আমি খুব ঠোঁটকাটা মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদুজ্জামান সেলিম
শহীদুজ্জামান সেলিম

আমার যত দোষ
 রাগতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই...আমি চট করে রেগে যাই। রাগলে হিতাহিত জ্ঞান থাকে না; এমনকি রেগে গেলে আমি রাগ আড়ালও করতে পারি না। ফলে রাগের কারণে নানা সময়েই নানা মুশকিল ঘটে আমার।
 খুব ঠোঁটকাটা ধরনের মানুষ আমি। সব সময় মানুষের মুখের ওপর কথা বলি। এতে কেউ মন খারাপ করতে পারে, এটা বিবেচনায় থাকে না। ভেতর থেকে যা বিশ্বাস করি, তা-ই বলি। তবে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সব সময় স্পষ্ট কথা বলা নানা রকম বিপত্তিরও জন্ম দেয়। তাই এখন অনেক সময় আমার ঠোঁটকাটা স্বভাব আমার কাছে দোষ বলেই মনে হয়। এখানে পাঠকের কাছেই প্রশ্ন রাখি, বলুন তো, স্পষ্ট কথা বলা কি আমার দোষ?
 ‘নিজের বুদ্ধিতে ফকির হওয়াও উত্তম’—জীবনে চলার পথে এ হলো আমার নীতি। মানে বলতে চাইছি, আমি সবকিছু নিজের মতো করে ভাবি। এ ক্ষেত্রে অন্যের বিবেচনাকে খুব একটা পাত্তা দিই না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, আমার সব ভাবনা সব সময় পুরোপুরি ঠিক নয়। তবু আমি নিজের সিদ্ধান্তে অটল। আমার এই একগুঁয়েমি কিন্তু দোষই।

আমার যত গুণ
আমি খুব পরিশ্রমী। আমি আজ যত দূর এসেছি, এর পেছনে রয়েছে পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। ‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে’—না, অন্যায় সে যেমনই হোক না কেন, কোনো ধরনের অন্যায় সহ্য করতে পারি না আমি। নিজের অবস্থান থেকে সব সময় অন্যায়ের প্রতিবাদ করি। এটা আমার একটা ভালো গুণ বলেই মনে হয়। তবে এখনকার বাস্তবতায় এটা কিন্তু আবার দোষও বটে!...হা হা হা। আমি কম মিথ্যা কথা বলি; এবং প্রয়োজনের তাগিদে কখনো টুকটাক মিথ্যা বললেও তার জন্য আবার গ্লানি বোধ করি।

গ্রন্থনা: আ. শা.