আমি এত অলস কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিন রওশন
হাসিন রওশন

আমার যত দোষ
 আমি প্রচণ্ড অলস। তাই নিজেই নিজেকে মাঝেমধ্যে প্রশ্ন করি, আমি এত অলস কেন? মজার বিষয় হলো, এ দোষটা মানুষ সহজে ধরতে পারে না। সবাই ভাবে, আমি খুব সক্রিয়। কিন্তু কাজ শেষে আমি যদি একবার ঘরে ফিরে গা এলিয়ে দিই, আমাকে আর সহজে ঘর থেকে কেউ বের করতে পারে না।
 আমি অনেক ঘুমাই। এটা আমার অনেক বড় একটা দোষ। মানুষ কাজের সময় হিসাব করে ঘুমায়। আর আমি ঘুমের সময় হিসাব করে কাজ করি।
 আমার আরেকটা দোষ হতে পারে, আমি কোনোকিছু বেশিদিন ধরে রাখতে পারি না। নিজের কাছেই নিজের করা প্রতিজ্ঞা আমি ভেঙে ফেলি। দেখা গেল, আমি পণ করলাম নিয়মিত এখন থেকে জিমে যাব। প্রথম কয়েক দিন বেশ নিয়ম করে জিমে গেলেও, একটা সময় পর আমি আগ্রহ হারিয়ে ফেলি। এটা অনেক বাজে একটা দোষ আমার।

আমার যত গুণ
 আমি খুব সময় মেনে চলি। তা ঘরে হোক, কিংবা বাইরে। ঘড়ির কাঁটার হেরফের আমার পছন্দ না। এ জন্য অবশ্য অনেক সময় আমাকে ভোগান্তিতে পড়তে হয়। কারণ দেখা যায়, আমি সময় মানলেও অনেকেই মানে না।

 সত্যি কথা বলি। মিথ্যা বলা কিংবা শোনা—কোনোটাই সহ্য করতে পারি না। আমার সত্যিটা যদি অন্য কারও ক্ষতির কারণ হয়, তখনো মিথ্যাকে প্রশ্রয় দিই না। সেই পরিস্থিতিতে নীরবতাকেই শ্রেয় বলে মনে করি।
 ভারসাম্য মেনে চলার একটা প্রবণতা আছে আমার। যেটা আমার দৃষ্টিতে নিজের একটা গুণ বলেই মনে করি। ব্যক্তিজীবন আর কর্মজীবনকে আলাদা রাখা খুবই জরুরি। আমার বিশ্বাস, সে কাজটা আমি ভালোভাবেই করি। একটিকে কখনো অন্যটির সঙ্গে মেলাই না।
গ্রন্থনা: মোসাররাৎ শবনম