আমি সবার কাছে কৃতজ্ঞ—বুলবুল আহমেদ
‘মানুষের দোয়া আর ভালোবাসা আমাকে আবার ফিরিয়ে এনেছে। জানি না মাঝে কী অবস্থায় ছিলাম। আমার জ্ঞান ছিল না। তবে সুস্থ হওয়ার পর জেনেছি, মানুষ আমার জন্য দোয়া করেছেন। তাঁরা আমাকে ভালোবাসা দিয়েছেন বলেই আমি আবার আজ কথা বলতে পারছি। সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি আবার কাজের মাধ্যমেই ফিরে আসতে চাই আপনাদের কাছে।’ বলছিলেন অভিনেতা বুলবুল আহমেদ।বেশ সংকটাপন্ন অবস্থায়ই বুলবুল আহমেদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর পরিবারের সদস্যরা অনেকটা আশাও ছেড়ে দিয়েছিলেন। অসুস্থ অবস্থাতেই বুলবুল আহমেদ সবার কাছে দোয়া চেয়েছিলেন। আস্তে আস্তে বুলবুল আহমেদ সুস্থ হয় ওঠেন। গত ২৯ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। তবে ৭ ফেব্রুয়ারি তিনি প্রথম একা একাই শয্যা থেকে উঠে দাঁড়ান। তাঁর মনে ছিল যে এ দিনটি তাঁর বিবাহবার্ষিকী। মেয়েরা কেক নিয়ে আসেন। কেক কেটে বুলবুল আহমেদ নাতিদের মুখে তুলে দিলেন। আনন্দে একটা সময় পরিবারের সবাই চোখ মুছতে থাকেন। মুখে হাসি, চোখে পানি এমনি এক পরিবেশে পালন হলো বুলবুল আহমেদের ৪৩তম বিবাহবার্ষিকী। মেয়ে ঐন্দ্রিলা আহমেদ জানালেন, বাবা-মায়ের বিবাহবার্ষিকীর পরের দিনটিই ছিল তাঁর জন্মদিন। বললেন, বাবার সুস্থতাই আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার।