দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে নাটক একটি রঙ্গিন গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন অলি আহমেদ। অভিনয় করছেন ফারহানা মিলি। আজকের কথোপকথন তাঁর সঙ্গে। আপনার সঙ্গে অনেক দিন পর কথা হচ্ছে।হ্যাঁ, আমি তো অনেক দিন হলো একেবারেই কোনো কাজ করছি না। কেন?আমি মা হতে যাচ্ছি। ডাক্তারের পরামর্শে এখন সম্পূর্ণ বিশ্রামে আছি। সারা দিন বাসায় থাকি। আশা করছি, নভেম্বর মাসের শেষ দিকে সবাইকে একটা ভালো খবর দিতে পারব। আমার জন্য দোয়া করবেন।‘একটি রঙ্গিন গল্প’ নাটকে কবে কাজ করেছিলেন?ফেব্রুয়ারি মাসে। আমরা কাজ করেছি গেন্ডারিয়ায়। আমি ঘুড়ি ওড়াতে পারি না। সেই ছোটবেলা থেকেই ঘুড়ি ওড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, পারিনি। নাটকে এবার ঘুড়ি ওড়াতে হবে। অন্যদের সহযোগিতায় কোনোরকমে তা করতে পেরেছি। এখানে কাজ করতে গিয়ে পুরোনো অনেক কিছু মনে পড়েছে।সেগুলো আমাদের বলা যাবে?আমি ছোট থেকে বড় হয়েছি নবাবপুরে। পুরান ঢাকার সঙ্গে আমার অন্য রকম সম্পর্ক। গেন্ডারিয়াতেও থেকেছি। আমি ছিলাম কচিকাঁচার মেলার সদস্য। নিয়মিত যাওয়া-আসা ছিল। আমাদের যেতে হতো সাধনা ঔষধালয়ের পাশ দিয়ে। যাওয়ার সময় একটা গন্ধ পেতাম। অনেক বছর পর তা আবার অনুভব করেছি। নাটকে কাজ করার কারণে আবার গেন্ডারিয়ায় যাওয়া হলো।চ্যানেল নাইনে আপনার অভিনীত ধারাবাহিক নাটক ‘হেলিকপ্টার’ প্রচারিত হচ্ছে। এ নাটকে আমি ১২-১৩ পর্ব পর্যন্ত কাজ করেছি। আর পারছি না। ডাক্তারের নিষেধ। আমি পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তিনি ব্যাপারটি বুঝতে পেরেছেন।