আমিই ‘নাম্বার ওয়ান’: শাহরুখ
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে না পারলেও বেশ আত্মবিশ্বাসী বলিউডের অভিনেতা শাহরুখ খান। আর এই আত্মবিশ্বাসের জোরে শাহরুখ খান ঘোষণা করেছেন বলিউডে তিনিই ‘নাম্বার ওয়ান’। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সম্প্রতি শাহরুখ খান তাঁর মুক্তি প্রতীক্ষিত ‘রা. ওয়ান’ ছবির প্রোমোর প্রকাশনা অনুষ্ঠানে এক নম্বর বলিউড তারকা হিসেবে ঘোষণা দেন। প্রকাশনা অনুষ্ঠানে তিনি এও জানান, ছবিতে তিনি সুপার হিরো ‘জি ওয়ান’ নামের চরিত্রে অভিনয় করেছেন।‘জি ওয়ান’ নামের চরিত্রটি সম্পর্কে জানতে চাইলে শাহরুখ বলেন, ‘আমার স্ত্রী গৌরির “জি” এবং বলিউডে আমার এক নম্বর অবস্থান বোঝাতে “ওয়ান”। দুই মিলিয়ে ছবির সুপার হিরোর নামকরণ করা হয়েছে—জি ওয়ান।’শাহরুখ আরও বলেন, ‘রা. ওয়ান’ পুরোপুরি একটি পারিবারিক ছবি। বাবা-ছেলের ভালোবাসার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে।জানা গেছে, ছবিটি মুক্তি পেতে এখনো নয় মাস বাকি।