গাজী টিভির মায়াজাল আর চ্যানেল টোয়েন্টিফোরের জাদুর শহর—দুটি ধারাবাহিকেই অভিনয় করছেন নওশাবা। কথা হলো তাঁর সঙ্গে।আজ আপনার দুটি ধারাবাহিক প্রচারিত হবে—‘মায়াজাল’ আর ‘জাদুর শহর’।এই দুটি ধারাবাহিকে শেষ কাজ করেছি ছয় মাস আগে। এরপর আর পারিনি। কেন?আমি মা হয়েছি। আমার মেয়ের নাম বেলা। ওর বয়স ১০ দিন।আপনাকে শুভেচ্ছা?ধন্যবাদ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।‘জাদুর শহর’ ধারাবাহিকে আপনার চরিত্রটির তা হলে কী হবে?ওই সময় পরিচালক নুরুল আলম আতিক আমাকে দিয়ে অনেকগুলো পর্বের কাজ করিয়ে রেখেছিলেন। পরে তাঁর পরামর্শেই কাজ থেকে কয়েক মাসের জন্য ছুটি নিয়েছি। নাটকে আমার চরিত্রের নাম ‘শিরিন’। একটি মেয়ে, কিন্তু তার অনেকগুলো রূপ। নিজের স্বার্থের জন্য সে যেকোনো রূপ ধারণ করতে পারে। আমার বড় বোন নায়লা আজাদ নূপুর। এখন আমার চরিত্রটিতে অভিনয় করছেন দীপান্বিতা। আর ‘মায়াজাল’? আমি এই নাটকের ৪০টি পর্বে কাজ করেছি। রাজধানীর একটি ধনী পরিবারের গল্প। বাবা নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। বাবার কাজের প্রতিবাদ করে মেয়েটি বাসা থেকে বেরিয়ে যায়। এরপর বিভিন্ন পেশার মানুষের সঙ্গে তার পরিচয় হয়। একাত্তর টিভির ‘বিনোদনের কারখানা’ অনুষ্ঠানটি তো আপনি ভালোই উপস্থাপনা করছিলেন।অনেক দিন পর আমিও একটি ভালো অনুষ্ঠান পেয়েছিলাম। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে বিভিন্ন জায়গায় গিয়েছি। অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। চলচ্চিত্রের লোকজনের সঙ্গে মিশতে গিয়ে একপর্যায়ে আমি নিজেই চলচ্চিত্রের প্রেমে পড়ে যাই।তা হলে চলচ্চিত্রে কবে অভিনয় করবেন?আমি কিন্তু এরই মধ্যে একটি ছবিতে অভিনয় করেছি। নাম রানঅ্যাওয়ে। পরিচালক অমিত আশরাফ। কাজ করেছিলাম বছর দুয়েক আগে। এরই মধ্যে ছবিটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে, পেয়েছে একাধিক পুরস্কার। আগামী নভেম্বরে ছবিটি ঢাকায় মুক্তি দেওয়া হবে।