
পঁচাশি বছর পর খুঁজে পাওয়া গেল বহুল প্রতীক্ষিত অধরা কণা ফার্মিয়ন, ভাইল ফার্মিয়ন। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী জাহিদ হাসানের নেতৃত্বে একদল গবেষক পরীক্ষাগারে এই কণা খুঁজে পেয়েছেন। তিনি বাংলাদেশের ছেলে। তাঁর নামের সঙ্গে আপনার নামের চমৎকার মিল রয়েছে। ব্যাপারটা খেয়াল করেছেন?
মিলন ফরাজী, শ্রীনগর, মুন্সিগঞ্জ
* নামে নামে যমে টানে, আবার নামে নামে সুনাম আনে।
খাবার খেয়েছি, কিন্তু ক্ষুধা লাগছে। আবার ঘুমিয়ে পড়েছি কিন্তু চোখে দেখছি। এসব কেন হয়?
কাউসার সরকার, দাউদকান্দি, কুমিল্লা
* প্রেমে পড়লে।
আপনি তো খুব ব্যস্ত। পরিবারের জন্য কীভাবে সময় বের করেন? আর ওই সময়টা কীভাবে ব্যবহার করেন?
রনি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
* আমি কিন্তু খুব সাধারণ মানুষ। আর দশজন সাধারণ মানুষ যেভাবে পরিবারের সঙ্গে সময় কাটায়, আমিও তেমনি কাটাই।
আমি যদি জাহিদ হাসান হতাম, তাহলে আপনি আমাকে কী প্রশ্ন করতেন?
আল-আমিন, গাইবান্ধা
* মানুষ আপনাকে এত ভুল বোঝে কেন?
কখনো ভেবে দেখেছেন, আপনার চেয়ে আরও বড় এবং জনপ্রিয় অভিনেতা আছেন?
মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম কলেজ
* আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
মধুচন্দ্রিমায় গিয়ে নতুন বউ যদি অন্য ছেলের গল্প বলে, তখন কী করব?
মোতাহার হোসেন, লালমনিরহাট, পাটগ্রাম
* বাস্তব তো তোমার কাছে। গল্প হোক আরেকজনের, অসুবিধা কী!
মৌকে বিয়ে করে সুখী হয়েছেন, নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আরও বেশি সুখী হতেন?
শহীদুল ইসলাম, পল্লবী, মিরপুর
* পাগল নাকি!
সকালে ঘুম থেকে ওঠে যদি দেখেন আপনি ছয় বছরের শিশু হয়ে গেছেন আর আপনার মেয়ে পুষ্পিতা বড়। তখন পুষ্পিতাকে কোন কথাটি প্রথম বলবেন?
শায়ন বড়ুয়া, গ্রিন রোড, ফার্মগেট
* আজকে স্কুলে যাব না।
মানুষ কেন আপনার অভিনয় পছন্দ করে?
জাহিদ হাসান, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
* মানুষ যে বুদ্ধিমান, তাই।
প্রেম করে বিয়ে নাকি বিয়ে করে প্রেম—আপনার মেয়েকে কোনটির পরামর্শ দেবেন?
রাজিবুল ইসলাম, শ্রীপুর, মাগুরা
* ফিফটি ফিফটি।
আপনার কাছে জীবনের রং কী?
প্রতিম চৌধুরী, নেত্রকোনা
* বেনিআসহকলা।
ছোটবেলা কী হতে চেয়েছিলেন?
মাকছুদের রহমান, কালিতারা বাজার, নোয়াখালী
* যা দেখতাম, তা-ই হতে ইচ্ছে করত।
বলিউডের এ সময়ের জনপ্রিয় কোনো নায়িকা আপনার সঙ্গে অভিনয় করতে চাচ্ছেন। আপনি কী করবেন?
তরিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়
* ছবিতে আমার চরিত্রটা কেমন হবে, আগে সেটা দেখব। নায়িকা কোনো ব্যাপার না।
‘চাপাবাজ’ নাটকে আপনি অনেক চাপা মারেন এবং ধরা পড়েন? বাস্তবে কখনো এমনটা ঘটেছে?
সোহানুর রহমান, কুড়িগ্রাম
* আমি তো চাপা মারি না। চাপা মারলে ধরা পড়তেই হবে।
আপনার অভিনয়ের শুরুটা কীভাবে হয়েছিল?
লিখন সরকার, নাটুয়ার পাড়া, সিরাজগঞ্জ
* আমি কাব স্কাউটের সদস্য ছিলাম। তখন ক্যাম্প ফায়ারে প্রথম অভিনয় করি। বড় হয়ে মঞ্চে কাজ করেছি। এরপর...
সেরা প্রশ্ন
আপনার মতো একজন ভালো মানুষ হতে হলে কোন গুণটি অবশ্যই থাকতে হবে?
আহমদ সাদী, সিলেট
* সৎ হতে হবে।
অভিনন্দন আহমদ সাদী। আপনি পাচ্ছেন ৩০০ টাকার মুঠোফোন রিচার্জ। প্রশ্ন পাঠাতে পারেন ই-মেইলে [email protected] ফেসবুকে facebook.com/anandabinodon.pa কিংবা ডাকযোগে, খামের ওপর অবশ্যই লিখতে হবে ‘বরাবর জাহিদ হাসান’ আনন্দ, প্রথম আলো, সি এ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।