এনজি শট মানে ‘নট গুড শট’। তারকারা হরহামেশাই এনজি শটের মুখে পড়েন। কখনো সেই অভিজ্ঞতা বিরক্তিকর, কখনো মজার, কখনো বা মধুর—এই বিভাগে শুনুন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারকাদের নানা রঙের স্মৃতি... মিডিয়ায় চেনাজানা অনেকেই আমাকে বলেন ‘এনজি আর্টিস্ট’! তবে যে অর্থে এনজি শট মানে ‘নট গুড শট,’ সেই অর্থে নয়—তাঁদের কাছে এই এনজির মানে হলো ‘নন গ্লামারাস’। তাঁরা আমাকে ‘এনজি আর্টিস্ট’ নামে ডেকে ব্যাখ্যা করেন এভাবে যে আমি নাকি ‘নন গ্লামারাস আর্টিস্ট’। কারণ, আমি তেমন সাজগোজ করি না, অনেক সময় আমি মেকআপ ছাড়াই অভিনয় করি...ইত্যাদি ইত্যাদি।অভিনয় করতে গিয়ে শট এনজি কার না হয়, আমিও এর ব্যতিক্রম নই। তবে আমি সব সময় যথাসম্ভব কম এনজি দিতে চেষ্টা করি। শট এনজি হওয়ার চেয়ে আমি বেশি ভয়ে থাকি গুণী কোনো অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয়ের সময়—সে সময় আমার হাঁটু কাঁপা শুরু হয়। মনে হয়, অভিনয় করতে গিয়ে আমি যদি ভুল করি; তিনি যদি আমাকে বকা দেন।একবার গোলাম মুস্তাফার সঙ্গে একটি নাটকে অভিনয় করছিলাম। তো, নাটকের একটি দৃশ্যে গোলাম মুস্তাফাকে আমি ‘নাশতা খাও’ এ ধরনের একটি সংলাপ বলব। কিন্তু অভিনয়ের আগ মুহূর্তে আমার ভেতরে দেড় টাকা পাঁচ সিকি শুরু হয়ে গেল। ভাবলাম, আমি যে তাঁকে সংলাপটি বলব; তিনি যদি আমার উচ্চারণে কোনো ভুল খুঁজে পান, লজ্জায় মাথা কাটা যাবে তখন। তাই আমি আমার সংলাপ থেকে ‘নাশতা’ শব্দটি বেমালুম তুলে দিলাম। এর পরিবর্তে সংলাপ দিতে গিয়ে গোলাম মুস্তাফাকে বললাম, ‘এই নাও, খাও’—এই জাতীয় শব্দ। মানে ভাববাচ্যে কাজ চালানো আর কি।এক টেকে শট ওকে হলো। ততক্ষণে বন্ধ হয়েছে আমার হাঁটু কাঁপাকাঁপি। গোলাম মুস্তাফা তো আমার উচ্চারণ নিয়ে কোনো ভুল ধরেননি, শট তো এনজি হয়নি—আমার খুশি দেখে কে!সাধারণত কোনো শব্দে আটকে গেলে আমার এনজি হয়। আমি তখন প্রথমে পরিচালক, তারপর ক্যামেরাশিল্পীর দিকে তাকাই। এরপর পরিচালক ‘কাট’ বলার আগেই আবার প্রথম থেকে শটটি দেওয়া শুরু করি।কয়েক বছর আগের কথা। প্রভাষক থেকে প্রফেসর নামে নাহিদ আহমেদ পিয়ালের একটি নাটকের শুটিং করছিলাম। এখনকার মতো তখন ছিল রোজার মাস—ইফতারের ঠিক আগের মুহূর্ত। পরিচালক বললেন, পাঁচ মিনিটের মধ্যে এই দৃশ্যটি শেষ করে আমরা ইফতার করব।দৃশ্যটি ছিল এমন, আমি প্রথম সিঁড়ি বেয়ে উঠব, একটি সিঁড়ির ওপর দাঁড়াব, লাইট নেব। তারপর সংলাপটি বলব। ক্যামেরা প্রস্তুত। আমিও প্রস্তুত। সিঁড়ি বেয়ে উঠলাম, দাঁড়ালাম, লাইট নিলাম। এরপর সংলাপ দিতে গিয়ে একটি শব্দে গেলাম আটকে। একবার, দুইবার...প্রত্যেকবারই ওই শব্দে এসে আটকে যাচ্ছি। পরিচালক ‘কাট’ বলার আগে আবার প্রথম থেকে শুরু করছি দৃশ্যটি। আমার ওপর তখন পরিচালক বিরক্ত হবেন কী, আমি তো নিজেই নিজের ওপর বিরক্ত।পরে অবশ্য শটটি ওকে হয়েছিল।আমি একসময় ঢাকার উত্তরায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতাম। অনেক নাটকের শুটিংও সে সময় উত্তরায় করেছি। ফলে হতো কী, শুটিংয়ের সময় আমার ছাত্রছাত্রীরা চলে আসত। আমি হয়তো শট দিচ্ছি। দূর থেকে ক্যামেরা আমার ওপর তাক করা। ওরা তো সেটি জানত না। ফলে শটের মধ্যে কোনো কোনো ছাত্র আমাকে এসে বলত, স্লামালেকুম ম্যাডাম—এমন অনেকবারই ঘটেছে। তখন শট এনজি না হয়ে উপায় কী!আসলে ‘এনজি আর্টিস্ট’-এর এনজি শটের কাহিনি লিখতে গেলে রাত ফুরিয়ে যাবে। তাই আপাতত ইস্তফা। অনুলিখন আ. শা.