আমি যখন বাবা হলাম
প্রতিবছরের জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালন করা হয়। ১৯১০ সালের ১৯ জুন প্রথম বাবা দিবস উদ্যাপন করা শুরু হয়েছিল। এ বছর বাবা দিবস পালিত হচ্ছে ১৫ জুন৷ এ উপলক্ষে বাংলাদেশের চলচ্চিত্র, টিভি নাটক ও সংগীত জগতের তিন তারকা জানিয়েছেন তাঁদের প্রথম বাবা হওয়ার অনুভূতি

নুযহাতকে একটা পাখির বাচ্চার মতো লাগছিল
ফেরদৌস
আমার দুই মেয়ে। বড় মেয়ে নুযহাত আর ছোট মেয়ে নামীরা। প্রথম মেয়ের জন্মের সময় আমার মধ্যে অদ্ভুত এক সাহস ভর করেছিল৷ এই সাহস কোথা থেকে পেলাম, তা আজও আমার অজানা! আমার স্ত্রীর নিয়মিত চিকিৎসক ছিলেন সেলিনা হোসেন। তাঁকে আমি অনুরোধ করেছিলাম, সন্তান জন্মের সময়টায় আমি অপারেশন থিয়েটারে থাকব। সন্তানের পৃথিবীতে আসার মুহূর্তটার সাক্ষী হয়ে থাকতে চেয়েছিলাম। চিকিৎসক শুরুতে আমাকে নানা ধরনের ভয় দেখিয়েছিলেন। আমি মোটেও দমে যাওয়ার পাত্র নই। নাছোড়বান্দা আমি শেষ পর্যন্ত চিকিৎসকের পোশাক পরে গুলশানের লেক-ভিউ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে পড়ি৷ ২০০৬ সালের ৫ এপ্রিলের কথা। অনাগত সন্তানের অপেক্ষায় আমার মধ্যে অন্য রকম একটা আনন্দ বইতে থাকল। অদ্ভুত রকমের একটা আবেগ আমার মধ্যে খেলা করছিল। সে সময়ের অনুভূতির সেঙ্গ অন্য কোনো সময়ের অনুভূতির মিল নেই। এ আনন্দ তেমন এক আনন্দ, যা শুধু যাঁরা বাবা হয়েছেন, তাঁরাই বুঝতে পারবেন। হঠাৎ কান্নার শব্দ। কিছুক্ষণ পর তোয়ালে দিয়ে সারা শরীর মুড়িয়ে যখন আমার কোলে দেওয়া হলো, নুযহাতকে একটা পাখির বাচ্চার মতো লাগছিল৷ শুধু মুখটা দেখা যাচ্ছিল। মাথাটা বুকের মধ্যে গুঁজে চুপটি মেরে ছিল। আমার এতটাই আনন্দ হচ্ছিল যে অঝোরে চোখের পানি ঝরছিল। আমি কোনো দিন কারও ছোট বাচ্চাকে কোলে নিতে পারতাম না। সাহসও দেখাতাম না। অথচ সেই আমার কাছে ছোট্ট নুযহাত ছাড়া কিছুই ভালো লাগত না।
দিনে দিনে নুযহাত বড় হতে থাকল। টুকটাক কথাবার্তা বলতে শুরু করল। মজার ব্যাপার হচ্ছে, নুযহাত ‘মা’ ডাকার আগে ‘বাবা’ ডাকটি শিখেছিল। শুরু ‘বাবানি’ বলে ডাকত। আস্তে আস্তে তা বাবা’তে রূপ নেয়। তবে এখনো মাঝেমধ্যে ‘বাবানি’ বলে ডাকে। সে যখন প্রথম বাবা ডাক দিল, সেদিন বাসার সবাই আনন্দে এত
জোরে চিৎকার করে উঠেছিল যে ভয়ে সে চুপ হয়ে গিয়েছিল। নুযহাতের চলন-বলন, আধো আধো কথা—সবকিছুতে আমাদের পরিবারের সবার আনন্দ-উত্তেজনার কোনো সীমা নেই।

বাবা ডাকের জন্য আমার যেন তর সইছে না
মোশাররফ করিম
গুলশান লেক-ভিউ ক্লিনিক। ২০০৮ সালের ৩ জানুয়ারি। এই ক্লিনিকে আমার স্ত্রী জঁুই প্রথম মা হয়৷ অস্ত্রোপচারের মাধ্যমে আমাদের সন্তান রায়ান পৃথিবীতে আসে। ওর বয়স এখন ছয় বছর। মানুষের জীবনে কিছু অদ্ভুত মুহূর্তের সাক্ষী হতে হয়। আমার জীবনের তেমনই একটি অদ্ভুত মুহূর্ত হচ্ছে রায়ানের জন্মের দিনটি। তবে রায়ানের জন্ম হওয়ার সময়টায় আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম জঁুইকে নিয়ে। জঁুইয়ের কী অবস্থা, কেমন আছে—এসব চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সাধারণত সন্তান জন্মের সঙ্গে সঙ্গে একরকম আনন্দ-বেদনার অনুভূতি বাবার মধ্যে কাজ করে। সেই সময়টায় আমার মধ্যে এসবের খুব বেশি বালাই ছিল না।
আমি আজান দিলাম। তারপর রায়ানকে আমার কোলে এনে দেওয়া হলো। সে চোখ মেলে আমার দিকে তাকাল। যখন সে তাকাল, সে সময়ের আনন্দ ব্যাখ্যাতীত। এ আনন্দের ভাষা কীভাবে প্রকাশ করতে হয়, তা সত্যিই আমার জানা নেই।
একটা সময় রায়ানের বয়স বাড়তে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কথা বলা শুরু করে সে৷ শুনলাম কাঙ্ক্ষিত ‘বাবা’ ডাকটিও। পরিষ্কার কণ্ঠে না হলেও আধো বোলে সে যখন আমাকে ‘বাবা’ বলে ডাকল, তখন আমি যেন আর আমার মধ্যে নেই৷ যতই সে বাবা ডাকছে, আমার যেন তর সইছে না। আমি মনে মনে চাইতে থাকি, রায়ান যেন আমাকে বারবার
বাবা ডাকতে থাকে।

তার দিকে তাকাতেই রোমাঞ্চিত হয়ে উঠলাম
বালাম
সময়টা ২০১১ সাল। ২০ ফেব্রুয়ারি। ভোর পাঁচটা-ছয়টার মতো হবে। স্ত্রী সাদিয়াকে নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের দিকে ছুটছি। হাসপাতালের যাবতীয় নিয়মকানুন শেষে ভর্তি হলো সাদিয়া। দুপুর ১২টায় জীবনের অন্যতম কাঙ্ক্ষিত সুখবর পেলাম। জানতে পারলাম, আমি বাবা হয়েছি। চিকিৎসক জানালেন, আমার ছেলেসন্তান হয়েছে। এই অনুভূতির সঙ্গে পৃথিবীর কোনো আনন্দের অনুভূতির তুলনা চলে না। কিছুটা অবাক, অনেকটা উত্তেজনা—কেমন যে লাগছিল, নিজেই বুঝতেই পারছিলাম না। মনের মধ্যে অন্য রকম একটা শান্তি অনুভব করলাম। এই মুহূর্তগুলোর তুলনা শুধু ওই নির্দিষ্ট মুহূর্তগুলোই। অপারেশন থিয়েটার থেকে যখন তোয়ালে জড়ানো অবস্থায় বাবুকে আমার কোলে তুলে দেওয়া হলো, তখন তার দিকে তাকাতেই রোমাঞ্চিত হয়ে উঠলাম৷
আমার ছেলে ফাবিয়ান জাহাঙ্গীরের বয়স এখন তিন পার হয়ে চার বছর হতে চলছে। ও এখন অনেক ধরনের দুষ্টুমি করে। কিন্তু শুরুর দিকে যখন ও আধো আধো ‘বাবা’ ডাকা শুরু করল, তখন যে কেমন অনুভূতি হয়েছিল, তা বলে বোঝানোর মতো কোনো ভাষা আমার নেই। এই আনন্দ আসলেই ব্যাখ্যাতীত। এসব মুহূর্ত মানুষের জীবনে একবারই আসে। আর তা সারা জীবনের জন্য আনন্দের হয়ে ফ্রেমেবন্দী থাকে।
অনুলিখন: মনজুর কাদের
ছবি: তারকাদের অ্যালবাম থেকে