আমিন খানের ওশান ব্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিন খান
আমিন খান

রুপালি পর্দায় দেশের জনপ্রিয় অভিনেতা আমিন খান। বড় পর্দার পাশাপাশি মাঝে মাঝে টিভি নাটকেও দেখা যায় তাঁকে। আগামী ঈদের জন্য ‘ওশান ব্লু’ নামের একটি নাটকে তিনি অভিনয় করছেন। নাটকটি লিখেছেন হাবিব জাকারিয়া উল্লাস এবং পরিচালনা করছেন অনন্য ইমন। নাটকটিতে আমিন খানের সহ-অভিনেত্রী শশী।
এ প্রসঙ্গে আমিন খান বলেন, ‘নাটকটির গল্প এককথায় অসাধারণ। সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প। ভালোবাসার মানুষকে খোঁজার মধ্যে একধরনের আনন্দ কাজ করে। নাটকটির গল্পের মতো বাস্তবেও যদি এ রকম হতো আমি শুধু এক বছর নয়, ১০ বছর পর্যন্ত অপেক্ষা করতে চাইতাম। ভালোবাসার মানুষটির জন্য তখন প্রেম, আবেগ, অনুভূতি আরও তীব্র হতো।’ এ ধরনের ভালো গল্প পেলে ঈদের জন্য আরও নাটকে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছেন জনপ্রিয় এ অভিনয়শিল্পী।
‘ওশান ব্লু’ নাটকের গল্পে, একটি ছেলে কক্সবাজারে একটি মেয়েকে দেখার পর প্রেমে পড়ে যায়। কিন্তু মেয়েটার পরিচয় সে জানতে পারে না। ঢাকায় ফেরার পর ফেসবুকে মেয়েটাকে খুঁজে পায় সে। তারপর সে অপেক্ষা করতে থাকে কবে মেয়েটিকে তার মনের কথা বলতে পারবে। এক বছর পর হঠাত্ একদিন মেয়েটি ফেসবুকে স্ট্যাটাস দেয়, সে কক্সবাজারে যাচ্ছে। ছেলেটি স্ট্যাটাস দেখার পর কক্সবাজারে যায়। তারপর ঘটতে থাকে মজার সব ঘটনা।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ওশান ব্লু’ নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।