আমি রুপাই আর মিলি হয়েছে সাজু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল ওয়ানে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জেন্টস টেইলার্স (প্রা.) লি.। এটি লিখেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।‘জেন্টস টেইলার্স (প্রা.) লি.’ নাটকের খবর কী?গাজীপুরে এখন এই নাটকের কাজই করছি। অনেক দিন পর কাজ হচ্ছে। নাটকের গল্পটা একটু অন্য রকম। খুব হাসির। তাই কাজ করার সময় খুব মজা হয়।এ তো গেল হাসির নাটকের কথা, সিরিয়াস ধরনের কোনো কাজ করেছেন?হ্যাঁ, পল্লিকবি জসীমউদ্দীনের নক্সীকাঁথার মাঠ নিয়ে টেলিছবি তৈরি হয়েছে। এতে আমি রুপাই চরিত্রে অভিনয় করেছি আর সাজু চরিত্রে ফারহানা মিলি। মনপুরা ছবির পর আমরা এই টেলিছবিতে আবার জুটি হয়েছি। এটির কাজ হয়েছে জসীমউদ্দীনের বাড়ির পাশেই। মূল কাহিনির সময়টা ধরার একটা চেষ্টা ছিল। সেভাবেই বাড়িঘর ও পোশাক নির্বাচন করা হয়েছে। এটি পরিচালনা করেছেন রাজিব হাসান।আর ধারাবাহিক?খুব কাছাকাছি সময়ের মধ্যে দুজন পরিচালকের চারটি ধারাবাহিকে কাজ করছি। অরণ্য আনোয়ারের জেন্টস টেইলার্স (প্রা.) লি. ও কবিরাজ গোলাপ শাহ এবং গোলাম সোহরাবের ক্যাফেটারিয়া ও বরিশালের মামা-ভাগ্নে। কবিরাজ গোলাপ শাহ নাটকে আমি নামভূমিকায় কাজ করছি। কিছু দিন আগে ক্যাফেটারিয়া নাটকের কাজ করেছি ব্যাংককে। অবকাশ যাপনের জন্য একটি পরিবার ব্যাংককে যায়। সেখানে একটি দুর্ঘটনা তাদের সব পরিকল্পনাকে পাল্টে দেয়।‘বরিশালের মামা-ভাগ্নে’ নাটকের গল্পটা কী রকম?এর আগে একই পরিচালক মামা-ভাগ্নে নামের একটি ধারাবাহিক তৈরি করেছিলেন। বরিশালের মামা-ভাগ্নে ওটারই সিক্যুয়াল। নাটকে আমি ভাগ্নেদের গৃহশিক্ষক। লেখাপড়ার পাশাপাশি তাদের গান শেখাই। শুধু ভাগ্নেদেরই নয়, আশপাশের বাড়ির মেয়েরাও আসে গান শিখতে। এখানে আমি বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ বলেছি। নাটকটি দেখে দর্শক খুব আনন্দ পাবে।এবার আপনার নিজের গানের খবর বলুন।মিক্সড অ্যালবামে গান করেছি। পশ্চিমবঙ্গের একটি লোকগান, ‘ফুলগাছটি লাগাইছিলাম কাদামাটি দিয়া রে’। আমি শিখেছি অন্যের মুখ থেকে শুনে। পয়লা বৈশাখে সাউন্ডটেক থেকে অ্যালবামটি বের হওয়ার কথা ছিল। কিন্তু ওটা বেরিয়েছে কি না, কাজের চাপে আর জানতে পারিনি। বিনোদন প্রতিবেদক