আমি হূদয়ের কথা বলিতে ব্যাকুল
গতকাল ছিল ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তি। বিশ্বকবির জন্মদিনে রবীন্দ্রসংগীত ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন পাপিয়া সরোয়ার‘রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জন্মদিনটা কীভাবে উদ্যাপন করতেন আর তখন শান্তিনিকেতনে তাঁকে ঘিরে কেমন আয়োজন হতো—তা গুরুজনদের কাছ থেকে জেনেছিলাম। আমি শান্তিনিকেতনে ছিলাম চার বছর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম। কিন্তু এই চার বছরে একবারও সেখানে পঁচিশে বৈশাখের দিন থাকতে পারিনি। পরীক্ষা শেষ হওয়ার পর বৈশাখের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যেত। গ্রীষ্মের ছুটি। আমি ঢাকায় চলে আসতাম।’ বললেন পাপিয়া সারোয়ার। ১৯৭৩ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যান পাপিয়া সারোয়ার। জানালেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান। গতকাল বুধবার ছিল পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবার এই দিনটি উপলক্ষে প্রায় কাছাকাছি সময়ে এসেছে পাপিয়ার দুটি অ্যালবাম। দুটিই রবীন্দ্রসংগীতের। ঢাকার জি সিরিজ থেকে পূর্ণ চাঁদের মায়ায় আর কলকাতার সারেগামা থেকে আকাশ পানে হাত বাড়ালেম। কথা হলো দেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের সঙ্গে, ধানমন্ডিতে তাঁর বাসায়, রোববার সন্ধ্যায়।আবারও শান্তিনিকেতনের গল্প। শান্তিনিকেতনের কথা উঠতেই পাপিয়ার চেহারাটা খুশিতে ভরে ওঠে। বললেন, ‘যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের সবাই তখন যুক্ত ছিলেন বিশ্বভারতীর সঙ্গে। তাঁদের কাছে কখনো গান শেখার সুযোগ পাব—তা ছিল আমার কাছে স্বপ্ন। একদিন সেই স্বপ্ন বাস্তব হয়ে যায়। শান্তিনিকেতনে যাওয়ার পর মনে হলো—ওখানে আকাশ-বাতাস আর গাছপালার সঙ্গে গান মিশে আছে।’এখনো স্মৃতিতে জ্বলজ্বল করছে শান্তিনিকেতনের সেই দিনগুলো। বললেন, ‘আমি ছিলাম আন্তর্জাতিক ছাত্রী হোস্টেলে। সেখানে যাওয়ার পর আমাকে দেখতে এলেন কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেনসহ আরও অনেকে। বাংলাদেশের মেয়ে বলে আমার প্রতি ছিল সবার অন্য রকম স্নেহ। কীভাবে থাকছি, কী খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে কি না—সবকিছুর খোঁজখবর নিতেন।’কথা প্রসঙ্গে ফিরে যাই পাপিয়ার ছোটবেলার সেই দিনগুলোতে। জানালেন, তাঁরা ছিলেন সাত বোন আর এক ভাই। পাপিয়া ছিলেন পঞ্চম। তখন কচিকাঁচার মেলার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে শিখতেন ছবি আঁকা। খুব মনে আছে, তখন তাঁদের ছবি আঁকা শেখাতেন হাশেম খান। এখন আর ছবি আঁকার দিকে মন নেই পাপিয়ার। তবে বললেন, ‘ছবি আঁকা শেখাটা আমার পরবর্তী জীবনে অনেক কাজে লেগেছে। যখন গান গাইতে বসি, তখন সেই গানের কথা ও সুর আমার মনের মাঝে একটা ছবি তৈরি করে। সেই ছবির মধ্য দিয়ে আমি গানের রূপটা বেশ দেখতে পাই। তাই পরিবেশনের চিত্রটাও পাল্টে যায়।’সেই পাকিস্তান আমলে পাপিয়াদের বাসায় গান শেখার জন্য ছিল অনুকূল পরিবেশ। জানালেন, বোন রানু রেজার আগ্রহেই তিনি গান গাওয়া শুরু করেন। এরপর গান শিখেছেন ছায়ানট ও বুলবুল ললিতকলা একাডেমীতে। সেই ১৯৬৭ সাল থেকেই টেলিভিশন ও রেডিওতে নিয়মিত গান করেন পাপিয়া। কিন্তু তখন তিনি গাইতেন নজরুলসংগীত আর আধুনিক গান। রবীন্দ্রসংগীত গাওয়ার সুযোগ পেলেন মুক্তিযুদ্ধের পর, ১৯৭২ সালে। রেডিওতে আবদুল আহাদ তাঁকে দিয়ে প্রথম রেকর্ড করালেন রবীন্দ্রসংগীত ‘না সজনী না’ আর ‘আমি হূদয়ের কথা বলিতে ব্যাকুল’। রবীন্দ্রসংগীত গাওয়ার সুযোগ পান টিভিতেও। শান্তিনিকেতন থেকে ছুটিতে যখন দেশে আসতেন, তখন রেডিও আর টিভির জন্য অনেকগুলো গান রেকর্ড করতেন। সেগুলোই পরে প্রচার করা হতো।পাপিয়া সারোয়ারের প্রথম অডিও অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮২ সালে, নাম পাপিয়া সারোয়ার। পাপিয়া বললেন, ‘দুঃখজনক হলো, ওই অ্যালবামটি ছিল নকল। আমার গাওয়া গান রেডিও থেকে সংগ্রহ করে তা প্রকাশ করা হয়। তবে আমি ক্যাসেটের জন্য প্রথম গান রেকর্ড করি পরের বছর। সারগাম থেকে বেরিয়েছিল অ্যালবামটি। নাম ছিল রবীন্দ্রসংগীত।’এবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাংলা একাডেমী থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ পেলেন পাপিয়া সারোয়ার ও করুণাময় গোস্বামী। গতকাল বুধবার বিকেলে বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।পাপিয়া সারোয়ার বললেন, ‘বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে এ পর্যন্ত অসংখ্য পুরস্কার আর পদক পেয়েছি। গান গাইছি সেই ১৯৬৭ সাল থেকে। তবে এবারই প্রথম সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পেলাম। ভালোই লাগছে।’পাপিয়া জানান, এখন তিনি ব্যস্ত তাঁর সংগঠন গীতসুধা নিয়ে। শনিবার আর বৃহস্পতিবার সন্ধ্যার পর হাতে তেমন কোনো কাজ রাখেন না। গীতসুধার ছেলেমেয়েদের নিয়ে বসেন। রবীন্দ্রসংগীতের চর্চা করেন। বললেন, ‘আমার মাঝে যেমন গুরুদের কাছ থেকে নেওয়ার প্রচণ্ড আগ্রহ ছিল, এখন আর তেমনটি দেখি না। সবাই অনেক ব্যস্ত। কারও মধ্যেই নেওয়ার তেমন আগ্রহ নেই।’