আমি তোমাকে ভালোবাসি বলা খুব কঠিন: ম্যাকার্টনি

প্রেমিক হিসেবে বিটলস তারকা পল ম্যাকার্টনিকে যথেষ্ট সফল বলা যায়। একাধিক নারীর সঙ্গে প্রণয়ে জড়ানোর পাশাপাশি তিন-তিনবার বিয়ে করেছেন প্রখ্যাত এ ব্রিটিশ সংগীতশিল্পী। সেই ম্যাকার্টনিই কিনা মনে করেন, কাউকে ভালোবাসার কথা জানানো অনেক কঠিন একটি কাজ! সম্প্রতি বর্ষীয়ান এ সংগীত তারকা নিজেই জানিয়েছেন, আমি তোমাকে ভালোবাসি কথা বলাটা নাকি অনেক কঠিন।
২০০৭ সালে নিউইয়র্কের ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের মেয়ে ন্যান্সি শেভেলের সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন ম্যাকার্টনি। চার বছর চুটিয়ে প্রেম করার পর তাঁরা গাঁটছড়া বাঁধেন ২০১১ সালের অক্টোবরে। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে ম্যাকার্টনি জানান, ‘আমি তোমাকে ভালোবাসি কথাটা কাউকে বলার কাজটি খুব কঠিন। ন্যান্সির প্রতি আমার তীব্র ভালোবাসার অনুভূতি জন্ম নিলেও মুখ ফুটে তা প্রকাশ করাটা মোটেও সহজ ছিল না আমার পক্ষে।’ এক খবরে এমনটিই জানিয়েছে দ্য সান।
ম্যাকার্টনির ১৬তম স্টুডিও অ্যালবাম ‘নিউ’ মুক্তি পাচ্ছে ১৪ অক্টোবর। নতুন ১২টি গান দিয়ে সাজানো অ্যালবামটির একটি গানে ভালোবাসা নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন পল ম্যাকার্টনি।
প্রসঙ্গত, ১৯৬৯ সালের মার্চে মার্কিন সংগীতশিল্পী ও আলোকচিত্রী লিন্ডা ইস্টম্যানকে বিয়ে করেছিলেন পল ম্যাকার্টনি। ১৯৯৮ সালে লিন্ডার মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত এক ছাদের নিচে বসবাস করেছেন পল ও লিন্ডা। তাঁদের তিন সন্তান মেরি, স্টেলা ও জেমস।
পল দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন ২০০২ সালে। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবেক ব্রিটিশ মডেল ও নারী উদ্যোক্তা হিদার মিলস। পরের বছর ম্যাকার্টনিকে সন্তান উপহার দেন হিদার। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি হিদার-ম্যাকার্টনির সংসার। ২০০৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এক বছরের মাথায় ন্যান্সি শেভেলকে নতুন মনের মানুষ নির্বাচন করেন ম্যাকার্টনি। ২০১১ সালে বিয়ে করে থিতু হন তাঁরা।