আমি হারমানের ভালোবাসায় ডুবে আছি: বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা-হারমান
বিপাশা-হারমান

প্রেমের কথা অস্বীকার করাটাই বলিউডের প্রেমের চিরায়ত রীতি। তবে এক্ষেত্রে উল্টো পথেই যেন হাঁটছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বাসু এবং ‘লাভ স্টোরি ২০৫০’ তারকা হারমান বাওয়েজা। এই জুটির প্রেম নিয়ে অনেক দিন ধরেই বলিউডে জোর গুঞ্জন। শুরু থেকে মুখে কুলুপ এঁটে রাখলেও সপ্তাহ খানেক আগে জনসমক্ষে বিপাশার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন হারমান। পরে বিপাশাও হারমানকে মনের মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি হারমানের ভালোবাসায় ডুবে আছি।’
হারমানের সঙ্গে প্রেমের কথা সবাইকে জানানোর জন্য সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারকে বেছে নেন বিপাশা। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লেখেন, ‘আমি স্পষ্ট করে সত্য কথাটাই বলছি। হ্যাঁ, আমি আর হারমান প্রেমিক যুগল। আমি হারমানের ভালোবাসায় ডুবে আছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিপাশা আরও লেখেন, ‘শেষ পর্যন্ত এমন একজন মনের মানুষের সন্ধান আমি পেয়েছি যাঁর মানবিক গুণাবলি আমার চেয়ে অনেক বেশি উন্নত। পবিত্র এ ভালোবাসা পেয়ে নিজেকে আশীর্বাদপুষ্ট ও সৌভাগ্যশালী মনে করছি।’
অথচ টুইটারে হারমানকে মনের মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ার মাত্র এক দিন আগেই এক সংবাদ সম্মেলনে হারমানের সঙ্গে প্রেমসংক্রান্ত প্রশ্নের জবাবে বিপাশা বলেছিলেন, ‘আইফা পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার জন্য আমি যুক্তরাষ্ট্র যাচ্ছি। সেখানে আমি একাই যাচ্ছি। আমি এখনো একজন কাঙ্ক্ষিত ব্যাচেলরের অপেক্ষায় আছি, যে আমাকে প্রেমের প্রস্তাব দেবে।’
এমন মন্তব্যের পরদিনই বয়সে দুই বছরের ছোট হারমানকে প্রেমিক বলে ঘোষণা দেন বিপাশা। এর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও অনেকের ধারণা, বিপাশার সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকার করার পরও প্রেমিকার কাছ থেকে এমন মন্তব্য ঠিক হজম করতে পারেননি হারমান। প্রেমিকের মন রক্ষা করতে তাই এক দিন পরই জনসমক্ষে হারমানকে মনের মানুষ বলে স্বীকৃতি দেন ৩৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

সপ্তাহ খানেক আগে এক সাক্ষাৎকারে বিপাশার সঙ্গে প্রেম করছেন কি না, জানতে চাইলে অকপটে তা স্বীকার করে নেন হারমান। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা প্রেম করছি। আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিনের অনুষ্ঠানে। তার আগে আমাদের জানাশোনা থাকলেও সেবারই প্রথম সামনাসামনি হই আমরা। প্রথম দেখাতেই বিপাশাকে ভালো লেগে যায়। ভালো লাগার মতোই মেয়ে সে। আমাদের চলচ্চিত্রশিল্পে অনেক আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকলেও আমার চোখে কেউই বিপাশার মতো এত বেশি আকর্ষণীয় নয়।’
হারমান আরও বলেন, ‘প্রথম দেখার পর থেকে আমাদের সখ্য বাড়তে থাকে। আমরা কথা বলা শুরু করি। ধীরে ধীরে তা বাড়তে থাকে। একটা সময়ে যতটুকু কথা বলার প্রয়োজন, তার চেয়ে বেশিই বাতচিৎ হতে থাকে আমাদের মধ্যে। এখনো আমরা ক্রমাগত কথা বলে যাচ্ছি। আমাদের ভেতর অনেক বিষয়ে মিল খুঁজে পেয়েছি আমরা। মূলত এ কারণেই আমাদের মধ্যে সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠেছে।’
নানা বিষয়ে বিপাশার ভূয়সী প্রশংসাও করেন হারমান। তাঁর মতে, ‘বিপাশা সৎ, সাদাসিধে এবং প্রচণ্ড সময়সচেতন একজন নারী। সে অনেক বেশি ভালোবাসাপ্রবণ ও যত্নশীল। তার ভেতর-বাহির একই রকম। সে কোনো রকম ভনিতা করতে জানে না। বাস্তবতাকে মেনে নেওয়ার দারুণ এক শক্তি রয়েছে তার ভেতর। মানসিকভাবেও সে যথেষ্ট শক্তিশালী।’
বিপাশার সঙ্গে নানা বিষয়ে মিলের কথা জানাতে গিয়ে হারমান বলেন, ‘আমার মতো বিপাশাও ভোজনরসিক। নৈতিকতার দিক থেকেও আমাদের মধ্যে মিল রয়েছে। আমরা দুজনই মনে করি, সবার ভেতরেই নীতিবোধ থাকা উচিত। বিপাশা তার পরিবার ও বন্ধুদের প্রতি অনেক বেশি যত্নশীল এবং আবেগপ্রবণ। তাদের ঘিরেই বিপাশার পুরো জগৎ। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই।’
অবশ্য নিজেদের মধ্যে কিছু কিছু বিষয়ে অমিলের কথাও জানান হারমান। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘শরীর ফিট রাখার বাতিক আছে বিপাশার মধ্যে। সেটা একটু বাড়াবাড়ি রকমের বলা যায়। আমি স্বাস্থ্যসচেতন, তবে ফিট থাকতে বিপাশার মতো এত বেশি উদগ্রীব নই। বিপাশার সময়ানুবর্তিতার কোনো তুলনা হয় না। কিন্তু আমি একদমই সময়সচেতন নই। বিভিন্ন জায়গায় পৌঁছতে প্রায়ই আমার দেরি হয়ে যায়। আবেগের জায়গা থেকে আমরা দুজনই যথেষ্ট দুর্বল। অল্পতেই অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা। তার পরও এ ক্ষেত্রে কানার রাজ্যে আমিই রাজা। আবেগের জায়গা থেকে আমি বিপাশার চেয়ে বেশি শক্তিশালী।’
হারমানের আগে বলিউডের আরও দুই অভিনেতার সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন বিপাশা। ‘রাজ’ ছবির সহ-অভিনেতা দিনো মোরিয়ার সঙ্গে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ছয় বছর প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে পেরেছিলেন বিপাশা। এরপর তাঁর জীবনে আসেন জন আব্রাহাম। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘জিসম’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন জন-বিপাশা। নয় বছর চুটিয়ে প্রেম করেছে এ জুটি। দীর্ঘদিন এক ছাদের নিচেও বসবাস করেছেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি তাঁদের প্রেম। ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন জন ও বিপাশা।
চলতি বছরের শুরুর দিকে প্রিয়া রাঞ্চালের সঙ্গে বিয়ের খবর নিশ্চিত করেন বিপাশার সাবেক প্রেমিক জন আব্রাহাম। দুই মাস না পেরোতেই এবার হারমানকে মনের মানুষ হিসেবে স্বীকৃতি দিলেন বিপাশা। শোনা যাচ্ছে, এ বছরই বিয়ের পরিকল্পনা রয়েছে হারমান ও বিপাশার।