আমিন খান তিন নায়িকার এক নায়ক
এই প্রথম তিন নায়িকার সঙ্গে কাজ করছেন ঢাকার সিনেমার প্রথম সারির নায়ক আমিন খান। শেখ মো. আসলামের পরিচালনায় ছবিটির নাম ‘গরিবের দাম অনেক বেশি’। ছবিতে আমিন খানের বিপরীতে যে তিন নায়িকা অভিনয় করছেন, তাঁরা হলেন পূর্ণিমা, নিপুণ ও নবাগত সানাই। ছবিতে আমিন খানকে গরিব পরিবারের প্রতিবাদী যুবক হিসেবে দেখানো হয়েছে। পুরো ছবিতে তিনি গরিবের বিভিন্ন অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করতে থাকেন।ছবিটিতে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘খুব চমত্কার একটি গল্পের ছবি এটি। ছবিটিতে কাজ করতে গিয়ে যেমন পরিশ্রম করতে হচ্ছে, তেমনি বেশ কিছু মজার ঘটনাও ঘটছে। এই প্রথম কোনো ছবিতে আমাকে একই ফ্রেমে তিন নায়িকার সঙ্গে তিন রূপে অভিনয় করতে হয়েছে, যা আসলে খুবই কষ্টসাধ্য। তা ছাড়া এটি আমার জন্য নতুন অভিজ্ঞতাও বটে। এর আগে কখনো আমি এ রকম কোনো ছবিতে অভিনয় করিনি।’ছবিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘ছবিটিতে কাজ আমার জন্য বেশ কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। এখানে আমরা তিন বোন। আমাদের তিনজনের সঙ্গেই আমিন ভাইয়ের প্রেম থাকে, যা নিয়ে বেশ বিপদে পড়তে হয় আমিন ভাইকে। তা ছাড়া এটি পূর্ণিমা আপুর সঙ্গে আমার প্রথম ছবি। তাই তাঁর সঙ্গে কাজ করতে পেরে খুব ভালোও লাগছে। ছবিটিতে কাজ করতে এসে পূর্ণিমা আপু এবং আমিন ভাইয়ের কাছ থেকে নতুন অনেক কিছু শিখতে পারছি। উনারা আমাকে বিভিন্ন বিষয়ে যথেষ্ট সহযোগিতাও করছেন। ছবিটিতে কাজ করতে এসে আমাকে মারামারির দৃশ্যে অভিনয় করতে হচ্ছে, যা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা।’