
আমার যত দোষ
আমি সোজা-সাপটা চলতে পছন্দ করি। আমার যখন যেটা ভালে মনে হয়, তা-ই করি। অন্যের পরামর্শ নিয়ে কাজ করলে অনেক সময় ভালো হবে জেনেও আমি এটা করি না। আমি স্রেফ একরোখা—এটাকে আমার দোষই বলা যায়।
স্বভাবে আমি আড্ডাবাজ। আমার কাছে মনে হয়, আড্ডাই আসল, বাকি সব মিথ্যা—বন্ধুদের আড্ডাতেই প্রশান্তি! তাই আড্ডায় বসলে সময় কীভাবে পার হয়, টের পাই না। এমনকি কোনো কোনো সময় রাতও শেষ। পরের দিন যে শুটিং, তা আর মাথাতেই থাকে না। তাই মাঝেমধ্যে সকালের শুটিংয়ে তালগোল পাকিয়ে যায়। এটা আমার বড় দোষ। তবে এখন অনেকখানি কাটিয়ে উঠেছি।
এই রে, নিজের আর কোনো দোষ তো খুঁজে পাচ্ছি না! মনে হচ্ছে, সবই তো আমার গুণ—হা হা হা...। না, এই যে নিজের সবকিছুকে ‘গুণ’ ভাবছি, এটাই আমার বড় দোষ, বুঝলেন!
আমার যত গুণ
বন্ধুবান্ধব ও পরিচিতজনদের সঙ্গে অনেক সময় আমার মনমালিন্য হয়। কিন্তু এই মনমালিন্য বেশিক্ষণ স্থায়ী হয় না। নিজেই এগিয়ে গিয়ে বলি, বন্ধু কী খবর বল। রাগঢাক ততক্ষণে চুরমার!
আমি নিজেকে খুবই সহনশীল মনে করি। আমার এ বয়সে দর্শকের এত ভালোবাসা, এত প্রাপ্তির পরও আমি কিন্তু এলোমেলো বাতাসে ভেসে যাইনি। আমার কোনো পথ-বিচ্যুতি হয়নি। বলতে পারেন, এ বিষয়ে হানড্রেডে হানড্রেড! এটা তো আমার গুণই, তাই না?
আমি নিজের প্রতি দায়িত্বশীল। একইভাবে আমার পরিবারের প্রতিও। আর ব্যক্তিজীবন ও পরিবার ডিঙিয়ে দেশ নিয়ে ভাবনাও মাথায় খেলা করে সব সময়। পরিবারের মতো দেশটাও আমার নিজের। আমি একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক—এটা আমার একটা গুণ।
গ্রন্থনা: শফিক আল মামুন