আমি গুপ্তধন পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রংপুরের ছাওয়াল’ নামেই বেশি পরিচিত রুমী। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে সামনে আসেন এই তরুণ সংগীতশিল্পী। এরই মধ্যে তাঁর গাওয়া কয়েকটি গান দারুণ জনপ্রিয় হয়েছে। এরপর হঠাৎ নিরুদ্দেশ। ২৩ নভেম্বর বিকেলে আবার পাওয়া যায় তাঁকে।
রুমী
রুমী

এত দিন কোথায় ছিলেন?
গান গাওয়ার জন্য আগে মাঝেমধ্যেই দেশের বাইরে যেতাম। কিন্তু ২০০৮ সালে পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে চলে যাই। ওখানে ২০০৯ সালে আমার মেয়ে আরশীর জন্ম। দেশে আসা হতো; অল্প কয়েক দিনের জন্য। ২০১৩ সালে এসে মিশ্র শিল্পীর একটা অ্যালবামে গানও করেছি। এরপর এবার নভেম্বর মাসে আবার এসেছি। তবে এবার আর ওখানে স্থায়ীভাবে যাওয়ার ইচ্ছে নেই।
বাংলাদেশেই থাকবেন?
তেমনই ইচ্ছে। আমার মা-বাবা রংপুর থাকেন। আমি তাঁদের একমাত্র ছেলে। তাঁদের দিকেও খেয়াল রাখতে হয়। তাই এখন দেশেই থাকতে চাই।
গান নিয়ে কী ভাবছেন?
গান নিয়ে নতুন কিছু পরিকল্পনা আছে। সামনে এগুলো নিয়ে কাজ করব।
পরিকল্পনার ব্যাপারে কিছু বলা যাবে?
অনেক দিন দূর থেকে দেশটাকে দেখেছি। ভেবেছি। আমার কাছে মনে হয়, এই দেশে অনেক কিছু করার আছে। এই যে গান নিয়ে অনেক সমস্যার কথা শুনি, এসব কিন্তু সব দেশে আছে। এগুলোর মধ্যে থেকেই নতুন আর ভালো কিছু করতে চাই।

কী ধরনের গান করার ইচ্ছে আছে?
তিনটি মৌলিক গান তৈরি আছে। আগামী ডিসেম্বর মাসে তা প্রকাশ করব। আমার বিশ্বাস, আমার ‘মাটি হব’, ‘বোকা’ গানগুলোর মতো নতুন তিনটিও জনপ্রিয় হবে। দেশের বাইরে কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি। অল্প সময়েই তাঁদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। কিছু লোকগান পেয়েছি। এগুলোর বেশির ভাগই সুর ঠিক করা। আমি শুধু তাতে কণ্ঠ দেব। তাঁরা ভালোবেসে আমাকে গানগুলো দিয়েছেন।
তাহলে আগামী কয়েক মাস লোকগান নিয়েই থাকবেন।
কয়েক মাস না, যদি সারা জীবন গানগুলো গাইতে চাই, ফুরাবে না। আপাতত ওই গানগুলো নিয়েই এগিয়ে যেতে চাই। আমার কাছে এগুলো গুপ্তধন। বলতে পারেন, আমি গুপ্তধন পেয়েছি।
দেশে গানের বাজার সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন।
আমি জেনে-বুঝে শুধু গান নিয়ে থাকতেই দেশে ফিরে এসেছি। এখানে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। অনেক জনপ্রিয় গীতিকার ও সুরকার গান করা ছেড়েই দিয়েছেন। কিন্তু আমি আশাবাদী। একটা জানালা বন্ধ হলে হাজারটা জানালা খুলে যায়। শুধু একটু চোখ-কান খোলা রেখে এগোতে হবে।
এখন যাঁরা গান করছেন; নতুনদের গান শোনা হয়?
নতুনরা ভালো করছেন। তবে অনেকে ফিউশনের কথা বলে একটার সুর আরেকটার সঙ্গে জোড়া দিচ্ছেন। নতুন কিছু তৈরি হচ্ছে না। এটা দুর্ভাগ্য।
আপনি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। অভিনয়ও করেছেন।
আপাতত শুধু গান। আর কিছু ভাবছি না।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক