
৮ মার্চ। সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। ‘উত্তম গান’। মহানায়ক উত্তমকুমার অভিনীত বিভিন্ন ছবির গান গাওয়া হবে। আর গানগুলোয় কণ্ঠ দেবেন বাংলাদেশের শিল্পীরা। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ। পরিচালনাও করছেন তিনিই। এই অনুষ্ঠানে সেদিন আমন্ত্রিত হয়ে এসেছিলেন টিভি, চলচ্চিত্র, সংগীতসহ বিভিন্ন মাধ্যমের শ খানেক অতিথি। তাঁদের সবাই ছিলেন সাদা রঙের পোশাকে। কারণ, আমন্ত্রণপত্রে তেমনটাই বলা হয়েছিল।
অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। সবাই অবাক! মঞ্চে এলেন উত্তমকুমারের খুব কাছের একজন। তিনি সুপ্রিয়া দেবী। পুরো অনুষ্ঠানের মধ্যমণি। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কলকাতা থেকে ৬ মার্চ সন্ধ্যায় ঢাকায় এসেছেন। অনুষ্ঠানে গান করলেন রফিকুল আলম, সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, কনকচাঁপা, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, মনির খান, ঝিলিক, কোনাল, ইমরান আর আলিফ। গানের ফাঁকে ফাঁকে উত্তমকুমারকে নিয়ে স্মৃতিচারণা করেন সুপ্রিয়া দেবী। সঞ্চালনা করেন সৈয়দ শামসুল হক। দুই ঘণ্টার অনুষ্ঠানটি ধারণ করা হলো। শিগগিরই তা দেখানো হবে চ্যানেল আইয়ে।
৯ মার্চ বিকেলে কলকাতায় ফিরে যান সুপ্রিয়া দেবী। দুপুরে তাঁর সঙ্গে কথা হলো গুলশান ক্লাবে, ৩০৮ নম্বর কক্ষে। এই কক্ষেই ছিলেন তিনি।
কিছুক্ষণ পরই বিমানবন্দরের উদ্দেশে বেরোতে হবে। খাটে বসে নিজেই স্যুটকেস গোছাচ্ছেন। পরিচয় দিতেই সহযোগী রেশমী মিত্রকে ডাকলেন। আদরমাখা কণ্ঠে বললেন, ‘ছেলে দুটোকে বসতে দাও।’
: কেমন আছেন?
: ভালো নেই। বয়স হলে অনেক কিছুই হয়, জানো তো? কিছু খেলেই পেটে খুব গোলমাল হয়। জার্নির ধকল আর সইতে পারি না। বয়স তো আর কম হলো না, ৮১। আর কত?
: কী বলছেন? আপনি দর্শকদের কাছে এখনো সেই...
: কিশোরী মেয়ে? বুড়ি হইনি? হা হা হা।
সুপ্রিয়া দেবীর বাবা-মা দুজনই বাংলাদেশের। বললেন, ‘আমার মামার বাড়ি নারায়ণগঞ্জে আর ফরিদপুরের নড়িয়ায় (এখন শরীয়তপুরের) বাবার বাড়ি।’
তবে নিজের ব্যাপারে বললেন, ‘আমি বার্মার মেয়ে। জন্মেছি বার্মায়। শহরটার নাম মেকিনা। আমাদের সব ভাইবোনের জন্ম সেখানেই। বাবা ছিলেন আইনজীবী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা কলকাতায় চলে আসি। এখনো মনে আছে, অনেক রাস্তা হাঁটতে হয়েছিল।’ ‘উত্তম গান’ অনুষ্ঠানের প্রসঙ্গ উঠতেই বললেন, ‘বুকটা কষ্টে ভরে গিয়েছিল। তোমাদের দাদাকে (উত্তমকুমার) নিয়ে কিছু বলতে গেলেই এখনো বুকের ভেতর থেকে কান্না বেরিয়ে আসে। তিনি কত আগে চলে গেছেন। ৩৫ বছর হলো।’

সুপ্রিয়া দেবী বললেন, ‘উত্তমকুমার তো আমাদের বাসায় প্রায়ই আসতেন। মেজদা, সেজদার সঙ্গে আড্ডা দিতেন। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, ওই বাড়িওয়ালার বাসায় গানের অসর বসল। একটা ছেলে গান গাইছে। সেই কী গানের গলা! গান শেষে আমি বললাম, এখানে কেন? তুমি তো বাইরে প্যান্ডেল টানিয়ে গাইতে পারো। ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল, “এই মেয়েটা কে রে? এত ট্যাক ট্যাক করে?” আমার বয়স তখন ১১ আর ছেলেটির ১৮ কিংবা ১৯ হবে। এই ছেলেটিই উত্তমকুমার।’
উত্তমকুমারের সঙ্গে সুপ্রিয়া দেবী প্রথম অভিনয় করেন নির্মল দের বসু পরিবার ছবিতে। ওটাই ছিল সুপ্রিয়া দেবীর প্রথম ছবি। তিনি বললেন, ‘শুটিংয়ের ফাঁকে উত্তমকুমার আমাকে বললেন, “অ্যাই, তুমি সেই মেয়েটা না?” আমি বললাম, হ্যাঁ, আমিই সেই মেয়ে।’
এরপর ধীরে ধীরে উত্তমকুমার আর সুপ্রিয়া দেবীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সুপ্রিয়া বললেন, ‘তিনি তো বিবাহিত ছিলেন। একদিন ছবির শুটিং শেষে আমার বাড়ি চলে এলেন। ওই যে এলেন, আর গেলেন না।’
উত্তমকুমারের পছন্দের খাবার প্রসঙ্গে বললেন, ‘আমার মা বাংলাদেশের মেয়ে। তাঁর রান্নার হাত কিন্তু চমৎকার ছিল। অনেকেই বলেন, আমিও নাকি মায়ের মতোই রাঁধতে পারি। উত্তমকুমারও আমার রান্নার ভীষণ ভক্ত ছিলেন। সব খাবারই ভালোবাসতেন, বেশি পছন্দ করতেন পোস্ত। আমার হাতের খাবার খেয়ে বলতেন, “মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি।” তিনি খুব স্বাস্থ্যসচেতন ছিলেন। ভোর চারটায় উঠে দৌড়াতে যেতেন। আমাকেও সঙ্গে নিতেন। সেই থেকে আমারও ব্যয়াম করার অভ্যাস হয়ে গেছে। এখনো করি।’
বাংলাদেশে আরও দুবার এসেছেন সুপ্রিয়া দেবী। বললেন, ‘বাংলাদেশের রাজ্জাক, ববিতা আর শাবানাকে চিনি। তাঁদের সঙ্গে বিভিন্ন সময় কথা হয়েছে। ববিতার অশনি সংকেত ছবিটি দেখেছিলাম। সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন।’
বাংলাদেশের জামদানি সুপ্রিয়া দেবীর খুব প্রিয়। বললেন, ‘একটি পেয়েছি উপহার। এ ধরনের আরও কয়েকটি শাড়ি কেনার ইচ্ছা ছিল।’
এরই মধ্যে ১৭ মিনিট হয়ে গেছে। সুপ্রিয়া দেবীকে তৈরি হতে হবে, মনে করিয়ে দিলেন রেশমী মিত্র। বিদায় নেওয়ার সময় সুপ্রিয়া দেবী বললেন, ‘মামার বাড়ি আর বাবার বাড়ি দেখার খুব ইচ্ছা ছিল। যাওয়া হলো না। অনেক বয়স হয়েছে, জানি না আর আসতে পারব কি না।’