গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে পশ্চিম বাংলার বাংলা গানের সুরকার ও শিল্পী মৃণাল চক্রবর্তী। ২২ জুন বিখ্যাত এই শিল্পী পৃথিবী ছেড়ে চলে যান। তাঁর স্মরণে লিখেছেন তাঁরই স্নেহভাজন আরেক শিল্পী এবং দিল্লি গান্ধর্ব মহাবিদ্যালয়ের শিক্ষক সমরজিৎ রায়‘ঠুং, ঠাং, ঠুং, ঠাং চুড়ির তালে থৈ থৈ বন্যা নাচেরে’—বিখ্যাত এ গানের সুরকার ও শিল্পী হলেন মৃণাল চক্রবর্তী। যাঁর কণ্ঠে গীত জনপ্রিয় আরও কিছু গান—‘কথা দাও ভুলবে না গো, আমি তো ভুলব না’, উত্তমকুমারের বিচারক ছবির ‘আমার মল্লিকা বনে’, অভিশপ্ত চম্বল ছবির মান্না দের সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘ঝুম ঝুম কি নাচোরে’। বিখ্যাত এই শিল্পী আজ আমাদের মধ্যে নেই। নাড়ির সম্পর্ক না থাকলেও তিনি ছিলেন আমার দাদুর মতোই। সারা জীবন নিজের নাতির মতোই স্নেহ করেছেন আমাকে। দিল্লিতে থাকার সুবাদে আমাকে সব সময় কলকাতা হয়ে আসা-যাওয়া করতে হয়। কলকাতায় গেলে তাঁর বালিগঞ্জের বাসায়ই উঠতাম। দাদুর কাছে আমার অনেক কিছুই শেখা।২০০৪ সালে ডিডি ন্যাশনাল চ্যানেলের সুবহে সবেরে অনুষ্ঠানে আমার একটি সাক্ষাৎকার দেখানো হয়। সেদিন অনুষ্ঠানে হিন্দি গানের পাশাপাশি দাদুর ‘কথা দাও ভুলবে না গো’ গানটিও গেয়েছিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর দাদুর ফোন এল। তিনি বললেন, ‘কী অসাধারণ গাইলি তুই গানটি।’ আরও বললেন, ‘গানটি তুই আমার রেকর্ডের চেয়েও ভালো গেয়েছিস।’ তাঁর উৎসাহ দেওয়াটা ছিল এই পর্যায়ের।মৃণাল সেনের কথা ও সুরে আমার আধুনিক গানের একটি অ্যালবাম হবে। আমি দিল্লি থেকে কলকাতা এলাম দাদুর বাড়িতে। ওখানে বসে প্রতিদিন তিনি একটি করে গান তুলে দিচ্ছিলেন অতি যত্নের সঙ্গে। এভাবে ছয়টি গান তুলে দিলেন। একই অ্যালবামে একই গীতিকার ও সুরকারের সব গান হলে একঘেয়েমি আসতে পারে। তাই তিনি আমাকে নিয়ে গেলেন আরেক বিখ্যাত সুরকার অজয় দাসের বাড়িতে।‘আমি যে কে তোমার তুমি তো বুঝে নাও’/ ‘এই তো জীবন হিংসা-বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ’ জনপ্রিয় এই গানগুলো অজয় দাসেরই সুর করা। যা-ই হোক, অজয় দাসের বাড়িতে যাওয়ার পরে তিনি আমার গান শুনলেন এবং এতই মুগ্ধ হলেন যে তিনি দাদুকে বললেন, ‘মৃণালদা, আপনার নাতিকে এত দিন কোথায় লুকিয়ে রেখেছিলেন? ও দেখবেন খুব নাম করবে।’যা-ই হোক, তিনি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা চারটি গান সুর করে আমাকে দিলেন অ্যালবামের জন্য। পরে কলকাতার উৎসব রেকর্ডিং স্টুডিওতে সমীর খাসনবিশের সংগীতায়োজনে মৃণাল দাদুর সংগীত পরিচালনায় গানগুলো রেকর্ড হয়। মনে আছে, রেকর্ডিংয়ের সময় কতবার দাদু আমাকে বকেছেন, আবার ছুটে এসে আনন্দে জড়িয়ে ধরেছেন। মজার বিষয় হলো, গানগুলো আমাকে ঠিক পুরোনো দিনের মতো এক ট্যাকে গাইতে হয়েছিল। দাদুকে বললাম, এখন তো কম্পিউটারের যুগ, তাই আমরা কি একটু কেটে কেটে গানগুলো রেকর্ড করতে পারি না? তিনি রাজি হলেন না। তাই বাধ্য হয়ে আমাকেও একবারেই প্রতিটি গান গাইতে হলো। তিনি হাঁটতে খুব পছন্দ করতেন। টাকা অপচয় করা একদম পছন্দ করতেন না। রেকর্ডিংয়ে যাওয়ার সময় ট্যাক্সি নেওয়ার কথা বললেই তিনি খুব বকা দিতেন। বালিগঞ্জ থেকে অনেক দূর পথ হাঁটিয়ে নিয়ে যেতেন বাস ধরার জন্য। এত জোরে হাঁটতেন যে আমাকে রীতিমতো দৌড়াতে হতো। যা-ই হোক, কিছু কারণে অ্যালবামটি আমরা তখন প্রকাশ করিনি। কিন্তু দাদু হঠাৎ করে চলে গেলেন। আশা করছি, অ্যালবামটি খুব শিগগিরই ভালো কোনো কোম্পানি থেকে বের করতে পারব। দাদু চেয়েছিলেন অ্যালবামটি বাংলাদেশ থেকে রিলিজ হোক। বাংলাদেশকে খুব ভালোবাসতেন। কতবার চট্টগ্রামে আমার বাড়িতে আসার পরিকল্পনা করেও অসুস্থতার কারণে আসতে পারেননি। আমার পরিবারের সঙ্গে মৃণাল দাদুর পরিবারের অসাধারণ সম্পর্ক, যা আজও অটুট। দাদুর এক সন্তান রাজশেখর চক্রবর্তী (ডাকনাম বুবুল), স্ত্রী উমা চক্রবর্তী, পুত্রবধূ পারমিতা চক্রবর্তী ও নাতিন শ্রুতি চক্রবর্তী (ডাকনাম বুবলী)। দাদুর পরিবারের সঙ্গে এত বেশি স্মৃতি—তা লিখে শেষ করা যাবে না। দাদু মারা যাওয়ার পরে দিদাকে যখন ফোন করেছিলাম। তিনি বললেন, ‘তোর দাদু চলে গেছেন, এখন কি তুই আর আমাকে দেখার জন্য আসবি আগের মতো?’