এনজি শট মানে ‘নট গুড শট’। তারকারা হরহামেশাই এনজি শটের মুখে পড়েন। কখনো সেই অভিজ্ঞতা বিরক্তিকর, কখনো মজার, কখনো বা মধুর—নতুন এই বিভাগে শুনুন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারকাদের নানা রঙের স্মৃতি... রাখি২০১১ সালে লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুবাদে একটানা কয়েক মাস ক্যাম্পে থাকতে হয়েছিল আমাদের। সে সময় কারণে-অকারণে এতবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে যে আমার কাছে ক্যামেরা অনেকটা ভাত-মাছের মতো হয়ে গিয়েছিল। তাই লাক্স-চ্যানেল আই সুপার স্টার হওয়ার কয়েক দিনের মাথায় যখন বিস্ময় নামে প্রথম একটি নাটকে অভিনয় করি, তখন নাটকের প্রথম দৃশ্যে অভিনয় করার পরও যেন ঠিক বুঝতে পারিনি, আমি অভিনয় করছি আর ক্যামেরা আমার সামনে। ফলে তখন এনজি শট আমার জন্য তো ১০০ হাত দূরের বিষয়। তবে এরপর অহরহ এনজি শটের মুখে পড়েছি। সেই কাহিনি পরে। আগে নাটকে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি ঝটপট বলে যাই। বিপাশা হায়াতের লেখা ও তৌকীর আহমেদের পরিচালনায় আমার প্রথম নাটকের শুটিং হচ্ছিল গাজীপুরের নক্ষত্রবাড়িতে। কিন্তু নাটকের প্রথম দৃশ্য ধারণ হওয়ার পরও আমার মধ্যে কোনো উত্তেজনা নেই। সচরাচর নতুন শিল্পীদের ক্ষেত্রে এমনটি ঘটে না। তাই বিষয়টি একটু অন্যরকমই মনে হলো পরিচালক তৌকীর ভাইয়ের কাছে। আমায় তিনি বললেন, ‘রাখি, তুমি কি বুঝতে পারছ এটা তোমার জীবনের প্রথম নাটক, পেশাগত জীবনের প্রথম কাজ?’তো, তৌকীর ভাইয়ের কথা শুনে তখন আমারও মনে হলো, আরে তাই তো, জীবনের প্রথম নাটকে অভিনয় করতে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালাম, ঠিকমতো বুঝতেই পারলাম না! হায় হায়—আমি সে সময় রীতিমতো হায় হায় করছি! এখন যদি এনজি শট নিয়ে বলতে যাই, কোনটা বলব? আচ্ছা, অমিতাভ রেজার নির্দেশনায় সিলং চায়ের বিজ্ঞাপনের শুটিংয়ে যে কাহিনি ঘটেছিল, সেটাই বলি।সংলাপনির্ভর এই বিজ্ঞাপনে আমার সহ-অভিনেতা আদনান আল রাজীব। ঘটনাটি ছিল এমন, রাজীব আমাকে বলবেন, ‘আপনি ছাদে যেতে পছন্দ করেন না?’ উত্তরে আমি বলব, ‘হ্যাঁ, মেঘলা থাকলে।’আসলে এই সংলাপ দুটির ভেতরের বক্তব্য হলো, ছেলেটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং মেয়েটি তার সংলামের মাধ্যমে সেই প্রস্তাবটি গ্রহণ করছে। তবে আমি তখনো সংলাপের ভেতরের এই বক্তব্যটুকু ঠিকঠাক ঠাওর করতে পারিনি। এদিকে ক্যামেরা চলছে। রাজীব আমায় যতবার বলছে, ‘আপনি ছাদে যেতে পছন্দ করেন না?’ ততবারই আমি ভাবলেশহীনভাবে বলে চলেছি, ‘হ্যাঁ, মেঘলা থাকলে।’—আমার চোখেমুখে প্রেমের অভিব্যক্তির ছিটেফোঁটাও নেই। ফলে শট তো এনজি হবেই—একবার নয়, একাধিকবার এনজি।ওদিকে ভেতরে ভেতরে অমিতাভ ভাই বেশ বিরক্ত। শেষমেশ দেখি, শট নেওয়ার আগে রাজীবের কানে কানে তিনি যেন কী বললেন। কিন্তু আমার তখন কোনো দিকে খেয়াল দেওয়ার জো নেই। ঠিকমতো সংলাপ বলতে পারলেই বাঁচি। একসময় ক্যামেরায় রোল দিয়ে বলা হলো ‘অ্যাকশন।’প্রহর গুনছি। রাজীব সংলাপ বলবেন। হ্যাঁ, সংলাপ তিনি বললেনও বটে; কিন্তু বললেন নতুন সংলাপ, ‘আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি বাসো আমায়?’উত্তরে আমার সংলাপ আগেরটাই, ‘হ্যাঁ, মেঘলা থাকলে।’ওমা, এবার দেখি শট আর এনজি হয়নি। আমার অভিব্যক্তিও পছন্দ হয়েছে পরিচালকের।রাজীবের সঙ্গে অমিতাভ ভাইয়ের কানাকানির মাজেজা হাতেনাতে বুঝতে পারলাম তখনই। অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ