আমিও ব্যর্থ হতে পারি: শাহরুখ
‘আমার এ উপলব্ধি হয়েছে যে আমিও ব্যর্থ হতে পারি।’ সম্প্রতি মুম্বাইয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে নিজের এই অনুভূতির কথা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। পঞ্চম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বিরাট সাফল্যের পর এটাই তাঁর প্রথম সংবাদ সম্মেলন।শাহরুখ বলেন, ‘এই তিক্ত অভিজ্ঞতা আমাকে এই শিক্ষা দিয়েছে যে ব্যর্থতা জীবনেরই অংশ। গত পাঁচ বছরে আমি বদলে গেছি। উপলব্ধি করেছি যে আমিও ব্যর্থ হতে পারি। ব্যর্থতার মুখোমুখি হইনি, তা বলব না। তবে ব্যর্থতা আমাকে বিনয়ী করেছে। আরও একটা সত্যি হলো, সাফল্য ও ব্যর্থতা—কোনোটাই স্থায়ী নয়।’ গত কয়েক মাস ভালো যায়নি শাহরুখের। নিজ প্রতিষ্ঠান থেকে নির্মিত রা.ওয়ান ছবি ভালো ব্যবসা করেনি। পরিচালক শিরীষ কুন্দরের সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটেছে। আর আইপিএল শেষ হওয়ার পর প্রিয়াঙ্কার সঙ্গে মেলামেশা বন্ধ করতে স্ত্রী গৌরী সতর্ক করেছেন শাহরুখকে। আইএএনএস।