আমি বাংলাদেশের ভালো বন্ধু: ঊষা গাঙ্গুলী
এই তো কিছুদিন আগে ‘দুই বাংলার রবীন্দ্রনাট্যমেলা’য় বাংলাদেশে এসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের সুখ্যাত নাট্যনির্দেশক ঊষা গাঙ্গুলী। নাটক নিয়ে তাঁর ভাবনা জানার চেষ্টা করেছে আনন্দ। সাক্ষাৎকার নিয়েছেন অলোক বসু আমরা জানি আপনি কলকাতায় প্রধানত হিন্দি ভাষায় নাটক করে থাকেন, মানসী করলেন বাংলায়, এর আগে মুক্তিও করেছিলেন বাংলায়। এটা কি আপনার বাংলায় করা দ্বিতীয় নাটক?ঊষা গাঙ্গুলী: না না, মুক্তি ও মানসীর মাঝখানে আমি বাংলায় আরও দুটি নাটক করেছি। খেলাগাড়ি করেছি, অন্তর্যাত্রা করেছি। আরেকটি নাটক করেছি, ভোর। এ নাটকে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষা ব্যবহার করেছি।আপনার খেলাগাড়ি নাটকটি সম্পর্কে শুনেছি, যদি বলতেন কিছু—ঊষা গাঙ্গুলী: আমি খেলাগাড়ি নাটকটি করেছি প্রায় ২৯ জন মেয়েকে নিয়ে। মেয়েদের স্বপ্ন-আশা, জীবন-জীবিকা নিয়ে এ নাটক। সংখ্যালঘু বলতে আমার খারাপ লাগে, আবার মুসলিম বলতেও খারাপ লাগে। ওদের সংখ্যালঘু বলা হয়, মুসলিম বলা হয়। আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাইছি না। সত্য ঘটনা নিয়ে আমার এই নাটক। আনন্দবাজার-এ বেরিয়েছিল জোহরা বিবি নামের এক নারীর কাহিনি। সে খেলনা বিক্রি করে। কলকাতায় থাকে। সেই কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে কাজটি করেছিলাম। এবার যে নাটকটি করলেন, মানসী—এতেও আপনি কী চমৎকারভাবে আজকের নারী আর রবীন্দ্রসাহিত্যের নারীকে এক জায়গায় নিয়ে এলেন...ঊষা গাঙ্গুলী: এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম। আমার মাথায় কাজ করছিল। কিন্তু আমার মূল যে সমস্যা, তা হলো আমি বাংলায় লিখতে পারছিলাম না। এ ব্যাপারটা ধীরে ধীরে আমার মধ্যে জটিল আকার ধারণ করল। আমি উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ডাকলাম। উজ্জ্বল আমাকে নাটক লিখে দিলেন। ভাষাটা অনেক কাব্যিক আর রাবীন্দ্রিক। আমি বললাম, এত কাব্যিক করলে হবে না। ও একের পর এক করে চারবার আমাকে পাণ্ডুলিপি দিল। তারপর কাজ শুরু করলাম।মানসী রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম। আপনার নাটকের নাম মানসী, আর এখানে বারবার উঠে এসেছে রবীন্দ্রনাথের উপন্যাস ও নাটকের নারী-চরিত্রগুলো। আবার আপনি কাব্যিক ভাষা পরিহারের কথাও বলছেন। ব্যাপারটা একটু খোলাসা করে বলতেন যদি—ঊষা গাঙ্গুলী: (নিজের মাথায় আঙুল নির্দেশ করে) নাটকটা এখানে ছিল। মানসী এসেছে মানস থেকে অর্থাৎ মনস্তত্ত্ব থেকে। এটি একটি মনস্তাত্ত্বিক নাটক। এটি শুধু নাটকের ভেতরে নাটক নয়, এর মধ্যে রবীন্দ্রনাথকেও ধারণ করতে হয়েছে। সুতরাং আমার মনে হয়েছে, ভাষাটাও হতে তবে অন্য রকম। আমি অত্যন্ত সচেতনভাবে ডিজাইনেও সেই কাজটি করেছি। আমি অভিনয়শিল্পীদের অভিনয় করতে বলিনি; বলেছি, তোমরা শুধু ঘটনার সঙ্গে সংগতি রেখে উপযুক্ত বর্ণনা করে যাও। আমি কেমন অভিনয় করেছি জানি না, তবে একটা জায়গায় কুমুদিনী যখন বলছে, ‘ক্ষুধিত জরা আমাকে গিলে খাচ্ছে, আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম।’ আমাকে এই সংলাপটা ভেতর থেকে একটা ধাক্কা দিয়েছে। মনে হচ্ছিল, এ তো আমার কথারই প্রতিধ্বনি। একজন শিক্ষিত মানুষ হিসেবে, একজন নাট্যকর্মী হিসেবে, একজন প্রবীণ নাগরিক হিসেবে, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে আমারও তো অনেক কথা আছে, যা আমি বলি না, বলতে চাই না। কেন বলব? আমার সমস্যা তো আমাকেই সমাধান করতে হবে।আপনি মহাশ্বেতা দেবীর উপন্যাস থেকে মুক্তি করেছিলেন। সেখানে পাঁচ নারীর কথা তুলে ধরেছিলেন। এবার রবীন্দ্রনাথের নারীদের তুলে ধরলেন ছয়জন নারী অভিনয়শিল্পীর মাধ্যমে। আমি যদি জানতে চাই, এ দুয়ের মধ্যে মিল-অমিল কোথায়?ঊষা গাঙ্গুলী: আমার বলা যতক্ষণ সম্পূর্ণ না হবে ততক্ষণই আমাকে বলতে হবে। সম্পূর্ণ করে বলতে চাই বলেই একবার মহাশ্বেতা দেবীকে অবলম্বন করি, একবার রবীন্দ্রনাথকে। পুরোপুরি বলার চেষ্টা করাটাই আমার কাজ। মুক্তি ও মানসীও সে রকমই। মানসীতে আমি রবীন্দ্রনাথের মানসকন্যাদের কথা বলতে চেয়েছি।আপনি প্রধানত হিন্দি ভাষায় নাটক করেন, সে জন্য আপনার কাছে জানতে চেয়েছি, এই যে রবীন্দ্র সার্ধশত বার্ষিকী নিয়ে বাঙালিদের যে আবেগ-আগ্রহ-উত্তেজনা, হিন্দিভাষীদের মধ্যে কি আপনি সে রকম কিছু দেখতে পান?ঊষা গাঙ্গুলী: না, হিন্দি কেন, বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতেই সে রকম কিছু হচ্ছে না। আমি যখন ফেস্টিভাল করলাম, মুম্বাই থেকে নাটক পেলাম একটা বা দুটো। লক্ষৌ, এলাহাবাদে রবীন্দ্রনাথের কোনো নাটক পেলাম না। দিল্লিতে যখন সরকার পাঁচ লাখ টাকা অনুদান দিচ্ছে, তখনো রবীন্দ্রনাথ হচ্ছে না। এর একটা প্রধান কারণ হলো অনুবাদ। অন্য ভাষায় যেসব অনুবাদ হচ্ছে সেগুলো সুবিধার নয়।নাট্যকার মামুনুর রশীদের কাছ থেকে জানতে পেরেছি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনি নানাভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন,...ঊষা গাঙ্গুলী: আমি শুধু বাংলা ভাষার নই, বাংলাদেশেরও একজন ভালো বন্ধু। মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। আমি তাঁদের শ্রদ্ধা করি। এ নিয়ে আজ আর কিছু বলব না, পরে কখনো বলা যাবে।