আমি শাস্ত্রীয় সংগীতের ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান
জয়া আহসান

শুরুতে অভিনয়ের চেয়ে সংগীতের দিকেই ঝোঁকটা ছিল বেশি। আমার টেলিভিশন ক্যারিয়ারের শুরুটাও এক অর্থে গান দিয়েই। মানে, জীবনের প্রথম নাটকে গান করে—এমন একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম আমি। এখনো মাঝেমধ্যে ভাবি, সংগীতশিল্পী হলেও মন্দ হতো না। শিল্পের যত শাখা আছে সেসবের মধ্যে সংগীত আমার কাছে বিশেষভাবে প্রিয়।

‘ভালো লাগে পবন দাস বাউলের গান’—জয়া আহসান
‘ভালো লাগে পবন দাস বাউলের গান’—জয়া আহসান

অভিনয়ের বেলাতেও গান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যখনই যে চরিত্রে অভিনয় করি, সেই চরিত্রের পছন্দের গান কী হতে পারে, সেটা ভাবার চেষ্টা করি। আমার মনে হয়, এতে করে আমি চরিত্রের সঙ্গে আরও বেশি করে মিশে যেতে পারি।
সংগীতে আমার পছন্দের জগৎটা বিশাল। সংগীতের বিভিন্ন শাখায় প্রথম পছন্দ শাস্ত্রীয় সংগীত। শাস্ত্রীয় সংগীতের ভীষণ ভক্ত আমি। যখনই ঢাকায় শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠানের আয়োজন হয়, চেষ্টা করি সেখানে যেতে। মন-প্রাণভরে শুনতে!
শাস্ত্রীয় সংগীতে আমার পছন্দের শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ, পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত যশরাজ, ওস্তাদ রশীদ খান। আমার সংগ্রহে শাস্ত্রীয় সংগীতের প্রচুর অ্যালবাম আছে। শাস্ত্রীয় সংগীত শোনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় মনে হয় সকালবেলা। দিনের বাকি সময়গুলোতেও অবসর পেলে শাস্ত্রীয় সংগীত শুনি। আমার সংগ্রহে প্রায় ১২ হাজার গান আছে। যখনই সময় পাই, আইপডে সেগুলো শুনি।
ভালো লাগে পুরোনো দিনের বাংলা গান। আর এ ক্ষেত্রে কিশোর কুমারের গান আমার পছন্দের শুরুতে আছে।
আশি-নব্বই দশকের গানগুলোও শুনি। জ্যাজ, রক, সবকিছুই ভালো লাগে।
গানের মতো, আমার প্রিয় শিল্পীর তালিকাটা অনেক দীর্ঘ। এর মধ্যে বাংলাদেশ থেকে, কিছু নাম বলতে পারি। পছন্দ করি শিরোনামহীন, মাকসুদ, জেমস, শূন্য ব্যান্ডের গান। কবীর সুমন ও শাহানা বাজপেয়ীর গানের ভিন্ন ধারা সব সময় মুগ্ধ করে। বাউল গানে পছন্দের তালিকায় আছেন, পূর্ণদাস বাউল, পার্বতী বাউল, পবন দাস বাউল।
পছন্দ শচীন দেববর্মণের গান। আবার মহীনের ঘোড়াগুলোর সব গানও পছন্দ।
ইউরোপের ধ্রুপদী গানের মধ্যে পছন্দ বেটোফেন ও মোৎসার্ট। সমকালীন শিল্পীদের মধ্যে বব ডিলান, বিটলস, বব মারলে, ডোরস আর স্যান্টানার গান খুব ভালো লাগে। ১৯৭০-এর দশকের গানগুলো আমাকে অনেক আলোড়িত করে। মনে হয়, সে সময় জন্ম নিলে খুব ভালো হতো। প্রিয় গানের মধ্যে কয়েকটা গানের কথা বলতে পারি, যেগুলো প্রতিদিন শুনলেও পুরোনো হয়ে যায় না। গানগুলো সব সময়ই আমার কাছে নতুন আর সতেজ মনে হয়। এর মধ্যে বব মারলের ‘টার্ন ইয়োর লাইফ ডাউন লো’, লেনার্দ কোহেনের ‘ইন মাই সিক্রেট লাইফ’, ডেমিন রাইসের ‘দ্য ব্লোয়ারস ডটার’ খুব পছন্দ।
এই গানগুলো আমার জীবনের অংশ হয়ে গেছে সেই শৈশব থেকেই। তখন হয়তো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে পড়ি। দেখতাম, মা সারা দিন এই গানগুলোই শুনতেন। ক্যাসেট প্লেয়ারে গান বাজিয়ে দিয়ে তিনি কাজ করতেন। এই গানগুলো আমার কানেও বাজত। তারপর একেবারে অজান্তে, গানগুলো মনে বাসা বেঁধেছে। পরে যখন গান শুনতে শুরু করেছি, দেখেছি সেগুলোই বেশি ভালো লাগছে। আসলে মায়ের পছন্দটাই আমার পছন্দ হয়ে গেছে।
এই সেদিন শুনেছি এভরি ব্রাদার্সের ‘অল আই হ্যাভ টু ডু ইজ ড্রিম’ গানটি। নতুন করে মোহিত হলাম গানটি শুনে!
অনুলিখন: সুচিত্রা সরকার