ওপরের সাদা-কালো ছবিটি নাগরিক নাট্যাঙ্গনের আমি বীরাঙ্গনা বলছি নাটকের দৃশ্য। ড. নীলিমা ইব্রাহিমের লেখা আমি বীরাঙ্গনা বলছি বইয়ের তিনজন মেয়ের একজন মেয়েকে নিয়ে নাটকটি লেখা। লেখা, নির্দেশনা, অভিনয় করেছেন লাকী ইনাম। ছবিটিতে মঞ্চে দাঁড়িয়ে দিনলিপি পড়ছেন লাকী ইনাম। তিনি বললেন, ‘ছবিটিতে আমাকে দেখা যাচ্ছে, আমি এখন পরিপূর্ণ নারী। বিয়ে হয়েছে, সন্তান আছে। কিন্তু আমাকে মাঝেমধ্যে ভয়ংকর সব স্মৃতি তাড়িয়ে নিয়ে বেড়ায়। বিভিন্ন সময়ে লিখে রাখা দিনলিপি দর্শকদের পড়ে শোনাই। শোনাতে শোনাতে সেসব ভয়ংকর স্মৃতিতে ফিরে যাই।’নাটকটির স্মৃতিচারণা করতে গিয়ে লাকী ইনাম বলেন, ‘সেই সময় সাধারণত মহড়া হতো টিএসসিতে। যেহেতু একক নাটক, তাই আমি বাসায় একা একা কাজটি করার চেষ্টা করতাম। তবে সংলাপ মুখস্থের কাজটি আমি নিজে নিজেই করেছি। যখন পুরো টিম নিয়ে কাজ হতো, তখন টিএসসিতে করতাম। নাটকটির কোনো কোনো জায়গায় দলের অন্যান্য সদস্যের যুক্তিসংগত মতামত থাকলে আমি তা গ্রহণ করতাম। আমরা নাটকটি নিয়ে প্রায় টানা এক মাস কাজ করেছি।’ তিনি আরও বললেন, ‘আমার খুব মনে আছে, নাটকে আমার তিন দশক উপলক্ষে গাইড হাউস মিলনায়তনে একটা উৎসব আয়োজন করা হয় এবং সেখানে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল।’ নাটকটির এ পর্যন্ত ১০টি প্রদর্শনী হয়েছে। লাকী ইনাম বলেন, ‘দীর্ঘ সময় নিয়েও আমরা খুব বেশি প্রদর্শনী করতে পারিনি। বিশেষ কোনো দিনে নাটকটির প্রদর্শনী হয়। এ বছর আইটিআইয়ের মনোড্রামা উৎসবে নাটকটির শেষ প্রদর্শনী হয়েছে। নাটকটির নিয়মিত প্রদর্শনী করার জন্য অনেকেই বলেছেন।’