আমি যেন বাবার মতোই হয়ে গেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস। এই দিনটিকে সামনে রেখে আনন্দের এ সংখ্যায় থাকছে বিশেষ আয়োজন। শুরুতেই কয়েকজন তারকার সন্তান বলেছেন তাঁদের বাবাকে নিয়ে। 

বাবা শহীদুজ্জামান সেলিমের কাছেই যত আবদার শ্রীমার
বাবা শহীদুজ্জামান সেলিমের কাছেই যত আবদার শ্রীমার

আমার বাবা আমার কাছে সবার ওপরে। বাবা আমার আদর্শ। কেউ যখন জিজ্ঞাসা করেন, তুমি কার মতো হতে চাও? আমি বলি, বাবার মতো হতে চাই। বাবাকে নিয়ে আমি গর্ব করি। অভিনেতা হিসেবে নয়, আমার কাছে একজন সাধারণ বাবা হিসেবে তিনি কিংবদন্তি। সবার বাবারই এমন হওয়া উচিত। বাবা আমাকে কখনোই বুঝতে দেন না যে আমার জন্য তাঁর সময় নেই।
আমার বয়সী অনেক ছেলেমেয়েই হয়তো বাবা-মায়ের কাছ থেকে একটু দূরে থাকে। কিন্তু আমার সব চাওয়া-পাওয়া বাবাকে ঘিরেই। বাবার সঙ্গে আমার সম্পর্কটা এমনই। তাঁর সঙ্গে থাকতে থাকতে আমি যেন বাবার মতোই হয়ে গেছি। বাবার বন্ধুর সংখ্যা খুব একটা বেশি না। আমারও তা-ই। আমি অনেক বেশি মানুষের সঙ্গে মিশতে পারি না।
বাবা অনেক কেয়ারিং। কখনোই আমাকে একা থাকতে দেন না। বাবা যখন শুটিং থেকে বাসায় ফেরেন, সেটা যত রাতই হোক, আমি ঘুমিয়ে থাকলেও আমার কাছে এসে ডেকে তুলে আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে যান।
গত ১৭ বছর ধরে আমার জন্মদিনে বাবা কখনোই শুটিং রাখেননি। এবার আমার বয়স ১৮ বছর হলো। কিন্তু এবার তিনি শুটিং রেখেছিলেন। আমি খুবই কষ্ট পেয়ে কান্নাকাটি ক​েরছিলাম। বাবা ওই দিন দুপুরের দিকে ঠিকই শুটিং ছেড়ে চলে এসেছিলেন।
বাবার গত জন্মদিনে ‘আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা’ লেখা একটি সনদপত্র নিজ হাতে বানিয়ে বাবাকে উপহার দিয়েছি।
বাবা শুটিংয়ের কাজে দুই দিনের বেশি ঢাকার বাইরে থাকলে আমি কান্নাকাটি করি। যেহেতু নাটকের কাজে কোনো কোনো সময় দুই দিনের বেশি সময় বাইরে থাকতেই হয়, তাই সব সময় স্কাইপে অথবা আই-মেসেজে বাবার সঙ্গে যোগাযোগ রাখি।
বাবা সব সময়ই চান আমি যেন তাঁর সঙ্গে মন খুলে কথা বলতে পারি। একমাত্র বাবার সঙ্গেই আমি আমার চিন্তাভাবনাগুলো নিয়ে আলাপ-আলোচনা করি। অনেক বিষয়েই আমার চিন্তাভাবনার সঙ্গে বাবার চিন্তাভাবনা মিলে যায়।

গ্রন্থনা: শফিকআলমামুন ও হাবিবুল্লাহসিদ্দিক