
ন্যান্সি। সংগীতশিল্পী। অল্পদিনেই গান গেয়ে পেয়েছেন জনপ্রিয়তা। তৈরি করেছেন নিজের আলাদা অবস্থান।
স্ট্রেট বল
‘ন্যান্সি’ ছাড়া মানুষ আমাকে যেসব নামে ডাকে
নানু ডাকেন মণি, বড় ভাই আদর করে ন্যান ডাকতেন আর মা খুব আহ্লাদি হয়ে গেলে ডাকতেন মনো।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাটা দিন যেন ভালো কাটে।
এক শব্দে—মাইক্রোফোনের সামনে প্রথম দিন
অনুভূতিহীন।
ছোটবেলার দুষ্টুমি
আমার ভাই জনি আর আমি একসঙ্গে ঘুমাতাম। কথা ছিল একদিন আমি মশারি টানাব, একদিন ও। আমার যেদিন টানানোর কথা, সেদিন আমি আগে আগেই ঘুমের ভান করে পড়ে থাকতাম। ও ডাকলেও উঠতাম না।
গুগলি
একটা অসম্ভব চাওয়া
পৃথিবীর কোনো সন্তানকেই কখনো যেন তাঁর মায়ের মৃত্যু দেখতে না হয়।
আমার দেখা সবচেয়ে সুন্দর হাসি
আমার মায়ের হাসি।
একদিন ঘুম থেকে উঠে যদি দেখতাম
মা বেঁচে আছেন।
সুযোগ পেলে যাঁর সঙ্গে দেখা করতে চাই
সেভাবে কারও সঙ্গে দেখা করতে ইচ্ছা করে না। খুব বড় কারও সঙ্গে দেখা করতে সংকোচ বোধ হয়। তবে সুযোগ পেলে সালমান খানের সঙ্গে দেখা করব।
বাউন্সার
যে সুযোগ হারিয়েছি বলে আফসোস হয়
অনেক সুযোগই হারিয়েছি। এ নিয়ে কখনো আফসোস হয় না।
একজনকে একটা কথা কখনো বলা হয়নি
মাকে। কখনো বলা হয়নি ‘মা আমি তোমাকে অনেক ভালোবাসি।’
যে খাবারটা সামনে দেখলে নিজেকে সামলাতে পারি না
চালের রুটি আর গরুর মাংস।
ছোটবেলায় কেউ যদি কানে কানে বলত, ‘তুমি একদিন অনেক বড় তারকা হবে’
ছোটবেলায় মা ছাড়া কেউ এই কথা বলেনি। মধ্যবিত্ত পরিবারে গান করাটা কেউ ভালো চোখে দেখে না। অনেক কটু কথাও শুনতে হয়েছে। কিন্তু যখন বড় হলাম, পরিচিতি পেলাম। হঠাৎ আত্মীয়স্বজনের মধ্য থেকে অনেকেই বলতে শুরু করলেন, ‘আমরা আগেই জানতাম। এটা আমাদের বংশের মেয়েদের গুণ!’
ফুল টস
যে কাজে আমি সবচেয়ে আত্মবিশ্বাসী
অবশ্যই গান।
আমার বন্ধুভাগ্য
ভালো না, খারাপও না।
শিল্পী হিসেবে নিজেকে নম্বর দিতে হলে
শুধু দেশের ভেতর যদি বিবেচনা করি, দশে সাত।
একটা মনের মতো বিকেেল
ছাদের ওপর একটা ফুলের বাগান। ছোট্ট টেবিল। মুখোমুখি দুটো চেয়ার। আমি আর আমার স্বামী, দুজনের হাতে দুই কাপ কফি।
পাওয়ার প্লে
আমার সেরা কাজ
‘বাহির বলে দূরে থাকুক’
যেদিন আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল অনেক
ছোটবেলা থেকে আমি ছিলাম মায়ের চাবি দেওয়া পুতুল। অমুক অনুষ্ঠান, তমুক প্রতিযোগিতা, মা বলেছেন ‘গাও’, আমি শুধু গেয়েছি। আত্মবিশ্বাস বেড়ে যাওয়া বা কমে যাওয়ার মতো কিছু ঘটেনি।
মনে রাখার মতো প্রশংসাসূচক বাক্য
প্রথম যখন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেলাম, সুবর্ণা মুস্তাফা এগিয়ে এসে বলেছিলেন, ‘তুমি অনেক ভালো গাও। একদিন অনেক দূর যাবে।’ তাঁকে ছোটবেলা থেকে টিভিতে দেখেছি, তাঁর কাছ থেকে পাওয়া প্রশংসা আমার কাছে অনেক বড়।
দর্শকের কাছ থেকে পাওয়া অবাক করা ভালোবাসা
একটা আসবাবপত্রের দোকানে খুব বয়স্ক একজন লোক আর তাঁর স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল। তাঁরা আমাকে দেখে এগিয়ে এসে বলেছিলেন, ‘জানেন, আপনি আশ্চর্য ভালো গান করেন।’