আমি না অনেক অলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহানা মিলি
ফারহানা মিলি

ফারহানা মিলি

আমার যত দোষ
আমি খুবই আবেগপ্রবণ। যে কাজ যুক্তি দিয়ে করা উচিত, সেটা হয়তো আমি করি আবেগ দিয়ে। এ জন্য মাঝেমধ্যেই অনেক ভুলও করে থাকি; ফলে কোনো কোনো ক্ষেত্রে আমাকে কাঁদতেও হয়। মজার ব্যাপার হলো, ছোটবেলায় আমার মামা আমাকে ‘কান্দুনি’ বলে ডাকতেন। এখনো আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না, এটা আসলেই আমার একটা দোষ।
হুট করে রেগে যাই আমি। এটা হওয়ার কারণ আমার মনে হয় আমি একটু ভীতু-প্রকৃতির। কান্না ও রাগ মিলেমিশে যখন নিজের প্রতি বিরক্ত হই, ঠিক তখনই হুট করে আরও রেগে যাই। আশার ব্যাপার, ইদানীং আমার রাগ একটু কমে যাচ্ছে।
আমি না অনেক অলস। বই পড়তে খুব ভালোবাসি। তবে যেদিন পড়তে চাই, সেদিন আর পড়া হয় না। সিনেমা দেখতে ইচ্ছা করলে ডিভিডি কিনে নিয়ে আসি, কিন্তু দেখা হয় অনেক পরে। অালস্য ছাড়ার চেষ্টা করেও দূর করতে পারছি না। এটা তো আমার দোষই, তাই না!

আমার যত গুণ
আমার মন কিন্তু অনেক পরিষ্কার। আমি কোনো ধরনের প্যাঁচগোছের মধ্যে নেই। সবাইকে সহজে আপন করে নিতে পারি। এটা আমার একটা গুণ বলেই মনে করি।
আমি সৎ। তবে ইদানীং অভিনয়ের শুটিংয়ে একটু-আধটু ফাঁকিবাজি করি। কিন্তু মঞ্চনাটক করার সময় নো ফাঁকিবাজি। ব্যক্তিগতভাবে অসততাকে আমি ঘৃণা করি।
আমি অনেক যত্নশীল মা। আমার ছেলে রুসলানের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আমি বাসায় ওকে দেখার জন্য কোনো সাহায্যকারী রাখিনি। আমার ছেলের দেখাশোনা আমিই করে থাকি। ভালো মা হতে পারাটাও কিন্তু একটা গুণ!
গ্রন্থনা: নাইস নূর