফিসার চরিত্রে দেখতে পারবেন দর্শকেরা। ছবিটিতে কাজ করে মনে হচ্ছে, অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে এতে। কাজটি করে অনেক মজা পাচ্ছি। সব মিলিয়ে ছবিটির কাজ আমি খুবই উপভোগ করছি।’
সামনে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করবেন বলেও জানিয়েছেন ওমর সানী। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আহমেদ আলী মণ্ডলের ‘‘প্রবাসী প্রেম’’ ছবির শুটিং শেষ করলাম। সামনে সোহানুর রহমানের নতুন একটি ছবিতে অভিনয়ের কথা চলছে। এ ছাড়া আরও তিনটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’

সর্বশেষ গত বছর মুক্তি পাওয়া ওয়াজেদ সুমনের ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’ ছবিতে অভিনয় করেছিলেন ওমর সানী।