আমি বুনোফুল গো...
শাহবাগের রাস্তায় মনের আনন্দে সংগীতযন্ত্র প্রেমজুড়ি বাজাচ্ছিলেন। আমাদের জন্য একরকম মুখ ব্যাজার করে উঠে এসেছেন সেখান থেকে। ‘দূর, আজকে আড্ডাটা না হলেই ভালো হতো’—কৃষ্ণকলির মুখে বারবার একই কথা। আড্ডার চেয়ে তখন তিনি উদ্গ্রীব আবার শাহবাগের প্রজন্ম চত্বরে শামিল হতে। ২৮ ফেব্রুয়ারি চারুকলার ছবির হাটে চায়ের দোকানে বসে কৃষ্ণকলির সঙ্গে এভাবেই আমাদের কথাবার্তার শুরু। বিকেল বেলা। আগে থেকে নির্ধারিত থাকলেও যেন অনেকটা ‘ধরপাকড়’ করেই আজ আড্ডায় বসাতে হয়েছে এই সংগীতশিল্পীকে। বেঙ্গল মিউজিক থেকে প্রকাশিত তাঁর তৃতীয় অ্যালবাম বুনোফুল নিয়ে কথা হবে। ভাবছি তিনি এবার বলবেন, ‘আমি বুনোফুল গো...।’ কিন্তু বললেন, ‘যুদ্ধাপরাধের মামলায় আজ প্রত্যাশিত রায় পেয়েছি আমরা। খুশি লাগছে বললেও কম বলা হয়।’ এরপর আবারও কথার গতি অন্যদিকে—‘বুনোফুল অ্যালবামে “নাচো তো কলি” নামে কীর্তনের সুরে আমার একটা গান আছে। রায়ের পর আজ এই খুশিতে ওই গানটা গাইতে ইচ্ছা করছে।’সাম্প্রতিক নানা বিষয় ঘুরে কথা ততক্ষণে ঢুকে পড়েছে বুনোফুল-এর ভেতর। সূর্যে বাঁধি বাসা ও আলোর পিঠে আঁধার—আগের দুই অ্যালবামে সব কটি গান কৃষ্ণকলির নিজের লেখা আর সুর করা। আর এই অ্যালবাম তৈরি করেছেন বিভিন্ন অঞ্চল ও আদিবাসীদের কাছ থেকে সংগ্রহ করা ‘কালো জলে কুঁচলা তলে ডুবল সনাতন’, ‘সানতাল (সাঁওতাল) করেছ ভগবান রে’—এসব গান দিয়ে...।কথার পুরোটা শেষ করতে পারিনি। ছোঁ মেরে কথাটি নিজের মুখে পুরে নিলেন ‘বন্ধু, আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো’ গানের শিল্পী। সংগীতশিল্পী নন, নিজেকে সংগীতকার বলতে ভালোবাসেন তিনি। বলেন, ‘আমি কিন্তু অ্যালবামের জন্য গান করি না। অ্যালবামের সময় যেটা হয়, আগে একটা থিম ঠিক করি। তারপর গান বাছাইয়ের সময় ভাবি যে কোন গানগুলো করব। যেমন দীর্ঘদিন ধরে সংগ্রহ করা এই অ্যালবামের গানগুলো বাছাইয়ে প্রথম বিবেচনা ছিল গানের কাব্যরীতি ও সুর। সংগ্রহের ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন অনেক বন্ধুবান্ধব। আসলে সেই ছোটবেলা থেকেই এসব গান শুনতে শুনতে বড় হয়েছি। মনে আছে, আমাদের খুলনার বাড়িতে শান্তিনিকেতন থেকে একবার ঝুমুর গানের একটা দল এসেছিল। তাঁদের মুখে শুনেছিলাম এসব মাটিমাখা গান।’একনাগাড়ে অনেক কথার ধারা বইয়ে দিলেও আমাদের যে প্রশ্ন—কেন সংগ্রহের গান করলেন, তার উত্তর এখনো দেননি তিনি। কিছুক্ষণের মধ্যেই হয়তো মোক্ষম একটা উত্তর আসবে তাঁর কাছ থেকে। এত কথার আয়োজন হয়তো সে জন্যই। ‘এ গানগুলো আবহমান বাংলার গান, আমাদের গান। এর মধ্য দিয়ে নানাভাবে আমি নির্মিত হই। তাই একজন সংস্কৃতিকর্মী হিসেবে গানগুলো প্রচার করার, শোনানোর দায় আছে আমার। কারণ, পুঁজিবাদী মিডিয়া এই গান প্রচার করে না।’—অনেক কথার ভিড়ে কৃষ্ণকলির এক টুকরো উত্তর।বুনোফুল অ্যালবামে মোট গান নয়টি। এর বাইরেও তাঁর সংগ্রহে রয়েছে আরও অনেক গান। ‘গবেষণা করে দুই বছর সময় নিয়ে অ্যালবামটি তৈরি করেছি। সংগীত আয়োজন করেছেন অর্ক সুমন। তিনি খুব খুঁতখুঁতে। আমার চেয়ে দশ গুণ বেশি খেটেছেন তিনি। অ্যালবামের প্রচ্ছদ এঁকেছেন অমল আকাশ। সব মিলিয়ে এটা একটা সমন্বিত কাজ। মজার ব্যাপার হলো, বুনোফুল-এর একটি গান শিখেছি আমার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠাশ্বরীর কাছে। ও কিন্তু আমার শিক্ষক, বুঝেছ...হা হা হা।’মায়ের হাসি হাসছেন কালো-হরিণ চোখের কৃষ্ণকলি। চারপাশে গিজ গিজ করছে মানুষ। চায়ের দোকানে বসে কথাবার্তার ফাঁকে এবার কৃষ্ণকলির মুখে শোনা গেল ভিন্ন সুর, ‘রবীন্দ্রসংগীতের ছাত্রী হয়েও রবীন্দ্রসংগীত গাই না ভয়ে। এরপর রবীন্দ্রসংগীতের একটা অ্যালবাম করতেই হবে। ওয়াহিদুল হক, তাঁকে বাবা ডাকতাম, বলেছিলেন, “রবীন্দ্রসংগীতটা গাইতেই হবে তোকে।” আর আমার মা মেহেরুন্নেসার জন্যও গাইতে হবে। তাঁকে খুব ভয় পাই আমি।’মা কৃষ্ণকলি এখন যেন ছোট্ট এক মেয়ে হয়ে গেছেন। আঁধারে ঢাকছে ছবির হাটের বিকেল। কৃষ্ণকলির কথা শুনে মনে পড়ছে রবিঠাকুরের গান, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি...।’