নতুন জীবন শুরু করলেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। গত ২৮ আগস্ট রাজধানীর এক রেস্তোরাঁয় হয়ে গেল তাঁর বিয়ের অনুষ্ঠান। বর নজরুল ইসলাম নিঝুম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর। বিয়ের তিন দিন পর সোমবার দুপুরে কথা হয় তাঁর সঙ্গে। বিয়ে, সংসার ও নাটক-ভাবনা নিয়ে কথা বলেন তিনি। তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুর কাদের।

কেমন আছেন?
অনেক ভালো আছি। জীবনের এক অন্য রকম সময় পার করছি।
এখন শ্বশুরবাড়িতেই আছেন?
বিয়ের পর আমরা ছিলাম র্যাডিসন হোটেলে। রোববার রাতে শ্বশুরবাড়ি এসেছি। আমার শ্বশুরবাড়ি উত্তরায়। নতুন সংসার, এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারিনি।
মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন?
আমাদের বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। তাই এসব নিয়ে কোনো পরিকল্পনা করা সম্ভব হয়নি। আংটিবদলের পরদিন আমার স্বামী অফিসের কাজে দেশের বাইরে চলে যায়। ও ফিরেছে বিয়ের ১০ দিন আগে। তখন আবার বিয়ের কেনাকাটা করতে আমি কলকাতায় চলে যাই।
তার মানে মধুচন্দ্রিমা নিয়ে আপনাদের মধ্যে কোনো কথা হয়নি?
তা না। নিঝুম দেশের বাইরে যাওয়ার আগে এ নিয়ে বলার চেষ্টা করেছিল। জানতে চেয়েছিল, হানিমুন নিয়ে আমার কোনো পরিকল্পনা আছে কি না? বিশেষ কোনো দেশের প্রতি আগ্রহ আছে কি না? তবে মাস দেড়েকের মধ্যেই হানিমুনে যাব আমরা। নিঝুমের পছন্দের দেশ নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া। ওর ইচ্ছে, ও যেহেতু নিউজিল্যান্ডে পড়াশোনা করেছে, সেই দেশটা ও আমাকে দেখাবে।
শোবিজের অনেকেই একই অঙ্গনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
আমি কিন্তু অনেকবার বলেছি, শোবিজের বাইরের কাউকে বিয়ে করব। পারিবারিক কারণও ছিল। আমার পরিবারে কেউ শোবিজের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁদেরও চাওয়া ছিল, শোবিজের বাইরের কাউকে যেন আমি জীবনসঙ্গী হিসেবে বেছে নিই। তবে এমনটা নয় যে তাঁরা আমার কাজকে সমর্থন করেননি। এটাও ঠিক যে স্বামী-স্ত্রীর পেশা এক হলে বোঝাপড়ার জায়গাটা ভালো হয়। তার মানে এই নয় যে অন্য পেশার মানুষের সঙ্গে তা হবে না। মানসিকতার ওপর তা বেশি নির্ভর করে। আমার কাছে মনে হয়েছে, স্বামী যেহেতু অন্য পেশার, তাঁর মাধ্যমে আমি ভিন্ন কিছু জানতে পারব। অন্য রকম অভিজ্ঞতা হবে।
বিয়ের পর নতুন মানুষটিকে কেমন মনে হচ্ছে?
তিন-চার দিনে একজন মানুষকে জানা সম্ভব নয়। তবে এটা বুঝতে পেরেছি, আমার ব্যাপারে ও খুবই আন্তরিক। আমি যদিও স্বাধীন একজন মেয়ে, তারপরও কেন জানি মনে হয়েছে, নিঝুম এমন একজন মানুষ, যার ওপর অনেক বেশি নির্ভর করা যায়।
স্বামীর সঙ্গে আপনার কোনো মিল খুঁজে পেয়েছেন?
ওরা তিন ভাই। নিঝুম সবার ছোট। আমরাও ভাইবোন তিনজন। আমিও সবার ছোট। এটা কিন্তু দারুণ মিল।
সামনের দিনগুলো নিয়ে নতুন কোনো পরিকল্পনা করেছেন?
অভিনয় আমার ভালো লাগা আর ভালোবাসার জায়গা। এই একটা কাজ আমি খুব ভালোভাবে করতে পারি। আগের তুলনায় আমি এখন কাজ কমিয়ে দিয়েছি। গল্প খুব পছন্দ হলে তবেই কাজ করছি। এখনো এর ব্যতিক্রম হবে না। আমি নিয়মিত অভিনয় করব। আর পিএইচডি শেষ হলে হয়তো অন্য কোনো পরিকল্পনা করব।
আপনাদের নতুন জীবন সুন্দর হোক।
ধন্যবাদ। প্রথম আলোর সব পাঠকদের বলছি, আমাদের জন্য দোয়া করবেন।